চিঠিপত্র
চামড়া প্রযুক্তিবাংলাদেশ কলেজ অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি দেশে চামড়াবিষয়ক শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে একঝাঁক মেধাবী শিক্ষার্থী পড়াশোনা করেন। এখান থেকে পাস করা শিক্ষার্থীরা তাঁদের কাজের মাধ্যমে চামড়াশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু দুঃখের বিষয়, এ কলেজে নির্দিষ্ট সময়ে চার বছরের বিএসসি কোর্স সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এর প্রধান কারণ হলো, বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম এ কলেজকে মেনে চলতে হয়। এ অবস্থায় শিক্ষার্থীরা সেশনজটের সম্মুখীন হন। তাই কলেজটিকে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষদের আওতায় রাখলে শিক্ষার্থীরা লাভবান হবেন। ফিরোজঢাকা।ছাত্ররাজনীতিবিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতির বিভিন্ন নেতিবাচক দিকগুলো শুধু লোকমুখে শুনতাম। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুবাদে বর্তমানে আমি এর ভয়াবহতার এক হতভাগা দর্শক। ছাত্ররাজনীতির জাঁতাকলে প্রাণ হারিয়েছে বহু মেধাবী শিক্ষার্থী। তাদের পরিবারগুলো কতটা ব্যথিত ও দিশেহারা, তা অনুভব করতে পারি। এই অসহায় মেধাবী সন্তানগুলো জিম্মি এ দেশের অসাধু রাজনীতিবিদদের হাতে। বছরের পর বছর অসংখ্য মেধাবী মুখ হারিয়ে যাচ্ছে এই ধারার ছাত্ররাজনীতির কারণে। তাঁদের বাবা-মায়ের স্বপ্নের সমাধি হচ্ছে এ ধরনের ছাত্ররাজনীতির বেলাভূমিতে। এ দেশের নীতিনির্ধারকদের কাছে আমার আকুল আবেদন, এই ধরনের রাজনীতি থেকে আমাদের মুক্তি দিন। মো. রফিকুল ইসলাম, শিক্ষার্থীশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।নোটবইসরকার মাধ্যমিক পর্যন্ত বিনা মূল্যে বই দেওয়ার পরিপ্রেক্ষিতে নোটবই বাজারজাত বন্ধ করতে যে পদক্ষেপ নিয়েছে, তাকে স্বাগত জানাই। নোটবই বাজারজাত বন্ধ করলে শিক্ষার্থীদের উপকার হবে। তবে, অনেকের জন্য সাময়িক অসুবিধাও তৈরি হবে। সাধারণত দেখা যায়, যে পরিবারের ছেলেমেয়েদের গৃহশিক্ষক রাখার ক্ষমতা নেই, তারা নোটবই কিনে পড়ত। তারা বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষা না পাওয়ার জন্যই নোটবইয়ের সহায়তা নিত। ক্লাসে নিয়মিত শিক্ষাদানের ব্যাপারে শিক্ষকেরা সচেতন থাকলে নোটবই ব্যবহারের প্রয়োজন পড়ার কথা নয়। তাই এদিকে লক্ষ রাখার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. এনামুল হকহাটহাজারী, চট্টগ্রাম।হল উদ্ধারঅনেক স্বপ্ন এবং তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে ভর্তি হয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এখানকার আবাসিক সমস্যার কারণে ছাত্রছাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এখানে ভর্তি হওয়ার পর শুনেছি, এখানকার বেদখলে থাকা ১২টি হল উদ্ধারের জন্য বিভিন্ন তত্পরতা চলছে। তা ছাড়া শুনেছি, নতুন হল তৈরির জন্য কেরানীগঞ্জে ৩০ একর জমি ক্রয় করা হয়েছে। কিন্তু এসব কথা যে কতটুকু সত্য এবং আদৌ এটা তৈরি করা হবে কি না, তা বুঝতে পারছি না। তা ছাড়া হলের ব্যাপারে কোনো আন্দোলন হলে প্রশাসন এটাকে বিভিন্ন অজুহাত দিয়ে এড়িয়ে যায়। কিন্তু এই আবাসিক সমস্যার কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে। যেখানে থাকতে হচ্ছে যেখানে পানি, বিদ্যুত্ ও গ্যাসের সার্বক্ষণিক অসুবিধা তো আছেই, তার ওপর এগুলো অনেক ব্যয়বহুল। এ ছাড়া অনেক গরিব ও মেধাবী ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পেয়েও আবাসিক সমস্যার কারণে ভর্তি হতে পারছেন না। হল থাকা সত্ত্বেও কেন আমরা এই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি? অতএব এখানকার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সংকটের কথা বিবেচনা করে অবিলম্বে হলগুলো উদ্ধার অথবা নতুন হল তৈরির জন্য দৃঢ় পদক্ষেপ কামনা করছি।বাসুদেব বালা, শিক্ষার্থীজগন্নাথ বিশ্ববিদ্যালয়।