চিঠিপত্র
বাংলা ভাষা২১ ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ এই দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। আমরা অত্যন্ত গর্বিত জাতি। ভাষার জন্য আত্মত্যাগের যে মহিমা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে, তা এই স্বীকৃতির জন্য। মাতৃভাষা দিবস ও আমার নিজস্ব ভাষা বাংলাকে কীভাবে সম্মান ও আধুনিক চিন্তাশীলতার মাধ্যমে চিরস্থায়ী এবং যুক্তিযুক্ত মর্যাদায় প্রসার লাভ করে টিকিয়ে রাখা যায়, তা আমাদের দেশের শ্রদ্ধেয় বরেণ্য ও জ্ঞানী-গুণী ভাষাবিদ, শিক্ষাবিদদের আরও গভীরভাবে ভেবে দেখা উচিত। তা না হলে এই মাতৃভাষার মমত্ব ও সঠিক মূল্যায়ন টিকে রাখা কঠিন হবে। যদি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলার আত্মত্যাগের একটি মাসকে গুরুত্ব না দিয়ে, সারা বছরই কেবল এর প্রসার, মর্যাদা, পরিধি কীভাবে বিস্তার করা যায়, তার ওপর চিন্তা করি। বাংলাদেশে দুই ধরনের শিক্ষাব্যবস্থা চালু আছে। বিভাগীয় শহরগুলোয় অভিভাবকেরা আধুনিক চিন্তাধারার সঙ্গে তাল মিলিয়ে ইংরেজিকেই বেশি গুরুত্ব দিচ্ছে, এটাই স্বাভাবিক। ইংরেজি আন্তর্জাতিক ভাষা। এর আলাদা গুরুত্ব আছে। কিন্তু আমাদের সমাজব্যবস্থায় এই আধুনিকতার ছোঁয়ায় নিজের মাতৃভাষার অবহেলা কি হচ্ছে না? মানুষ জন্মের পর বাবা-মা ও পরিবারের আপনজনদের সান্নিধ্যে ধাপে ধাপে বড় হতে শেখে, বুঝতে শেখে পরিবার-আত্মার সম্পর্ক। সেই মানুষটিকে তার পরিবারের মায়াজাল থেকে বের হয়ে আসতে হয় নিজের পরিচয়-পরিচিতি লাভ করতে, নিজের জীবনে চলার গতি ও উপার্জনের পথ খুঁজে বের করতে। মানুষকে পরিবারের মধ্যে আবদ্ধ থাকলে সেই মানুষের জীবন হয়ে ওঠে অর্থহীন। বাবা-মা ও পরিবার ছাড়া মানুষ পরিচয়হীন, ঠিকানাবিহীন। আমরা আমাদের ভাষার গুরুত্বকে মনে করব আমার পরিবারের মতো। আর জীবনে চলার গতিকে ত্বরান্বিত করতে নিজেকে, নিজের দেশকে পরিচিত করতে দরকার ইংরেজি। এই দুইয়ের সমন্বয়েই সম্ভব পরিপূর্ণ মানুষ হওয়া। বহির্বিশ্বের সঙ্গে সমানতালে এগিয়ে যাওয়া ও উন্নত দেশগুলোর চালচলন, গবেষণা, শিক্ষাব্যবস্থাকে জানার ও প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব হবে, যদি আমরা এই বিরাট জনগোষ্ঠীর মধ্যে বাংলার পাশাপাশি ইংরেজি শিক্ষার জ্ঞান ছড়িয়ে দিতে পারি। ইংরেজি আন্তর্জাতিক ভাষা। আর বাংলা আমার প্রিয় মাতৃভাষা—এই দুই ভাষার সমন্বয়ই বাঙালির পূর্ণতা প্রকাশ সুদৃঢ়ভাবে সম্ভব দেশে ও বিদেশে। খালেদা শাহীন, উত্তরা, ঢাকা। ভূমিকম্পভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। আর এই প্রাকৃতিক দুর্যোগগুলো চিরকালই দরিদ্রপ্রেমী হয়। হাইতির মতো একটি দরিদ্র ও অনুন্নত দেশও এর করাল গ্রাস থেকে রক্ষা পায়নি। ভূমিকম্পের এই ভয়াল থাবা লণ্ডভণ্ড করে ধ্বংসস্তূপে পরিণত করেছে হাইতির রাজধানী ‘পোর্ট অ প্রিন্স’। এক নিমেষেই হাইতির লক্ষাধিক জীবন কেড়ে নিয়েছে এই নির্মম ভূমিকম্প। ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা হাজার মানুষের বাঁচার বুকফাটা আর্তনাদ যেন গোটা বিশ্বকে কম্পিত করেছে। যাদের উদ্ধার করা হয়েছে, তারা এখন খাবার পানি ও চিকিত্সার অভাবে কাতর। ভূমিকম্পের আতঙ্ক যেন এখনো তাদের তাড়া করছে। হাজার হাজার শিশু আত্মীয়-পরিজনদের হারিয়ে এখন এতিম। এই মর্মান্তিক দুর্ঘটনা শুধু হাইতির জন্য নয়, গোটা বিশ্বের জন্য এক শিক্ষণীয় বিষয়, বিশেষ করে ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যে ঢাকার স্থান অন্যতম। ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ। জনসাধারণকে ভূমিকম্প সম্পর্কে সচেতন করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বাসুদেব বালাশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।