চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্ররাজনীতিএকসময়ের গৌরবময় ছাত্ররাজনীতির বর্তমান রূপটিতে টেন্ডারবাজি, চাঁদাবাজি, হল দখল, আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অবাধ চর্চাই প্রধান। আজ ছাত্ররাজনীতি ছাত্রসমাজের অধিকার আন্দোলনের গণ্ডি থেকে বের হয়ে লোভ ও দলীয় রাজনীতির স্বার্থে কাজ করছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজ ছাত্ররাজনীতির ভয়াবহতা দৃশ্যমান। এটা জাতির ভবিষ্যতের জন্য এক অশনিসংকেত। ছাত্ররাজনীতি আজ জিম্মি এ দেশের অসাধু রাজনীতিবিদদের হাতে। হাজারো শিক্ষার্থীর সম্ভাবনা কেড়ে নিচ্ছে এই ছাত্ররাজনীতি। বছরের পর বছর অসংখ্য মেধাবী মুখ হারিয়ে যাচ্ছে এই অশুভ ধারার ছাত্ররাজনীতির কারণে। ফলে এ ধরনের আদর্শহীন ছাত্ররাজনীতির কাছে বহু মা-বাবার স্বপ্নের সমাধি হচ্ছে। এ দেশের নীতিনির্ধারকদের কাছে আবেদন, এ ধরনের রাজনীতি থেকে আমাদের রেহাই দিন। সাধন সরকার, শিক্ষার্থীজগন্নাথ বিশ্ববিদ্যালয়।এককালীন পেনশনারবাংলাদেশ সরকারের যেসব কর্মকর্তা ও কর্মচারী চাকরি থেকে অবসর গ্রহণের সময় এককালীন পেনশন গ্রহণ করেন তাঁরা প্রতি মাসে চিকিৎসা-ভাতা ও অবসর গ্রহণের সময় নির্ধারিত মূল পেনশনের সমপরিমাণ দুটি উৎসব-ভাতা প্রতিবছর পেয়ে থাকেন। নতুন বেতন-স্কেল ঘোষণার সময় প্রতি মাসে পেনশন গ্রহণকারীরা কিছুটা বর্ধিত সুবিধা পেয়ে থাকেন। কিন্তু এককালীন পেনশন গ্রহণকারীদের উৎসব-ভাতা গ্রহণে সে বর্ধিত সুবিধা প্রদান করা হয় না। এককালীন পেনশন গ্রহণকারীদের যদি তাঁদের নির্ধারিত মূল পেনশনে নতুন বেতন-স্কেলে প্রদত্ত বর্ধিত সুবিধা প্রদান করা হয় তাহলে তাঁরাও দুটি উৎসব-ভাতার ক্ষেত্রে কিছুটা আর্থিক সুবিধা ভোগ করতে পারেন। বিষয়টি মাননীয় অর্থমন্ত্রীকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি।মো. শফিকুল ইসলাম উত্তরপাড়া, রাজশাহী।বিটিভির অনুষ্ঠানজনসাধারণের মধ্যে তথ্য ও নির্দেশনা সম্প্রচারে টেলিভিশন একটি শক্তিশালী মাধ্যম। আর বাংলাদেশকে জানার একটি অন্যতম মাধ্যম হলো বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বিটিভি সরকারি মালিকানার চ্যানেল হওয়া সত্ত্বেও দেশের মানুষের মনের খোরাক মেটাতে পারছে না। বিটিভির অনুষ্ঠানের মান বাড়ানো খুব জরুরি হয়ে পড়েছে। টিভির শিক্ষামূলক, আনন্দদায়ক অনুষ্ঠানগুলো মানুষের জ্ঞানের উন্নতিকল্পে প্রশিক্ষণকেন্দ্রের ভূমিকা পালন করতে পারে। যদি বিটিভির অনুষ্ঠানসমূহ শিক্ষাভিত্তিক, আধুনিক, আনন্দদায়ক ও সময়োপযোগী হয়, তাহলে সামাজিক অস্থিরতা অনেকাংশে লাঘব হবে বলে আশা করা যায়। বিটিভি কর্তৃপক্ষকে বেশি করে শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারের অনুরোধ করছি। নোমান আল ইসলাম , চট্টগ্রাম।নদীভাঙনজামালপুরের পিংনা আজ যমুনা নদীর করাল গ্রাসে বিলীন হতে চলেছে। একসময় পিংনায় মুনসেফ কোর্ট, ফৌজদারি আদালত, বড় বড় পাটের কুঠি, নদীবন্দর ছিল। কালক্রমে সবই বিলীন হয়ে গেছে। সেই সব কথা আজ রূপকথার মতো শোনায়। মহাকালের সাক্ষী হিসেবে ১১০ বছরের পিংনা হাইস্কুলটি আজও সগৌরবে দাঁড়িয়ে আছে। এমন গুরুত্বপূর্ণ একটি স্থান প্রতিবছর যমুনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে। ইতিপূর্বে ভাঙন রোধে সাময়িক ব্যবস্থা নেওয়া হলেও তা কোনো কাজে আসেনি।যমুনা নদীর ভাঙন রোধে জরুরিভাবে এখনই ব্যবস্থা না নিলে বৃহত্তর যমুনা সার কারখানার একমাত্র সংযোগ সড়কে সার পরিবহনের ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে পিংনা বাজারের একাংশসহ পাঁচটি পাড়া নদীগর্ভে বিলীন হয়েছে। পিংনার ঐতিহ্য রক্ষার্থে এবং যমুনা নদীর ভয়াবহ ভাঙন থেকে পিংনাকে বাঁচাতে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।কামাল হোসেনপিংনা, সরিষাবাড়ী, জামালপুর।