চিঠিপত্র
শহীদ মিনার১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য যাঁরা জীবন উত্সর্গ করেছেন, তাঁদের স্মৃতিকে চির ভাস্বর করে রাখার জন্য শহীদ মিনার নির্মাণ করা হয়। একুশে ফেব্রুয়ারি এখন শুধু আমাদের শহীদ দিবস নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সারা বিশ্বে পালিত হয়ে থাকে। বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনের সব গুরুত্বপূর্ণ আন্দোলন ও প্রেরণার উত্স। একুশের চেতনার মূর্ত প্রতীক হলো শহীদ মিনার। দিবসটি পালন উপলক্ষে শহীদ মিনার ফুলে ফুলে ভরে ওঠে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও একুশের চেতনায় নিজেদের শাণিত করার জন্য এই আয়োজন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এসব আনুষ্ঠানিকতা শহরকেন্দ্রিক মানুষকে অতিক্রম করে গ্রাম ও মফস্বলের মানুষের কাছে অনেক ক্ষেত্রে পৌঁছে না। একুশের তাত্পর্য অনেকটাই অজানা থেকে যায়। গ্রাম ও মফস্বলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো শহীদ মিনার নির্মিত হয়নি। তাই একুশকে বুঝতে এবং ১৫ কোটি মানুষের হূদয়ে একুশের চেতনা প্রোথিত করতে গ্রাম ও মফস্বলের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা প্রয়োজন। এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমজাদ হোসেনজলেশ্বরীতলা, বগুড়া। লাশ হয়ে ফেরাঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষার অন্যতম প্রধান স্থান। মেধাবী শিক্ষার্থীদের অধিকাংশই এসব বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন। কিন্তু বর্তমানে এসব শিক্ষাপ্রতিষ্ঠান মেধাবী শিক্ষার্থীদের মরণফাঁদে পরিণত হয়েছে। স্বাধীনতা-পরবর্তী সময়ে সহিংসতার কারণে কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লাশ হয়ে ফিরছেন কমপক্ষে ২৯ জন শিক্ষার্থী। শুধু শিক্ষার্থীই নন, বেশ কয়েকজন শিক্ষকও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।এসব হত্যাকাণ্ডের বিচার করা যায়নি বলে শিক্ষার্থীরা আজ আতঙ্কগ্রস্ত। বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনীতি চর্চার সূতিকাগার বললে ভুল না হওয়ারই কথা, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ইত্যাদি সব পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে সুস্থ রাজনৈতিক চর্চার অভাব থাকার কারণে এসব শিক্ষাপ্রতিষ্ঠান কিছুদিন পর পর রণক্ষেত্রে পরিণত হচ্ছে। ছাত্র সংগঠনগুলোর দাঙ্গা-হাঙ্গামার ফলে সৃষ্টি হচ্ছে সেশনজট আর গ্রামের খেটে খাওয়া বাবার মেধাবী সন্তানেরা এর শিকার হচ্ছে। অনেক বাবা এখন তাঁর সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন। দেশের নীতিনির্ধারকদের কাছে শিক্ষার্থীদের প্রশ্ন—আর কতজন মেধাবী শিক্ষার্থীকে লাশ হয়ে ফিরতে হবে? কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো নেতা-নেত্রী কি নেবেন এই হত্যাকাণ্ডের দায়ভার? যদি দায়ভার নেওয়ার মতো কাউকে খুঁজে না পাওয়া যায় তাহলে এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা হোক।আবদুল হাকিম, কিশোরগঞ্জ।[email protected]