চিঠিপত্র
কঠিনেরে ভালোবেসেমুদ্রণ ও ইলেকট্রনিক প্রচারমাধ্যমে যে ভাষা শোনা যায়, সেটা শ্রোতা-দর্শককে সহজে প্রভাবিত করে। মনের অগোচরে কিংবা সচেতনভাবেই বক্তাদের বলার ধরন, শব্দের অনুপ্রবেশ ঘটে সাধারণ মানুষের মুখের ভাষায়। ১ ফেব্রুয়ারি প্রথম আলোতে সৈয়দ মনজুরুল ইসলামের ‘ভাষার বিকাশ: কঠিনেরেই ভালোবাসতে হবে’ কলামে তিনি বাংলা ভাষার সঠিক ব্যবহার ও সাম্প্রতিক বিকৃতির বিষয়টি তুলে ধরেছেন। তাঁর বর্ণনায় স্পষ্ট হয়, বাংলা ভাষা কতটা সংকটাপন্ন। শুধু বইমেলার উত্সব দিয়ে ভাষাকে রক্ষা করা সম্ভব নয়। ভাষা শক্তিশালী হয় ব্যবহারে। মানুষের মুখের ভাষা বইয়ের ভাষাকে বদলে দেয়। আর যদি সেটা হয় ইংরেজি শব্দের বাহুল্য দিয়ে বাংলা বাক্য গঠন, তাহলে বইয়ের ভাষাও ‘বাংরেজি’ হতে বেশি দেরি হবে না। টেলিভিশনে নতুন প্রজন্মের মডেল ও অভিনয়শিল্পীরা সাক্ষাত্কার দিতে এসে ইংরেজি ঢঙে বাংলা শব্দ উচ্চারণ—সো, লাইক, বাট, দ্যান, জোশ জাতীয় শব্দ বারবার ব্যবহার করেন। ইদানীং আটপৌরে ভাষায় (খাইছি, দেখছি, গেছে ইত্যাদি) কথা বলতেও দেখা যায়। এতে নাকি ‘স্মার্টনেস’ প্রকাশ পায়। উদ্ভট ঢঙে কথা বলতে গিয়ে ম্লান হয়ে যায় বাহ্যিক সৌন্দর্য। এ সত্য আমাদের উপলব্ধি করতে হবে। অন্তত মিডিয়া পারফরমারদের মিডিয়ায় কথা বলার সময়ে সচেতন হওয়া উচিত। কারণ তাদের ঢঙ নতুন প্রজন্মকে দ্রুত প্রভাবিত করে। মিডিয়া কারও নিজের বাসার বসার ঘর বা খাবার টেবিল নয়। স্টুডিওতে বসে কথা বলার সময় হাজারো মানুষের কাছে সেটা পৌঁছে যায় নিমিষে। মা-বাবা ও পরিবারের সদস্যদের দায়িত্ব রয়েছে সন্তানকে মান বাংলা বলতে শেখানো। পরিবারের বাইরে শিক্ষাপ্রতিষ্ঠান হলো পরিমার্জিত ভাষা শেখার স্থান। শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের পরিচ্ছন্ন বাংলায় শিক্ষা দেওয়া। আঞ্চলিক ভাষাকে অশ্রদ্ধা বা অবহেলা নয়; এ ভাষা যোগাযোগের ভাষা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রমিত বাংলা ভাষা নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য শক্তিশালী হাতিয়ার। সুন্দর ও শুদ্ধভাবে বাংলা বলতে পারার যোগ্যতা সামাজিক ও কর্মজীবনে অনেক কাজে লাগে। ভাষার জন্য প্রেম, ভাষার জন্য আমাদের মমতা জেগে উঠুক। বাংলায় কথা বলি, কঠিনকে ভালোবেসে জয় করার অঙ্গীকার করি।ফরিদা রনিমোহাম্মদপুর, ঢাকা।