চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনে শিক্ষা ভিসাবাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনে যুক্তরাজ্যে যান বহুকাল ধরেই। কিন্তু হঠাৎ করে যুক্তরাজ্য সরকার শিক্ষা ভিসা ১ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে স্থগিত করে দেওয়ার কারণে শত শত শিক্ষার্থীর উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে বিলেত গমনের আশার গুড়ে বালি পড়েছে। যাঁরা আগে আবেদন করেছেন এবং সাক্ষাৎকারের তারিখ ১ ফেব্রুয়ারির পর নির্ধারিত হয়েছিল তাঁদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। এটি সাময়িক হলেও উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যেতে চাইছে এমন সব ভিসাপ্রার্থীর জন্য বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে যুক্তরাজ্যে যাওয়ার আশায় যেসব শিক্ষার্থী অপেক্ষমাণ ছিলেন তাঁদের জীবনের মূল্যবান সময়ের অপচয় হবে। ভারতের কিছু অংশ ও নেপালের জন্যও যুক্তরাজ্যে ভিসা বন্ধ করা হয়েছে। সব ক্ষেত্রেই আবেদনকারীর সংখ্যাকে কারণ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাজ্য সরকার। কিন্তু সংবাদমাধ্যম থেকে জানা যায়, আবেদনকারীর সংখ্যা অনেক হওয়ার কারণে যুক্তরাজ্যের কিছু মানুষ অবৈধ সুযোগও নিচ্ছে। বাংলাদেশ ভারত ও নেপালের মতো দেশগুলো থেকে শিক্ষার উদ্দেশ্যে যাওয়া এসব শিক্ষার্থীকে আকৃষ্ট করার জন্য অবৈধভাবে গড়ে ওঠা সেসব শিক্ষাপ্রতিষ্ঠান স্থানীয় এজেন্ট নিয়োগ করে ব্যবসা পরিচালনা করে আসছে। এসব এজেন্টের কারণে বিদেশে গিয়ে কিছু শিক্ষার্থীকে হয়রানির শিকার হতে হয়েছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নেই বা থাকলেও আবার কারও কারও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার অভাব রয়েছে। তাই সে দেশের সরকার তাদের ব্যবসা পরিচালনা বন্ধ করে দিয়েছে। সেখানেও তৈরি হয়েছে এক ধরনের অচলাবস্থা। দেশে যেমন অসংখ্য ভিসাপ্রার্থী ভিসা লাভে বঞ্চিত হচ্ছেন, তেমনি যুক্তরাজ্যে লেখাপড়ার উদ্দেশ্যে যাওয়া শত শত বাংলাদেশি চরম দুরবস্থায় পতিত হয়েছেন। আইনগত কারণে দুরবস্থাকে মেনে নিলেও উপায়হীন সেসব শিক্ষার্থীর সমস্যা সমাধানের ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া অতি জরুরি।যুক্তরাজ্যে কর্মরত বাংলাদেশের হাইকমিশনার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যত দ্রুত আলোচনায় বসবে এবং সুষ্ঠু সুরাহা হবে ততই মঙ্গল। একই সঙ্গে বাংলাদেশ সরকারকেও উদ্যোগী ভূমিকা নিতে হবে, যাতে অতি দ্রুত শিক্ষা ভিসা চালু হয় এবং যুক্তরাজ্যে অবস্থানকারী শিক্ষাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সুবিধা নিশ্চিত করা যায়। দেশের অভ্যন্তরে যাতে ভুয়া প্রতিষ্ঠান গড়ে উঠতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে সরকারকে।হারুনূর রশিদনবীগঞ্জ, হবিগঞ্জ।পিএসসির দৃষ্টি আকর্ষণজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ২০০৭ সালের স্নাতকোত্তর শেষ পর্বের পরীক্ষার্থীরা সম্প্রতি প্রণীত সময়সূচি অনুযায়ী ২৪ ফেব্রুয়ারি থেকে পরীক্ষায় অংশ নেবেন। একই সঙ্গে ২৯তম বিসিএস লিখিত পেশাসম্পর্কিত বিষয়গুলোর পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। ২৮ ফেব্রুয়ারি ২৯তম বিসিএস লিখিত পরীক্ষার বিষয়গুলোর (অর্থনীতি, সমাজবিজ্ঞান ও গণিত) পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে এবং একই দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শেষ পর্বের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। একই দিনে এই দুটি পরীক্ষায় অংশ নেওয়া একজন পরীক্ষার্থীর পক্ষে সম্ভব নয়। তাই দেশের অসংখ্য মেধাবী পরীক্ষার্থীর কথা বিবেচনা করে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবেন বলে আশা করি। মো. খলিলুর রহমাননিউমার্কেট, ঢাকা।বিদ্যুৎ সংযোগবরিশালের গৌরনদী উপজেলার ধুরিয়াইল গ্রামটিতে এখনো বিদ্যুৎ আসেনি। ২০০৭ সালে গ্রামবাসী একত্রিত হয়ে বিদ্যুতের সংযোগ পাওয়ার আশায় বরিশাল পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করে। আবেদন মঞ্জুর হয়। মাঠপর্যায়ের প্রাথমিক কাজ শেষ হওয়ার পর কয়েক বছর কেটে গেলেও গ্রামবাসী এখনো বিদ্যুতের সংযোগ পায়নি। এই গ্রামে দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি বাজার, দুটি চালের কল রয়েছে। কিন্তু বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ও মানুষের জীবনযাত্রায় গতি আসছে না। এখানে প্রতি মৌসুমে প্রায় ১০০ টন ধান উৎপাদন হয়। এখানে বিদ্যুৎ থাকলে ধানসহ অন্যান্য ফসল ফলাতে সুবিধা হতো।পল্লী বিদ্যুৎ অফিসের কিছু কর্মকর্তার অবহেলার কারণে এই গ্রামের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। স্থানীয় লোকজন এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে বারবার কথা বলেও ফল পায়নি। বিদ্যুতের সংযোগ পেতে অনতিবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।নূর মোহাম্মদ হাওলাদার, শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।