চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকরের চলে যাওয়াআমাদের বন্ধু আবু বকর আমাদের ছেড়ে চলে গেছে এমন এক জগতে, যেখান থেকে কেউ আর ফিরে আসে না। আবু বকরও কোনো দিন আর ফিরবে না তার প্রিয় সবুজ ক্যাম্পাসে, অংশ নেবে না বন্ধুদের আড্ডায় কিংবা লাইব্রেরিতে বসবে না নিরিবিলি অধ্যয়নে।২ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাংলাদেশ ছাত্রলীগের এ এফ রহমান হলের দুই পক্ষের সংঘর্ষের সময় আবু বকর মাথায় গুরুতর আঘাত পায়। দীর্ঘ ৩০ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে আবু বকর পরাজিত হয়। আমাদের ছেড়ে চলে যায় বন্ধু আবু বকর।কেন আবু বকরের এ মর্মান্তিক চলে যাওয়া? আবু বকর তো বিশ্ববিদ্যালয়ে আসেনি লাশ হয়ে ফিরে যেতে! বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রসংগঠনের সঙ্গে তো তার দূরতম সম্পর্কও ছিল না। বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্ররা যখন আড্ডা, রাজনীতি কিংবা অন্যান্য কাজে ব্যস্ত থাকত, আবু বকরকে থাকতে হতো জীবনসংগ্রামে; তার পরিবারের আর্থিক বাস্তবতা তাকে দাঁড় করিয়ে দিয়েছিল এক কঠিন সংগ্রামের মুখোমুখি। কোচিংয়ে ক্লাস নেওয়া আর টিউশনির পর বাকি সময়টুকু সে নিজেকে ব্যস্ত রাখত পড়ালেখায়।এত সংগ্রামের পরও আবু বকর ছিল বিভাগের সেরা ছাত্র। সে ছিল প্রথম শ্রেণীতে দ্বিতীয়; তৃতীয় সেমিস্টারে সে বিভাগের রেকর্ড নম্বর অর্জন করে। তার স্বপ্ন ছিল সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। তার স্বপ্নকে এমন নির্মমভাবে হত্যা করার দায়ভার কে নেবে?আবু বকর, বড় অসময়ে তোমার এ চলে যাওয়া। পরিবার ও জাতিকে তোমার অনেক কিছু দেওয়ার ছিল। তাই তোমার এ নির্মম মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তোমার মায়ের আহাজারি আমাদের চেতনাকে স্থবির করে দিয়েছে। তোমার স্মৃতি মনে করে আমরা অশ্রুসিক্ত হই, অসহ্য ক্রোধে ফেটে পড়ি। আমরা কিছুই করতে পারি না, আবু বকর। তোমার প্রিয় বিশ্ববিদ্যালয় তোমাকে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে।তথাকথিত ছাত্ররাজনীতির নির্মম বলি হলে তুমি। জীবদ্দশাতেই তুমি দেখে গিয়েছিলে ছাত্ররাজনীতির কুিসত রূপটি। কত দুখিনী মায়ের সন্তান এ বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে ছাত্ররাজনীতির কুটিল শিকারে পরিণত হয়, তা তো তুমি জানতে। বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের যেভাবে রাজনীতিতে ব্যবহার করা হয়, তুলনায় তা রোমান দাসপ্রথাকেও হার মানায়। শুধু হলে থাকতে পারার নিশ্চয়তাটুকুর বিনিময়ে যে আমরা কত শত ঘণ্টা ছাত্ররাজনীতিকদের ‘সেবা’ করি, তার কি কোনো শেষ আছে? তার পরও তো আমরা ‘প্রাচ্যের অক্সফোর্ডের’ ছাত্র। যে বিশ্ববিদ্যালয়ের স্মৃতির জাবর কেটে আমাদের রাষ্ট্রের শীর্ষস্থানীয় নীতিনির্ধারকেরা আপ্লুত হন, তাঁরা কি কোনোদিন এ বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন? আবু বকর, পৃথিবীটা বড় আশ্চর্য আর নিষ্ঠুর মনে হয়। আবু বকর, তোমার এ অকাল চলে যাওয়া আমাদের ভীষণভাবে শোকার্ত করেছে। আজ তোমার মায়ের সামনে আমরা অপরাধী; তোমাকে আমরা বাঁচাতে পারলাম না। তোমার বন্ধুরা একদিন অনেক বড় হবে। তোমারও বড় হওয়ার স্বপ্ন ছিল। দুখিনী মায়ের মুখে হাসি ফোটানোর যে সংগ্রাম তুমি করছিলে, তাকে আমরা সবাই মিলে হত্যা করেছি।আবু বকর, তুমি আমাদের ক্ষমা করে দিয়ো।ইমরান কবীর, শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়। যুদ্ধাপরাধীদের বিচারবর্তমান প্রজন্ম যুদ্ধাপরাধের বিচার চায়। নির্বাচনের আগে আওয়ামী লীগও যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এক বছর অতিবাহিত হয়ে গেলেও বিচারকাজে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি। তবে আশার কথা, সরকার এ বিচারের কার্যক্রম শুরুর প্রাথমিক কাজ অন্তত শুরু করেছে। এ সরকারের মেয়াদকাল সম্পন্ন হওয়ার আগেই যুদ্ধাপরাধের বিচার শেষ করতে না পারলে কী হতে পারে, সে ব্যাপারে মানুষের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ, গণতান্ত্রিক সরকারও ক্ষমতায় এসে কীভাবে বিচারের কার্যক্রমে বাধা সৃষ্টি করে, সে দৃষ্টান্ত দেখার দুর্ভাগ্য জাতির হয়েছে। তা ছাড়া আওয়ামী লীগ পরের নির্বাচনে এ বিচারের কাজ শেষ করার জন্য আরেকবার ভোট চাইলে সেটি ভোটারেরা ভালোভাবে নেবে বলে মনে হয় না। মানুষ বার বার একই প্রতিশ্রুতি শুনতে পছন্দ করে না।বঙ্গবন্ধু হত্যা মামলা দেশের প্রচলিত আইনে সম্পন্ন করা সরকারের একটি বড় সাফল্য। এ বিচারের ক্ষেত্রে আসামিপক্ষ আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ পেয়েছেন। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এর দ্বারা জাতির কপালে লেপটে থাকা অনেকগুলো কলঙ্কের দাগের মধ্যে অন্তত একটি বড় দাগ মুছে গেল। এখন সরকারকে অন্যান্য হত্যাকাণ্ডের বিচারের দিকে নজর দিতে হবে। জেলহত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলা, কিবরিয়া হত্যা, আহসানউল্লা মাস্টার হত্যাসহ সব বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। জাতি বছরের পর বছর এসব হত্যাকাণ্ডের বিচার ঝুলে থাকা দেখতে চায় না।অতি শিগগির যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করে বিচার শুরু করা হোক এবং এ সরকারের মেয়াদের মধ্যে যাতে তা সম্পন্ন হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।কাজী জোবায়েদ শিপলুকোমারপুর, আদমদীঘি, বগুড়া।