চিঠিপত্র
বাড়তি আয়আট ঘণ্টা দায়িত্ব পালন করার পর শিক্ষকেরা অন্য কাজ করার অধিকার রাখেন। কিন্তু সম্প্রতি সরকারি-বেসরকারি শিক্ষকদের ব্যক্তিগত পর্যায়ে শিক্ষাদান ও কোচিং বন্ধ করার জন্য আইন হচ্ছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন, চিকিত্সকসহ নানা পেশাজীবী চাকরির পাশাপাশি ব্যক্তিগত বা কয়েকজন মিলে ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ আয় করতে পারলে শিক্ষকেরা কেন একই ধরনের কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হবেন?শিক্ষকেরা তাঁদের দায়িত্ব পালনের পাশাপাশি কঠোর পরিশ্রম করে সংসারে আয় যদি কিছুটা বাড়াতে পারেন, তাহলে তাতে কার ক্ষতি? আজ শহরে ও গ্রামে বিদ্যালয়ে শিক্ষাদানের পাশাপাশি শিক্ষকেরা ব্যক্তিগত পর্যায়ে শিক্ষাদানের ফলে বহু শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল করছে। অবহেলিত শিক্ষকদের যে বেতন, তা দিয়ে পরিবারের ভরণপোষণের পর নিজের ছেলেমেয়েকে ভালো স্কুল-কলেজে পড়ানো যায় না। শিক্ষকেরা সমাজের জন্য, দেশের জন্য নিজেদের নিঃশেষ করে দিচ্ছেন।শিক্ষকদেরও পরিশ্রমের মাধ্যমে সমাজে টিকে থাকার অধিকার আছে। শিক্ষকেরা সরকারি সময় অনুসারে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত পাঠদান করেন। এরপর সত্পথে কীভাবে নিজেদের উপার্জন বাড়ানোর চেষ্টা করবেন, সেটা তাঁদের ওপরই ছেড়ে দেওয়া উচিত।শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ, শিক্ষকদের বৈধভাবে অর্থ উপার্জন করার অধিকার থেকে বঞ্চিত করবেন না।নিবারণ সাহা, কুড়িগ্রাম।