চিঠিপত্র
পাঠ্যপুস্তকে প্রতিবন্ধীএবারের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভাষণে বলেন, যে প্রতিষ্ঠান প্রতিবন্ধী ব্যক্তিদের ভর্তি করবে না, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা শোনার পর নিশ্চয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা সজাগ হয়েছেন।গত বছর জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত অষ্টম শ্রেণীর বাংলা বইয়ে নিরঞ্জন অধিকারীর লেখা ‘প্রতিবন্ধিতার প্রতিরোধ ও প্রতিকার’ এবং নবম ও দশম শ্রেণীর বাংলা বইয়ে গদ্য অধ্যায়ে মাহবুবুল আলমের ‘ওদের জন্য ভালোবাসা’ শীর্ষক প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে। ওইসব প্রবন্ধ ছাত্রছাত্রীরা পড়ার পর প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রতিবন্ধীদের বিষয়ে সচেতন হবে। যেসব সরকারি ও বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কাজ করেছে, তারা তৃণমূল পর্যায়ে জরিপ চালিয়ে দেখেছে, অনেক প্রতিবন্ধী মেধাবী ছাত্রছাত্রী শিক্ষক ও সহপাঠীদের নেতিবাচক আচরণের জন্য বিদ্যালয় ত্যাগ করেছে। প্রতিবন্ধী শিশুরা বেশি ঝরে পড়ে প্রাথমিক শ্রেণীতে থাকাবস্থায়। তাই প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের বইয়ে প্রতিবন্ধিতার বিষয়টি অন্তর্ভুক্ত থাকা উচিত। তা না হলে ছাত্রছাত্রীদের সচেতন হতে সময় লাগবে। আজমাল হোসেন[email protected]পার্কের দুরবস্থাইট, কাঠ, পাথরে বন্দী ঢাকা শহরের মানুষজন ছুটে যায় পার্কগুলোতে একটু মুক্ত বাতাসের আশায়। বিনোদনের কেন্দ্র হিসেবেও পার্ক যথেষ্ট জনপ্রিয়। তাই নানা বয়সের মানুষ বেড়াতে আসে এসব পার্কে। ঢাকা শহরে মানুষের তুলনায় পার্কের সংখ্যা নগণ্য। দুঃখের ব্যাপার হলো, এই অল্প কয়েকটি পার্কের প্রতিও কর্তৃপক্ষের চরম অবহেলা চোখে পড়ার মতো। পার্কগুলোয় পরিষ্কার-পরিচ্ছন্নতার যথেষ্ট অভাব লক্ষ করা যায়। পার্কে বসবাসরত ভাসমান ব্যক্তি, মাদকসেবী ও ছিনতাইকারীদের উত্পাত এখন চরমে পৌঁছেছে। তা সত্ত্বেও পার্কগুলোতে সব সময় ভিড় লেগে থাকে। কারণ নগরবাসীর আর কোথাও যাওয়ার জায়গা নেই। তাই ঢাকা সিটি করপোরেশনের প্রতি অনুরোধ, পার্কগুলোর দুরবস্থা দূর করে নগরবাসীর ভ্রমণের উপযোগী করে তুলুন।মো. তানভীর মাহমুদশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সবুজ মরুকরণবিভিন্ন সময় বৃক্ষরোপণ প্রকল্পের আওতায় আমাদের দেশের পরিবেশবান্ধব বৃক্ষ বাদ দিয়ে ইউক্যালিপটাস মেহগনি, রেইনট্রির মতো বৃক্ষ নির্বাচন করা হয়। দুঃখের বিষয়, আজকাল অনেককেই বাণিজ্যিকভাবে লাভবান দ্রুতবর্ধনশীল এসব বৃক্ষের ব্যাপারে অতি উত্সাহী বলে মনে হয়। কিন্তু বৃক্ষরোপণের ক্ষেত্রে অবশ্যই একটি দেশের পরিবেশ-পারিপার্শ্বিকতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। পরিবেশ বিজ্ঞানীদের মতে, দেশজ বৃক্ষগুলো আপাতদৃষ্টিতে মূল্যহীন মনে হলেও এসব বৃক্ষ খাদ্যশৃঙ্খলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়াও এসব বৃক্ষ কীটপতঙ্গ, পশুপাখি ও বিভিন্ন ওষুধি লতাগুল্মের বিশ্বস্ত আশ্রয়। বিজ্ঞানীদের হিসাবমতে, পৃথিবীতে মানুষের চেয়ে কীটপতঙ্গের সংখ্যা কম করে হলেও ৩০ কোটি গুণ বেশি। যাদের শতকরা ৯৯ ভাগই উপকারী। অথচ দ্রুতবর্ধনশীল এসব বৃক্ষের আশপাশে কীটপতঙ্গ, পাখ-পাখালি ও ওষুধি লতা দেখা যায় না বললেই চলে। অনেকে আশঙ্কা প্রকাশ করেন যে এভাবে বিদেশি বৃক্ষের বনায়ন হতে থাকলে একসময় আমাদের এ দেশ ‘সবুজ মরুভূমিতে’ পরিণত হবে। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্টদের চিন্তা করা উচিত, প্রয়োজনে ‘সবুজ মরুকরণ’ বন্ধে আইন প্রণয়ন করতে হবে।সোহাইলশিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ।