চিঠিপত্র
মোলারকে ধন্যবাদধন্যবাদ জানাই জোনাথন মোলারকে। কোপেনহেগেনের তরুণ এই আলোকচিত্রী বিশ্বের দরবারে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ শিকার বাংলাদেশকে তুলে ধরেছেন। ডেনমার্কের জনপ্রিয় দৈনিক পলিটিক্যাল-এ এই আলোকচিত্রীর ছবি প্রকাশিত হওয়ার ফলে বিশ্ববাসী জানতে পারে, কী কঠিন বাস্তবতার শিকার আমরা। বিশ্বনেতাদেরও টনক নড়েছে এসব ছবি দেখে। মোলার তাঁর ছবিতে এটাও ফুটিয়ে তুলেছেন, এ দেশের মানুষ শত আঘাতেও ভেঙে পড়ে না। ঝড়-জলোচ্ছ্বাস, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে আছে এ দেশের সংগ্রামী মানুষ। জোনাথন মোলার তাঁর বাকি জীবনটা নাকি এ দেশের মাটি ও মানুষের সঙ্গে থাকার ইচ্ছা পোষণ করেছেন। আমরা মহান হূদয়ের এই আলোকচিত্রীকে আমাদের দেশে স্বাগত জানাই।কাজী হুমায়ুন কবীরশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বন্য প্রাণী রক্ষা২৩ জানুয়ারি প্রথম আলোতে সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদচণ্ডীপুর গ্রামে ঢুকে পড়ে একটি রয়েল বেঙ্গল টাইগার। বাঘটিকে নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করা হয়। প্রকাশিত সংবাদে বাঘটিকে উন্মত্ত জনতার হাত থেকে রক্ষার জন্য সাংসদ গোলাম রেজার দায়িত্বশীল ভূমিকা লক্ষণীয়। পাশাপাশি বন্য প্রাণী সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত সরকারের বন বিভাগের ব্যর্থতা আর অদক্ষতার চিত্র ফুটে উঠেছে। উন্মত্ত জনতার ঢিলের আঘাতে আহত হয়েও সাংসদ বাঘটির প্রাণ রক্ষার্থে যেভাবে চেষ্টা চালিয়েছেন, তা শুধু প্রশংসনীয়ই নয়, অনুকরণীয়ও বটে। আমাদের দেশে বিভিন্ন স্থানে অনেক জনপ্রতিনিধি কর্তৃক সংঘটিত নিয়মবহির্ভূত কর্মকাণ্ড আর চরম দায়িত্বহীন আচরণ সম্পর্কে পত্রিকায় প্রকাশিত সংবাদ পাঠে অভ্যস্ত পাঠকের জন্য সংবাদটি নিঃসন্দেহে ব্যতিক্রম, তাত্পর্যপূর্ণ ও আশাজাগানিয়া। তাই সাংসদ গোলাম রেজাকে জানাই আন্তরিক শুভেচ্ছা।শাহীদুল আযমমিরপুর, ঢাকা। প্যাথলজি বিভাগপ্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেডিকেল কলেজের সব কর্মকর্তা-কর্মচারী একই মন্ত্রণালয় (স্বাস্থ্য ও পরিবারকল্যাণ), একই বিভাগ (স্বাস্থ্য) এবং একই অধিদপ্তর দ্বারা নিয়ন্ত্রিত। তাঁদের সবারই একই উদ্দেশ্য রোগীর সেবা করা। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করেন অধ্যক্ষ এবং শিক্ষার বাস্তবায়নের অংশ নিয়ন্ত্রণ করেন পরিচালক। দুটি প্রতিষ্ঠানই একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটিকে বাদ দিয়ে অন্যটির অস্তিত্ব ভাবা যায় না। তাই দুটি প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগ একত্র করার মাধ্যমে ২৪ ঘণ্টা চালু রাখার ব্যবস্থা করে রেফারাল ও রিসার্চেবল প্যাথলজিতে পরিণত করার অনুরোধ জানাচ্ছি।তারিন সুলতানাফুলপুর, ময়মনসিংহ। ইপিআই টেকনোলজিস্ট স্বাস্থ্য বিভাগের সাফল্যজনক কর্মকাণ্ডের মধ্যে ইপিআই কার্যক্রম আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। ইপিআই সাধারণ মানুষের কতটুকু কল্যাণ সাধন করেছে, তা বলার অপেক্ষা রাখে না। এমন একটি মহত্ কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে জড়িত আছেন ইপিআই টেকনোলজিস্টরা। ইপিআই টেকনোলজিস্টদের বেশির ভাগই স্নাতক ডিগ্রিধারী এবং বেশির ভাগ কর্মীর চাকরির মেয়াদকাল ১৫ বছরের ঊর্ধ্বে। প্রশিক্ষণপ্রাপ্ত ইপিআই টেকনোলজিস্টদের বেতন-ভাতা চিকিত্সা সহকারী, ফার্মাসিস্ট ও কৃষি বিভাগের ব্লক সুপারভাইজারের সমান। ইপিআই টেকনোলজিস্টরা উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক কর্মে নিয়োজিত থাকেন। যদি কৃষি বিভাগের ব্লক সুপারভাইজার, চিকিত্সা সহকারী ও ফার্মাসিস্টরা পদোন্নতি পেতে পারেন, তাহলে ইপিআই মেডিকেল টেকনোলজিস্টরাও পদোন্নতি পাওয়ার দাবি রাখেন। তাই, ইপিআই টেকনোলজিস্টদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা এবং আপগ্রেড বেতনের দাবি বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।মোঃ কামরুল ইসলামচট্টগ্রাম। গ্রেডিং ও বিভাগ২০০১, ২০০২ ও ২০০৩ সালে এসএসসি এবং ২০০৩ সালে এইচএসসি পাস করা শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হওয়া নিয়ে অনেক আলোচনার পর গত ২ জুন ২০০৯-এ গ্রেডিং ও বিভাগ পদ্ধতির সামঞ্জস্য বিধানে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রচলিত জিপিএ ও সিজিপিএ-এর বিপরীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ/শ্রেণী নির্ধারণসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী ২০০১, ২০০২ ও ২০০৩ সালের এসএসসি এবং ২০০৩ সালের এইচএসসি/সমমান পরীক্ষার ক্ষেত্রে জিপিএ ৩.৫০ বা তদূর্ধ্বকে প্রথম বিভাগ এবং জিপিএ ২.৫০ বা তদূর্ধ্ব কিন্তু জিপিএ ৩.৫০ এর কমকে দ্বিতীয় বিভাগ নির্ধারণ করা হয়।কিন্তু গত ৯ জানুয়ারি পত্রিকান্তরে বাংলাদেশ নৌবাহিনী তাদের সরাসরি কমিশন অফিসার (লেফটেন্যান্ট/সাব-লেফটেন্যান্ট) ২০১০-বি ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তিতে জিপিএ ৩.০০ কে দ্বিতীয় বিভাগ ধরে আবেদনের ন্যূনতম যোগ্যতা বলে নির্ধারণ করা হয়, যা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আদেশের পরিপন্থী।এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ মানা হচ্ছে না কেন? এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় ও নৌবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।মো. ছয়ফুল আলমশিক্ষার্থী, জগন্নাথ, বিশ্ববিদ্যালয়।