চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের শুভ ইঙ্গিতপ্রধান বিরোধী দল বিএনপি সংসদে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এটি অত্যন্ত ইতিবাচক বিষয়। কারণ সংসদ বর্জন করে দলটি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করে চলেছে দীর্ঘদিন ধরে। জনগণ যাঁদের ভোট দিয়ে সাংসদ বানিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছে, তাঁদের মূল দায়িত্ব হলো সংসদে গিয়ে এলাকার জনগণের প্রতিনিধিত্ব করা। সেটি সরকারি দলে থেকে হোক বা বিরোধী দলে গিয়ে হোক। কিন্তু আমাদের দেশে বরাবরই দেখে আসছি, সব সংসদেই বিরোধী দল সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে কারণে-অকারণে সংসদের বাইরে থাকার নীতি অবলম্বন করে আসছে। অর্থাত্ আজ যারা বিরোধী দলে আছে, তারা এখন যেমন পরিবেশ নেই বলে সংসদের বাইরে আছে, তেমনি অতীতের অধিকাংশ বিরোধী দলও প্রায় একই রকম অজুহাতে বেশির ভাগ সময় সংসদ বর্জন করেছে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জনগণ এখন অনেক বেশি সচেতন। তারা নন-ইস্যুকে ইস্যু বানিয়ে অহেতুক সংসদ বর্জন সমর্থন করবে না।তবে বিরোধী দল এমন এক সময়ে সংসদে ফেরার ইঙ্গিত দিচ্ছে, যখন নব্বই দিনের বাধ্যবাধকতার কারণে তাদের সংসদ সদস্যপদ বাতিল হওয়ার ঝুঁকি অত্যাসন্ন। অনেকে ধারণা করছে, মূলত এ কারণেই বিএনপি সংসদে ফিরে আসতে চাচ্ছে; কিছুদিনের মাথায় আবার কোনো না কোনো কারণ দেখিয়ে তারা কেটে পরবে। মানুষের সেই ধারণা যদি সঠিক হয়ও, তার পরও আমরা বিষয়টিকে নেতিবাচক দৃষ্টিতে না দেখে ইতিবাচক দৃষ্টিতে দেখার চেষ্টা করতে চাই। আমরা আশা করতে চাই, বিরোধী দল যে কারণেই ফিরে আসুক, তারা এবার স্থায়ী হবে। অর্থাত্ তারা নিয়মিত সংসদ অধিবেশনে যোগদান করবে এবং তাদের যত দাবি-দাওয়া ও মতামত সংসদে তুলে ধরবে। সেই সঙ্গে সরকারের খারাপ কাজের বিরোধিতা করবে এবং ভালো কাজে সহযোগিতা করবে। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা—এই মানসিকতার পরিবর্তন আনতে হবে। অতীতে আমরা দেখেছি, সরকার যদি উত্তর দিকে যায়, তাহলে কোনো বিচার-বিবেচনা ছাড়াই বিরোধী দল দক্ষিণ দিকে হাঁটতে শুরু করে। এমনটা হওয়া বাঞ্ছনীয় নয়।এখন সরকারের উচিত বিরোধী দলকে সাধুবাদ জানিয়ে সংসদের ভেতরে নিয়ে আসা। এবং সেই সঙ্গে তারা যাতে আর সংসদ থেকে বেরিয়ে না যায়, সে জন্য তাদের সর্বদা আস্থায় রাখা। কারণ গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখা এবং সেটিকে আরও বেশি সমৃদ্ধ করতে হলে জাতীয় সংসদকে করতে হবে সবকিছুর কেন্দ্রবিন্দু।কাজী জোবায়েদ শিপলুকোমারপুর, আদমদীঘি, বগুড়া।