চিঠিপত্র
বাড়িভাড়ার নীতিমালানিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীনতা, বিদ্যুত্, গ্যাস, পানির দাম বেড়ে যাওয়া—এ রকম হাজারো অজুহাত দেখিয়ে বাড়িওয়ালারা ভাড়া কেবল বাড়াতেই থাকেন। সরকারি চাকরিজীবীদের বেতন বেড়ে যাওয়াও বাড়িওয়ালাদের অজুহাতে পরিণত হয়েছে। বর্তমানে বাড়িওয়ালারা আরও কিছু উদ্ভট অজুহাত বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য উপস্থাপন করছেন—বাড়ি রং করা হয়েছে, বাড়িতে টাইলস লাগানো হয়েছে, বাড়ির নিরাপত্তা বাড়াতে দারোয়ান রাখা হয়েছে ইত্যাদি। বাড়িওয়ালারা খেয়াল-খুশিমতো বাড়ি ভাড়া বাড়ান; ভাড়াটেরা তা মেনে না নিলে মাসের মাঝামাঝিতে তাঁদের বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এটাও এক ধরনের সন্ত্রাস। অনেক বাড়িওয়ালা নিজের মনমতো পানি দেন।বাসায় মেহমান এসে থাকে কি না, অতিরিক্ত বিদ্যুত্ পোড়ানো হচ্ছে কি না—এসব বিষয়ে বাড়িওয়ালারা খুব তত্পর। বাড়িওয়ালাদের নিজের তৈরি আইনকানুন মেনে চলতে হবে ভাড়াটেকে। আর কোনো ভাড়াটে যদি বর্ধিত ভাড়ায় থাকতে না চান, তবে বাসা ছেড়ে চলে যেতে পারেন। মোটা অঙ্কের টাকা বাড়ি ভাড়া দিয়েও ভাড়াটেদের মানসিক অশান্তিতে থাকতে হয়। প্রতিবাদ করলে বাড়ি ছাড়ার নোটিশ পেতে হয়।সরকারের সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ—অবিলম্বে সুষ্ঠ বাড়ি ভাড়া নীতিমালা প্রণয়ন করুন এবং সেই নীতিমালা বাস্তবায়নে পদক্ষেপ নিন।স ম হক, নন্দীপাড়া, ঢাকা। ঢাকায় বসবাস বসবাসের সবচেয়ে অনুপযোগী শহরগুলোর বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। দি ইকোনমিস্ট-এর সহযোগী প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের জরিপে বেরিয়ে এসেছে এ তথ্য।প্রতিদিন মানুষ ঢাকামুখী হচ্ছে, বাড়ছে যানবাহন। এ শহরে প্রতি বর্গ কিলোমিটারে ২৭ হাজার ৭০০ মানুষ বাস করে। সব সুযোগ-সুবিধা, ব্যবসা ও কর্মসংস্থান, রাজনৈতিক কর্মকাণ্ড ঢাকাকেন্দ্রিক হওয়ায় এবং গ্রামাঞ্চলে বেকারত্ব ও দারিদ্র্য বাড়তে থাকায় সব শ্রেণীর মানুষ দিন দিন ঢাকামুখী হচ্ছে।ঢাকা কেবল বিশ্বের মধ্যে দ্বিতীয় বসবাসের অনুপযোগী শহরই নয়, বিশ্বের মধ্যে ভূমিকম্প-ঝুঁকিতে থাকা নগরগুলোর তালিকায় প্রথম দিকে। আবাসন, নাগরিকসেবা, নিরাপত্তা, সাংস্কৃতিক স্বাধীনতা—সব দিক থেকে ঢাকার পরিস্থিতি নাজুক। ঢাকার বর্তমান অবকাঠামো নাগরিক জীবনের আবশ্যকীয় চাহিদা মেটানোর যোগ্য আর নেই। লোকসংখ্যা বাড়ার পাশাপাশি চারপাশের কৃষিজমি দখল, নদী দখল, যানজট ঢাকাকে বসবাসের আরও অনুপযোগী করে তুলেছে।এ অবস্থায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সুযোগ-সুবিধা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে, যাতে ঢাকামুখী যাত্রা বন্ধ হয়। সাধন সরকারশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আনন্দ মোহনের কালিমাকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শত বছর পূর্তি সে প্রতিষ্ঠানের জন্য অনেক বড় গৌরবের ব্যাপার। তাই ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজের শত বছর পূর্তির অনুষ্ঠানে শিক্ষার্থীদের লাঞ্ছনা হওয়ার বিষয়টি প্রতিষ্ঠানটির একশ বছরের অর্জনে বিশাল এক কালিমা লেপন করল। এ জন্য সবচেয়ে বড় দায় পড়ে অনুষ্ঠান আয়োজক কমিটির ওপর। ধিক্কার জানাই তাদের, তাদের উদাসীনতা এবং ঘটনার পর দায়সারা বক্তব্যের জন্য। সর্বোপরি প্রচণ্ড ক্ষোভে ধিক্কার জানাই, কলেজ কর্তৃপক্ষকে তাদের এমন অপরিণামদর্শিতার জন্য। আমাদের সমাজের কিছু পুরুষ এখনো নারীকে সম্মান করতে শেখেনি, সামাজিক পরিসর এখনো নারীবান্ধব হয়ে উঠেনি— এটা কারও অজানা নয়। তার পরও নারী অংশগ্রহণকারীদের জন্য কেন সে অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না এর জবাবদিহি আয়োজক কমিটিকে করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত সাংসদসহ অন্যান্য জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কেমন করে এমন ঘটনা ঘটে সেটাও এক বিস্ময়ের বিষয়। লাঞ্ছনাকারীরা বহিরাগত সন্ত্রাসীই হোক অথবা ছাত্র নামধারী কোনো রাজনৈতিক দলের কর্মীই হোক, অবধারিতভাবে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।ফারিহা, শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়। পুলিশের আধুনিকায়নএগিয়ে যাচ্ছে সভ্যতা। তার সঙ্গে এগিয়ে যাচ্ছে প্রযুক্তিও। দিন দিন তৈরি হচ্ছে নিত্যনতুন সব প্রযুক্তি। আর সেই সঙ্গে পাল্টে যাচ্ছে অপরাধের ধরন ও কৌশল। অপরাধ দমনের কৌশলও সমান তালে নবায়ন করতে হচ্ছে। উন্নত বিশ্বের দেশগুলোতে অপরাধ দমনে ব্যবহার হচ্ছে উন্নত প্রযুক্তি। আমাদের দেশে অপরাধ দমনকারী প্রধান বাহিনী পুলিশকেও আধুনিক করা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে; উন্নত প্রশিক্ষণের কিছু ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু পুলিশ বিভাগকে আধুনিকায়নের কাজটি হচ্ছে অত্যন্ত ধীরগতিতে। এ কাজে গতি আনতে সরকারকে আরও তত্পর হওয়া প্রয়োজন। আহমেদ শরীফ, সন্তোষ, টাঙ্গাইল ‘সমাজবিজ্ঞান অনুষদ’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সমাজবিজ্ঞান’ নামে একটি অনুষদের নামকরণ করা হয়েছে। সমাজবিজ্ঞান শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Sociology, যার বাংলা সমার্থ হচ্ছে সমাজবিদ্যা, সমাজতত্ত্ব। জাবির ‘সমাজবিজ্ঞান অনুষদ’-এর সঠিক ইংরেজি অনুবাদ Faculty of Sociology দ্বারা আসলে Faculty of Social Science বোঝানো হয়। Social Science-এর অনুবাদ হয় সামাজিক বিজ্ঞান। বাংলা একাডেমীর সংক্ষিপ্ত বাংলা অভিধানে বলা হয়েছে, মানব সমাজের উত্পত্তি, গঠন ও উত্কর্ষ বিধান সম্পর্কিত বিষয়গুলো যে বিজ্ঞানে আলোচিত হয় তাই সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান জ্ঞানের একটি শাখা মাত্র; অনেক শাখার সমষ্টিকরণ নয়। ঢাকা ও রাজশাহীসহ দেশের অন্যসব বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান একটি বিভাগ মাত্র এবং সামাজিক বিজ্ঞান একটি অনুষদ। তাই একটি বিভাগের নামে অনুষদের নামকরণ করা মানে শুধু অনুষদের অন্য বিভাগগুলোকে অসম্মান করাই নয় বরং অজ্ঞতার পরিচায়কও। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।বামমু আল আমীনশিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।