চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিত্সকদের অবহেলাবর্তমান সরকার স্বাস্থ্য খাতকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। এখন হাসপাতালে রোগীদের সুচিকিত্সার ওপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তব চিত্র অনেক অন্যরকম। উপজেলা ও জেলা পর্যায়ে সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিত্সক নেই। নেই প্রয়োজনীয় চিকিত্সা-সরঞ্জাম। রাজধানী ঢাকায় সরকারি হাসপাতালগুলোতেও আন্তর্জাতিক মানের সেবা পাওয়া যায় না। অধিকাংশ হাসপাতালে চিকিত্সকেরা সাধারণত সকাল ১০টার আগে আসেন না। আর বেলা একটার পর কোনো বিশেষজ্ঞ চিকিত্সককে হাসপাতালে খুঁজে পাওয়া কঠিন। তাহলে বাকি সময় কি রোগীকে দেখার জন্য চিকিত্সকের দরকার নেই? আবার জরুরি চিকিত্সক ছাড়া বাংলাদেশের সরকারি হাসপাতালে শুক্রবার চিকিত্সকেরা ছুটি ভোগ করেন। যেখানে রোগীর জীবন-মরণ প্রশ্ন, সেখানে হাসপাতালে চিকিত্সকদের এভাবে একই দিনে ছুটি কাটানো কি সমীচীন? পুলিশ যদি সপ্তাহের নির্দিষ্ট এক দিন ছুটি কাটাত, তাহলে দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ হতো! তাদের আইনশৃঙ্খলা রক্ষার জন্য ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়। তাহলে মানবসেবার ব্রত নিয়ে চিকিত্সকেরা কেন সপ্তাহের নির্দিষ্ট দিনে ছুটি কাটাবে? পালাক্রমে একেক দিন একেক জনকে ছুটি দেওয়া যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চিকিত্সকদের শুক্রবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হোক এবং হাসপাতালে স্বাস্থ্যসেবার মান বাড়ানো হোক। সুজিত্ কুমার বিশ্বাসফরিদপুর।শিক্ষার্থীদের নিরাপত্তামানুষ হতে এসে লাশ হয়ে ফিরে যেতে হবে; শিক্ষা গ্রহণ করতে এসে বুলেট গ্রহণ করতে হবে, অথবা হাত-পায়ের রগ ছেদন হারিয়ে পঙ্গুত্ব বরণ করতে হবে—এটা কী ধরনের শিক্ষা? এক শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর প্রাণ কেড়ে নেবে—এটা কেমন রাজনীতির নীতি?ছাত্রদের নিরাপত্তা আজ কোথায়? হলে, ক্যাম্পাসে, না কি ম্যানহোলে?ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবু বকর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারুক হোসেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এ এম মহিউদ্দিন খুন হওয়ার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। মারণাস্ত্রধারী ঘাতক যেকোনো অবস্থায় যেকোনো ছাত্রের সামনে দণ্ডায়মান হতে পারে। রাজনীতি না করেও যখন আবু বকর, এ এ এম মহিউদ্দিনকে নষ্ট রাজনীতির শিকার হয়ে প্রাণ দিতে হলো, তখন কোন ছাত্রের নিরাপত্তা আছে? আজ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিটি ছাত্রের পরিবার সন্তানের জন্য দুশ্চিন্তাগ্রস্ত। এই দুশ্চিন্তা দূর করতে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে না? ক্যাম্পাস থেকে এমন রাজনীতির নির্বাসন করবে না? না কি মেধাবী ছাত্ররা রাজনীতিমুক্ত ক্যাম্পাসের সন্ধানে বেসরকারি বিশ্ববিদ্যালয়মুখী হবে?এস এম ফেরদৌস আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়।প্রধান শিক্ষক নিয়োগবেসকারি উচ্চবিদ্যালয়ের উন্নয়নকাজ প্রধান শিক্ষকের মাধ্যমেই সম্পন্ন হয়। পদাধিকারবলে তিনিই পরিচালনা পর্ষদেরও সাধারণ সম্পাদক। পরিতাপের বিষয়, এত গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগের নামে চলে প্রহসন। অনেক বিদ্যালয়ে দেখা যায় গুরুত্বপূর্ণ এই পদ শূন্য হলে ওই বিদ্যালয়েরই সহকারী প্রধান শিক্ষক অথবা সিনিয়র শিক্ষককে সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়।কিছুদিন পর নিয়মিত প্রধান শিক্ষকের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলেও ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকই প্রধান শিক্ষক প্রার্থী হন এবং তিনিই নামমাত্র এক পরীক্ষার মধ্য দিয়ে হয়ে যান প্রধান শিক্ষক। উল্লেখ্য, পাঁচ সদস্যবিশিষ্ট নিয়োগ কমিটির উল্লেখযোগ্য সদস্য থাকেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অথবা তাঁরই সহকর্মী। কোনো বিদ্যালয় যদি নিয়োগ বিজ্ঞপ্তি দেয় এবং ওই বিদ্যালয়েরই ভারপ্রাপ্ত প্রধান বা সহকর্মী প্রধান শিক্ষক পদপ্রার্থী হন, তাহলে স্বাভাবিকভাবেই প্রক্রিয়া হয় প্রশ্নবিদ্ধ। অভিজ্ঞতা থেকে দেখা যায়, বর্তমান অনেক প্রধানশিক্ষকই অতীতে একই বিদ্যালয়ের সহকারী প্রধান কিংবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।তাই কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের সময় সেই বিদ্যালয়ে কর্মরত কোনো শিক্ষক প্রার্থী হতে পারবেন না, এমন শর্ত জুড়ে দেওয়া উচিত। শিক্ষা মন্ত্রণালয়কে ব্যাপারটি বিবেচনার অনুরোধ জানাচ্ছি।আলমগীর হোসেনপাহাড়তলী, চট্টগ্রাম।ফল প্রকাশে দেরিজাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল মনে পড়লেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে হয়। ২০০৩-০৪ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ২০০৭ সালে চতুর্থ বর্ষ শেষ হওয়ার কথা। কিন্তু পরীক্ষা হলো ২০০৯ সালের জুলাই মাসে। তারপর অপেক্ষার সাত মাস চলছে, এখনো ফল প্রকাশ হচ্ছে না। জাতীয় বিশ্ববিদ্যালয় কেন এত দিনেও ফল প্রকাশ করতে পারছে না? শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ, প্রধানমন্ত্রী ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্পের দু-একটা চাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পায়ে লাগিয়ে দিন, যাতে বিশ্ববিদ্যালয়টি কিছুটা হলেও গতি ফিরে পায়। আর শিক্ষার্থীরা মুক্তি পাক সেশনজট থেকে।গৌতম রায়পরীক্ষার্থী, সরকারি বিএম কলেজ, বরিশাল।ফুটওভারব্রিজ চাইঢাকা শহরের পুরানা পল্টন ও মতিঝিল বাণিজ্যিক এলাকা অত্যন্ত ব্যস্ত ও জনবহুল। প্রতিদিন বিভিন্ন কাজে এই দুটি এলাকায় বহু লোকের সমাগম হয়। পুরানা পল্টন ও মতিঝিল বাণিজ্যিক এলাকায় পথচারীদের পারাপারের জন্য নেই কোনো জেব্রা ক্রসিং অথবা ফুটওভারব্রিজ। পথচারীদের পারাপার ও অফিস-ফেরত ব্যক্তিদের নিরাপদে ঘরে ফেরার জন্য মতিঝিল শাপলা চত্বরের কাছে একটি ও পুরানা পল্টনের কাছে একটি ফুটওভারব্রিজ জরুরি ভিত্তিতে নির্মাণ করা হোক।জুলফিকার আলী সিরাজীউত্তরা, ঢাকা।চলনবিলে তামাক চাষউত্তরাঞ্চলের শস্যভান্ডার খ্যাত বৃহত্তর চলনবিল অঞ্চলে ধান চাষ বাদ দিয়ে ক্ষতিকর তামাক চাষ করা হচ্ছে। স্থানীয় কৃষকদের এই তামাক চাষ করার জন্য প্রলুব্ধ করছে কিছু তামাক কোম্পানি। তারা কৃষকদের তামাক চাষের প্রয়োজনীয় উপকরণ-বীজ, সার ও আনুষঙ্গিক খরচ সরবরাহ করছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া কৃষি বিভাগের একশ্রেণীর অসাধু কর্মকর্তা নেপথ্যে থেকে তামাক কোম্পানিকে সাহায্য করছে বলেও অভিযোগ আছে। তামাক চাষের ফলে এ এলাকার জমি ও পরিবেশের ভারসাম্যের মারাত্মক ক্ষতি হচ্ছে।এম এ মতিন সজীবমাহমুদপুর, সিরাজগঞ্জ।