চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কত লাশআমাদের ছাত্ররাজনীতির অতীত গৌরবের। বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন অনেকাংশে ছাত্ররাজনীতির ফসল। কিন্তু বর্তমানে আমাদের ছাত্ররাজনীতির নামে যা ঘটছে, তাতে ছাত্ররাজনীতি তার নিজস্ব চরিত্র হারিয়ে বীভত্স রূপ ধারণ করেছে।ছাত্ররাজনীতির নামে এখন চলে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, আধিপত্যের লড়াই এবং সমাজ ও দেশবিরোধী কর্মকাণ্ড। যে রাজনীতি হওয়ার কথা ছিল ছাত্রদের রক্ষার ঢাল, আজ সেই ছাত্ররাজনীতি পরিণত হয়েছে ছাত্রদের জীবননাশের হাতিয়ারে। আর কি প্রয়োজন আছে এই ভয়ংকর ছাত্ররাজনীতির?ছাত্ররাজনীতির নির্মম শিকার হয়ে প্রাণ দিতে হয়েছে বিশ্ববিদ্যালয়ের বহু মেধাবী শিক্ষার্থীকে। ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হয়েও এখন নির্মমতা থেকে রেহাই পেল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবু বকর বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মহিউদ্দিন। এসব মৃত্যুর পর অনেকে ছাত্ররাজনীতির মুণ্ডুপাত করছে, তাদের এই কোলাহল হয়তো কিছুদিন পর থেমে যাবে। শুরু হবে আরেকটি লাশের প্রহর গোনা। কিন্তু কেউ কি বলতে পারবেন, আর কত লাশ হলে ছাত্র হত্যার রাজনীতি বন্ধ হবে? আর কত লাশ হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৃত্যুভয়হীনভাবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারবে? হয়তো এই প্রশ্নগুলোর উত্তর মিলবে না। তাহলে কেন এত মায়াকান্না? আবু বকরের মায়ের বুকফাটানো আর্তনাদ কি আমাদের রাষ্ট্রনায়কদের কানে পৌঁছায়নি? আর কত আবু বকরের মা দলবেঁধে আর্তনাদ করলে তাঁদের কানে তা পৌঁছাবে?যে দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৃত্যুভয় সব সময় তাড়া করে, সে দেশকে ‘ডিজিটাল’ করার স্বপ্ন দিবাস্বপ্নের মতো। আগে প্রয়োজন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, প্রয়োজন সুস্থ ছাত্ররাজনীতির। যে রাজনীতি হবে ছাত্রদের কল্যাণমুখী, যে ছাত্ররাজনীতি হবে দেশ গঠনে সহায়ক, যাতে করে আর কোনো শিক্ষার্থীর মাকে সন্তানের লাশের জন্য প্রহর গুনতে না হয়। বুকফাটানো আর্তনাদ না করতে হয়। আর কোনো কলি যাতে ফুল না হতেই ছিঁড়ে না ফেলা হয় বিশ্ববিদ্যালয় নামক বাগান থেকে—এই প্রত্যাশাই করি।বেলাল হোসেনশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।