চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মৃতি ও সম্মান রক্ষার্থেএল ফেব্রুয়ারি, পলাশের রঙে এবার রাঙা হবে বাংলাদেশ। পুরোনো বর্ণমালা নতুন করে আবার চিনবে বাঙালি। ফুলে ফুলে ঢেকে যাবে শহীদ বেদি। শোককে শক্তিতে পরিণত করার মন্ত্রে আবার দীক্ষিত হবে বাঙালি। কিন্তু সেটা কত দিনের জন্য?ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর এলেই সরব হয় চারদিক। নির্দিষ্ট তারিখগুলো (২১, ২৬, ১৬) পেরোলেই কেমন যেন চুপ হয়ে যাওয়া! এমন কেন হবে? যে ভিত্তির ওপর ভর করে দাঁড়াল বাংলাদেশ, জেনে-বুঝে যদি সে ভিত্তি নড়বড়ে করে দেওয়া হয়, দেশের বেহাল অবস্থা তবে নিশ্চিত। এ দেশে দেশপ্রেমিক রাজনীতিবিদের তো অভাব নেই! তাঁরা কজন ‘শহীদ মিনার’ নিয়ে ভাবেন? মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের নিয়ে ভাবার মতো সময় কজনের আছে?বিভিন্ন পত্রিকা বা টিভি চ্যানেলের খবর অনুযায়ী, এ দেশে এখনো অনেক শহীদ মিনার, বধ্যভূমি পড়ে আছে অবহেলায়। শহীদ বেদিতে জুতা পায়ে ঘুরে বেড়ানো তো অনেকের কাছে বৈকালিক ভ্রমণের আনন্দের মতো। এই জায়গাগুলো সঠিকভাবে সংরক্ষণের দায়িত্ব কি সরকার নিতে পারে না? বর্তমান সরকার অনেক গুরুদায়িত্ব কাঁধে নিয়ে কাজ শুরু করেছে। দেশের স্বার্থে জনগণের যুক্তিপূর্ণ আবেগের যথাযথ মূল্যায়ন তারা করবে—এ বিশ্বাস অনেকেরই। যখন মুক্তিযুদ্ধের সপক্ষের বিশাল এক বাহিনী দেশ চালাচ্ছে, সেই সময় যদি বধ্যভূমির ওপর কুকুর, বেড়ালের পদচারণ কিংবা জুতার চাপে দলিত শহীদ বেদি দেখতে হয়, তা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক।দেশের বিভিন্ন জায়গায় যেসব শহীদ মিনার ও বধ্যভূমি আছে, সেগুলো সঠিক সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হোক। প্রয়োজনে প্রশাসনিক দায়িত্বে এসব এলাকা সংরক্ষিত করা হোক। সরকারিভাবে এলাকাভিত্তিক কাজ শুরু করলে এ সমস্যার সমাধান কষ্টকর হবে না। আর সব ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধার ব্যাপারেও সরকারকে আরও সচেতন হতে হবে। আজও তাঁদের অনেকেই পরিবারসহ ধুঁকে মরছেন মৌলিক সমস্যা সমাধানের ব্যর্থতায়। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির যে লক্ষ্যে স্বাধীনতা আনল বাঙালি, তার কিছুই পূরণ হলো না এখনো। স্বাধীন রাষ্ট্রের পুরো জাতির জন্য এটা দুর্ভাগ্যজনক। সাংবাদিকের কলমে, আলোকচিত্রীর ক্যামেরায়, টিভি ক্যামেরায় বা স্বচক্ষে আর যেন দেখতে না হয় বধ্যভূমি বা শহীদ মিনার প্রাঙ্গণের করুণ অবস্থা কিংবা কোনো ভাষাসৈনিক বা মুক্তিযোদ্ধার ক্ষুব্ধ, করুণ মুখ। বেশ কিছু ক্ষেত্রে বাঙালি যখন আলোর মুখ দেখছে, ঠিক এই সময়ে এটুকু চাওয়া খুব কি অযৌক্তিক?ঝুমুর রায়শান্তিবাগ, মৌলভীবাজার।প্রশ্নপত্র ফাঁস সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ফলে পরীক্ষা স্থগিত করতে হয়েছে। দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রধানতম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। কর্তৃপক্ষের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে এই ঘটনা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ হরহামেশাই ঘটছে। এটি বন্ধ করা না গেলে প্রকৃত মেধাবীরা তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হবে।আমাদের শিক্ষামন্ত্রী বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে সময়মতো পাঠ্যপুস্তক পৌঁছে দিয়ে বাহবা কুড়িয়েছেন। কিন্তু অদূর ভবিষ্যতে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধের চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা না করলে তাঁর সমস্ত সাফল্য ব্যর্থতায় পর্যবসিত হবে। দেশের বৃহত্তর স্বার্থে এ কাজে তাঁর সফল হওয়াও জরুরি। এ ব্যাপারে কর্তৃপক্ষের কি প্রয়োজনীয় প্রস্তুতি আছে?অভিজিত বড়ুয়ারাঙ্গুনিয়া, চট্টগ্রাম।শীতবস্ত্র বিতরণপ্রতিবছর অনেক উত্সব আর পিঠা খাওয়ার আয়োজন নিয়ে আগমন হয় শীতের। একসময় তীব্রতা বাড়ে। একসময় পত্রিকায় খবর আসতে শুরু করে, উত্তরবঙ্গের নানা অংশে তীব্র শীতে মানুষের মৃত্যুর। সবাই বিচলিত হই। যার যার ঘর থেকে যে কাপড় দেওয়া সম্ভব তাই দিই। সব কাপড় একত্র করে তীব্র শীতের এলাকায় দরিদ্রদের দিয়ে আসা হয়। কাপড় দিতে দিতে শীত পার হয়ে যায়। তত দিনে অনেক প্রাণ চলে যায়, অনেকে অসুস্থ হয়ে পড়ে। জনসেবা করে আমরা কিছুটা তৃপ্তি লাভ করি।অথচ এই চিত্র পাল্টানো খুব কঠিন নয়। আমরা সবাই, যারা শীতে কাপড় দিতে চাই, তারা যদি শীত আসার আগেই কাপড় দেওয়ার ব্যবস্থা করতে পারি তবেই আমাদের কাজে পূর্ণতা আসবে।কাজী ফাহাদ লতীফরংপুর। বেতন স্কেল প্রদান রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা দীর্ঘদিন বিদ্যালয় পরিচালনার সার্বিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে এলেও তাঁদের কোনো বেতন স্কেল ছিল না। এ বৈষম্য দূরীকরণে ২০০৮ সালে সরকার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের পদ সৃষ্টি করে বেতন স্কেল ঘোষণা করে ওই বছরের জুলাই মাস থেকে কার্যকর করে। পরিপত্র অনুযায়ী প্রধান শিক্ষকেরা তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করেন মহাপরিচালকের দপ্তরে। এ মর্মে ঝিনাইদহ জেলার মহেশপুর ও কোটচাঁদপুরসহ দেশের কিছু কিছু উপজেলার রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা বেতন স্কেলের দাবিতে আদালতে মামলা করেন। যার ফলে ২০০৮ সালের জুলাই মাস থেকে এ পর্যন্ত দেশের হাজার হাজার প্রধান শিক্ষক প্রাপ্ত স্কেল থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষার ওপর অধিক গুরুত্ব দিয়েছে। তাই প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অনতিবিলম্বে প্রধান শিক্ষকদের বেতন স্কেল প্রদানের জন্য শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। ইদ্রিস আলী ও মাহবুবুর রহমান কালীগঞ্জ, ঝিনাইদহ।