চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা শিক্ষকমুক্তিযোদ্ধাদের চাকরির মেয়াদ দুই বছর বৃদ্ধি করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তু সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হলেও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বেলায় তা কার্যকর করার কোনো নির্দেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখনো জারি করেনি। ফলে যেসব এমপিওভুক্ত মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মচারী সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা পেয়ে চাকরিজীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছেন, তাঁদের মধ্যে হতাশা বিরাজ করছে। সারা দেশে হাতেগোনা কয়েকজন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। যেহেতু তাঁরাও সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা পান, সেহেতু মুক্তিযোদ্ধা হিসেবে তাঁদের বেলায় দুই বছর চাকরির মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর করার নির্দেশদানের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এন সি সরকারদুর্গাপুর, নেত্রকোনা। ইন্টারনেটবর্তমান যুগ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির যুগ। ইন্টারনেট বিজ্ঞানের একটি বড় অবদান। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম; এই যুগে ইন্টারনেটের ব্যবহার আমাদের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্টারনেট সুবিধা পাচ্ছি না। এর ফলে আধুনিক বিশ্বের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে পারছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিটি হল ও বিভাগে শিগগিরই ইন্টারনেট সার্ভিস চালু করতে ব্যবস্থা করবে বলে আশা করি। তানজিল, শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। টেলিভিশনে বিনোদনআমাদের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো প্রচুর পরিমাণে সংবাদ ও সংবাদভিত্তিক অনুষ্ঠান প্রচার করে। এসব অনুষ্ঠানের গুরুত্ব অনস্বীকার্য। কিন্তু আমাদের দেশে বিনোদনের সুযোগ খুব কম থাকায় অধিকাংশ নাগরিকের কাছে টেলিভিশন হলো বিনোদনের প্রধান উত্স। একসময় নাটক, সিনেমা ও ম্যাগাজিন অনুষ্ঠান দর্শকের বিনোদনের চাহিদা মেটাত। কিন্তু এখন টিভি খুললেই দেখা যায়, সংবাদ আর সংবাদ। সংবাদের কারণে বিনোদনমূলক অনুষ্ঠান নিরবচ্ছিন্নভাবে দেখা সম্ভব হয় না। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, প্রায় একই খবর বারবার প্রচার করা হয়। শ্রমজীবী ও পেশাজীবীরা রাতে টিভি দেখার সময় পান, আর তখন একের পর এক সংবাদভিত্তিক অনুষ্ঠান তাঁদের বিনোদনের প্রয়োজন মেটাতে পারে না। বিনোদনের জন্য তখন তৈরি হয় বিদেশি চ্যানেলের ওপর নির্ভরতা। তাই টিভি চ্যানেলগুলো প্রতি ঘণ্টায় একই সংবাদ পরিবেশন না করে দুই থেকে চার মিনিটের ফ্ল্যাশ নিউজ করা যেতে পারে। আর এ ছাড়া তো সংবাদ শিরোনাম থাকছেই। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দর্শকদের বিনোদনের জন্য বারবার বড় দৈর্ঘ্যের একই সংবাদ কমিয়ে এনে বেশি করে নাটক, সিনেমা ও ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার করুন, যাতে দর্শকেরা আনন্দ পাওয়ার পাশাপাশি শিখতেও পারে। এম রাসেল, গুলশান, ঢাকা। ফল প্রকাশে দেরি ২০০৯ সালের ৮-১০ মে এসআই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু এই লিখিত পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি। অন্যদিকে গত বছরের ১৫-১৭ সেপ্টেম্বর পুলিশের সার্জেন্ট পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার ফলেরও একই অবস্থা। যাঁরা এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছেন, তাঁরা এ বিলম্বের ফলে দুশ্চিন্তাগ্রস্ত। কর্তৃপক্ষের কাছে জানতে চাই, এই পরীক্ষাগুলোর ফল কবে প্রকাশ করা হবে? সাজেদুল ইসলাম, রংপুর।