চিঠিপত্র
অর্পিত সম্পত্তিবহু প্রতীক্ষিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিল শেষ পর্যন্ত চূড়ান্ত হতে চলেছে—এটা আমাদের জন্য যেমন আনন্দের, তেমন সংশয়েরও বটে। সংশয় এ জন্য যে এটি চূড়ান্ত হলে যদি সাধারণের দুর্ভোগ না কমে বরং বেড়ে যাওয়ার আশঙ্কা। তাই যারা ভুক্তভোগী তাদের কথা বিবেচনা করে কিছু বিধিবিধান ওই বিলে সংযোজিত হলে জনগণ মামলা-মোকদ্দমা ও হয়রানি থেকে আশা করি রেহাই পাবে।প্রথমত, অর্পিত তালিকাভুক্ত সম্পত্তির মধ্যে কারা অবস্থান করছে তা শনাক্ত করার ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য ব্যবহার করতে হবে। অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করে জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে নিতে হবে। অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য যেসব আবেদন জেলা প্রশাসকের কার্যালয় ও ভূমি মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে, সেগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয়ত, এসএ রেকর্ডীয় মালিক বা তার উত্তরাধিকার যারা অব্যাহতভাবে এ দেশে বসবাসরত, তাদের সম্পত্তি ভুলক্রমে অর্পিত তালিকাভুক্ত হয়ে থাকলে সেগুলো ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এতে সরকারের রাজস্ব আয় অনেক বেড়ে যাবে। কারণ, অর্পিত তালিকাভুক্ত সম্পত্তির খাজনা তহশিল অফিস গ্রহণ করে না। তৃতীয়ত, পাকিস্তান সরকারের আমলে যেসব সম্পত্তি রিকুইজিশন হয়েছিল, সেগুলো এখনো অর্পিত হিসেবে সরকারের দখলে রাখা ও অর্পিত হিসেবে বিবেচিত হওয়া বা অন্যত্র ইজারা দেওয়া সভ্য দেশে শোভন নয়। নানা অনিয়মের ফলে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ জটিল আকার ধারণ করেছে। তাই পাকিস্তান সরকারের গোয়ার্তুমি ও স্বাধীনতা-উত্তর বাংলাদেশ সরকারের ভুল সিদ্ধান্তের কারণে উদ্ভূত পরিস্থিতির সমাধান বর্তমান সরকারকেই করতে হবে, তবে একটু শক্ত হাতে। কারণ, অনেক সময় পেরিয়ে গেছে। ফলে অনেক আগাছার জন্ম হয়েছে। এসব আগাছা পরিষ্কার করে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের একটি গুরুদায়িত্ব। চতুর্থত, দখলের সংজ্ঞা নতুন করে সংজ্ঞায়িত হওয়া উচিত। কারণ, ঔপনিবেশিক আইন-কানুন, বিধিবিধান বর্তমান সময়ের সঙ্গে মানানসই নয়। অর্পিত সম্পত্তিসংক্রান্ত দেওয়ানি আদালতে বিচারাধীন মামলাগুলোর দ্রুত সিদ্ধান্ত নেওয়া সময়ের দাবি।মো. মনিবুর রহমান, খুলনা।রক্তাক্ত ক্যাম্পাস১৮ জানুয়ারি সকাল থেকে টানা কয়েক ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রক্তক্ষয়ী সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রদলের সভাপতি ও পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনা ঘটে। পত্রিকার প্রতিবেদন অনুসারে, ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল থেকে ঘটনার সূত্রপাত হলেও বহিরাগত সন্ত্রাসীদের মহড়ায় অশান্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। অভিযোগ উঠেছে, গোলাগুলির একপর্যায়ে ছাত্রলীগও অংশগ্রহণ করে। ক্যাম্পাসে সেদিন বই-খাতা-কলমের পরিবর্তে শোভা পেয়েছে আগ্নেয়াস্ত্র-রড-চাপাতি।যে দৃষ্টিকোণ থেকেই ঘটনাটি ব্যাখ্যা করা হোক না কেন, এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও চরম নিন্দনীয়। ছাত্ররাজনীতির হূত গৌরব পুনরুদ্ধারের কথা প্রায় সব মহল থেকে বারবার বলা হলেও রাজনৈতিক দলগুলো এ ক্ষেত্রে এখনো তাদের দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে না। এ পরিস্থিতি দেশ, জাতি ও ভবিষ্যত্ প্রজন্মের জন্য অশুভ।বেশ কিছু দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থিতিশীলতা বজায় থাকায় সেশনজট কমেছে। শিক্ষার ক্ষেত্রেও পড়েছিল ইতিবাচক প্রভাব। কিন্তু ইদানীং আবার সে পুরোনো চিত্র ফুটে উঠেছে, শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ঘটনা ঘটলে তার প্রভাব পড়ে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে, সামগ্রিক স্থিতিশীলতা ভেঙে পড়ার উপক্রম হয়। তাই শিক্ষাঙ্গনের পরিবেশ যারা বিষিয়ে তুলেছে, সবকিছুর ঊর্ধ্বে উঠে সর্বাগ্রে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।মোঃ নাছির উদ্দীনশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।রোড ডিভাইডারপ্রতিদিন অসংখ্য যাত্রী যানবাহন ব্যবহার করে কালিয়াকৈর-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে চলাচল করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কে কোনো রোড ডিভাইডার না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অকালে হারিয়ে যাচ্ছে বহু প্রাণ। সড়কটিতে রোড ডিভাইডার থাকলে দুর্ঘটনা অনেকাংশে কমে যেত। তাই কালিয়াকৈর থেকে টাঙ্গাইল পর্যন্ত রোড ডিভাইডার স্থাপনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।উজ্জ্বল দাস পোদ্দারমওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।