চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ৩০ মিনিটের কথা১৬ ফেব্রুয়ারি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ‘দুনিয়া কাঁপানো ৩০ মিনিট’ শিরোনামের মন্তব্য প্রতিবেদনে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির বিকেলের ঘটনাবলির চরম মুহূর্তের একটি ছবি ধরা পড়ে। সেই বসন্তবিকেলের ৩০ মিনিটে ১৪৪ ধারা ভঙ্গের মিছিলে পুলিশের গুলিতে নিহত সালাম, রফিক, শফিক, বরকত, জব্বারের রক্তে রোপিত হয়েছিল বাঙালির স্বাতন্ত্র্যবোধের বীজ। ভাষার জন্য আত্মবলিদান পৃথিবীর ইতিহাসে বিরল। এই বিরল অহংকার বুকের মধ্যে সেই কোন ছোটবেলায় বাসা বেঁধেছে, জানি না। নব্বইয়ের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে প্রিয় ক্যাম্পাসের সর্বত্র বিচরণ করেছি; কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার, বিবর্ণ দেয়ালে ঠেসে রাখা ১৪৪ ধারা ভাঙার ঢাকা মেডিকেল কলেজের ঐতিহাসিক গেটের কাছে যখনই গেছি, রক্তের মধ্যে সেই অহংকারের কাঁপন তীব্র হয়েছে। ছোটবেলায় একুশে পালনে আমাদের হূদয়ে বাজত ‘মহান শহীদ দিবস’-এর মাথা নত না করার উদ্দীপ্ত প্রেরণা। ‘ভাষা দিবস’ হিসেবেও একুশের পরিচিতি আমাদের আলোড়িত করত। ১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংগঠন ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা দেওয়ায় আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস বিশ্বদরবারে ছড়িয়ে গেছে। ইতিহাসের আন্তর্জাতিক পরিচিতি, বিশ্বময় বিস্তার আর উদ্যাপন যদি আমাদের ইতিহাসের মূল থেকে বিচ্ছিন্ন করে ফেলে, তাহলে জাতি হিসেবে আমরা দিন দিন দেউলিয়া হয়ে পড়ব। ২১ ফেব্রুয়ারিকে সারা দুনিয়া ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে উদ্যাপন করবে সরকারিভাবে; কিন্তু আমাদের কাছে ২১ ফেব্রুয়ারি প্রথমত ‘মহান শহীদ দিবস’, তারপর ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। ‘মহান শহীদ দিবস’ শব্দ তিনটি উচ্চারণে বুকের মধ্যে রক্তের যে দাপাদাপি অনুভব করি, তা একান্তই আমাদের চেতনাজাত।একুশে পালন তো শুধু এই নয় যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো পেড়ে সাদা শাড়ি আর পাঞ্জাবির বুকে কালো ব্যাজ ধারণ করে সারা দিনের কোলাহল অথবা বড় বড় হরফে আত্মপরিচয়সূচক ব্যানার উঁচিয়ে শহীদ মিনারে পুষ্প নিক্ষেপের কুিসত প্রতিযোগিতা অথবা বাংলা একাডেমীর সন্ধ্যার মঞ্চে শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ‘ও সখিনা...’। একুশে পালন তো উপলব্ধিতে, চেতনায় দুনিয়া কাঁপানো সেই ৩০ মিনিটে হাজির হয়ে শহীদের রক্তের উষ্ণতা অনুভব করা; আর দেশ, মাটি ও মানুষের কল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এই উপলব্ধির জন্যই প্রথম আলোর সম্পাদক সেই মঞ্চে আবার সবাইকে একত্র হওয়ার আহ্বান জানিয়েছেন। যে অক্ষর দিয়ে প্রথম আলো তার দেহ নির্মাণ করে চলেছে প্রতিদিন, সেই অক্ষরের অধিকার আদায়ের সংগ্রামে যাঁরা দিয়ে গেছেন প্রাণ, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এটা একটা অন্য রকম আকাঙ্ক্ষা। ২১ ফেব্রুয়ারি ২০১০, রোববার বিকেল তিনটায় সন্তানদের হাত ধরে নিয়ে আমিও যাব বায়ান্নর সেই মঞ্চে (ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের গেট, কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন)। আপনিও নিশ্চয়ই আসছেন। শেখ মিনহাজ শামীম[email protected]