চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি দৃষ্টিকটু প্রবণতাবাংলাদেশের যেকোনো টিভি প্রতিবেদনে দেখা যায়, প্রতিবেদকদের পেছনে একদল উত্সুক মানুষের মুখ। কাকে ধাক্কা দিয়ে কে সামনে আসবে এবং টিভিতে চেহারাটা দেখাবে, তার প্রতিযোগিতা দেখলে অবাক হতে হয়। এমনকি কখনো কখনো দেখা যায়, কর্তব্যরত কোনো পুলিশ কর্মী বা কর্তৃপক্ষ স্বাভাবিক কর্তব্য ফেলে রেখে মুখ বাড়িয়ে রাখছেন যেন টিভিতে তাঁদের দেখা যায়।একজন ভদ্রলোক বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন এক গ্রামের বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী উত্সবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একজন প্রতিমন্ত্রী। শুরুতে তাঁকে নিতে লোকজন এল এবং দুজনে পাশাপাশি এগিয়ে গেলেন। একসময় ভদ্রলোক দেখলেন, তিনি মানুষের ধাক্কায় অনেক পেছনে পড়ে গেছেন এবং অনেক লোক প্রতিমন্ত্রী মহোদয়ের পাশাপাশি হাঁটছে। প্রথমেই ছিল দুটো পতাকা উত্তোলনের বিষয়। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি দুজনে দুটি পতাকা উত্তোলন করবেন। কিন্তু ভদ্রলোক পতাকার কাছেই যেতে পারলেন না, সেখানে প্রতিমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আছে সাত-আটজন লোক। পেছন থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁকে পেছন থেকে ধাক্কা দিয়ে কোনো রকমে স্ট্যান্ডের শেষ প্রান্তে দাঁড় করিয়ে দিলেন। বলাবাহুল্য, প্রধান শিক্ষকও স্ট্যান্ডে দাঁড়ানোর কোনো সুযোগ পাননি।প্রতিদিনই ঘটছে এমন ঘটনা। এখানেই শেষ নয়! মঞ্চে প্রধান ব্যক্তির বক্তৃতার সময় দেখা যায় পেছনে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ। এমনকি কর্তব্যরত পুলিশ সদস্যও তাঁর কাজ ফেলে বক্তার পেছনে দাঁড়িয়ে থাকেন।সরকারি পর্যায়েও আমরা দেখি বক্তৃতারত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির পেছনে বা পাশে দাঁড়িয়ে আছেন বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী, মন্ত্রী, সাংসদের পাশে থাকার জন্য উত্সুক রাজনৈতিক কর্মীদের প্রতিযোগিতা ভীষণ দৃষ্টিকটু। বিষয়টি একদিকে খুবই ছোট বিষয় হলেও এটি আমাদের সামাজিক ও রাজনৈতিক চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ করে বলে এটিকে ছোট করে দেখার অবকাশ নেই।দৃষ্টিকটু অনেক কিছুই আছে আমাদের দেশে ও সমাজে। এসব যতটুকু কমিয়ে ফেলা যায়, ততটাই ভালো। বাংলাদেশ অনেক দিক দিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দিনবদলের পালা চলছে আমাদের। আমরা একদিন পৃথিবীর অনেকের কাছেই আমাদের বৈশিষ্ট্য দিয়ে উদাহরণ সৃষ্টি করব, এমনটাই আমাদের প্রত্যাশা।সুধীর সাহা, ঢাকা।