চিঠিপত্র
অপ্রত্যাশিত আচরণসম্প্রতি প্রথম আলোয় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, বাংলাদেশের প্রধান বিচারপতি একটি আঞ্চলিক সংগঠনের কাছ থেকে সংবর্ধনা নিয়েছেন। যে সংগঠন তাঁকে সংবর্ধনা দিয়েছে তার সভাপতির স্বার্থ-সংশ্লিষ্ট একটি মামলার শুনানি তাঁর নেতৃত্বে সেদিন অনুষ্ঠিত হয়েছে। এর আগে তিনি ঢাকার অদূরে দুটি পিকনিকে যোগ দিয়েছেন। বিচারকদের সামাজিকতা পালনের নৈতিক সীমারেখা থাকা উচিত। একজন বিচারক চাইলেই সব অনুষ্ঠানে যোগ দিতে পারেন না। কারণ এখানে তাঁর নিরপেক্ষতার প্রশ্ন জড়িত। সাংবিধানিক মহান যে দায়িত্ব তাঁর ওপর অর্পিত, তাকে তিনি বিতর্কিত করতে পারেন না। আইন ও বিচার-সংশ্লিষ্ট বিষয় ব্যতীত কোনো প্রতিষ্ঠান বা অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে প্রধান বিচারপতির যেখানে বিধিনিষেধ রয়েছে, সেখানে তিনি বিচারিক স্বার্থ জড়িত এমন ব্যক্তির কাছ থেকে ক্রেস্ট নিলেন। এটি শুধু আইনের দৃষ্টিতে দেখতে অনৈতিকই নয়, বেমানানও বটে। তিনি ব্যক্তিস্বার্থের কথা চিন্তা করে সংবিধান সমুন্নত রাখার শপথ নেননি। তাঁর এ ধরনের কার্যক্রম আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থার গায়ে কালিমা লেপন করবে; ভাবমূর্তি উজ্জ্বল করবে না। এ ছাড়া তিনি আপিল বিভাগের বিচারপতি থাকাকালে ওই সংগঠনের ট্রাস্টি ছিলেন, যা আইনবিরোধী। এ ধরনের কার্যক্রম থেকে আমাদের বিচারকদের গুটিয়ে নেওয়া উচিত। মনে রাখা উচিত, তিনি কেবল বিচারক নন, নিরপেক্ষতার প্রতীকও বটে। এ ঘটনার পর আরও এক কাঠি এগিয়ে তাঁর নামে ছবি-সংবলিত পোস্টার ছাপিয়ে চট্টগ্রামের পটিয়ায় সংবর্ধনার ব্যবস্থা করা হচ্ছে এবং এতে তাঁর সম্মতিও আছে বলে জানতে পারলাম। বিচারক হিসেবে নিজেকে প্রশ্নবিদ্ধ না করে বরং মানুষের আস্থা ও নিরপেক্ষতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। মো. রাইসুল ইসলামঢাকা।বিদ্যুৎ সংযোগ খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কয়েকটি গ্রাম এখনো বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত। বিদ্যুৎ পাওয়ার আশায় গ্রামবাসী ২০০১ সাল থেকে এখন পর্যন্ত আবেদন করে আসছে। বিদ্যুৎ প্রাপ্তির আশ্বাস পাওয়া গেছে অনেক কিন্তু বিদ্যুৎ পাওয়া যায়নি। অথচ এই কয়েকটি গ্রাম ছাড়া আশপাশের সব কয়টি গ্রামে বিদ্যুৎ রয়েছে। এ গ্রামগুলোয় রয়েছে চার-পাঁচটি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি নতুন কলেজ। কিন্তু বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী তথা সমগ্র মানুষের জীবনযাত্রার মান বাড়ছে না। রেজিস্ট্রেশনের সময় কম্পিউটার বিষয় নিয়েও শিক্ষার্থীরা এখন পর্যন্ত কম্পিউটারের সামনে বসতে পারেনি। এখানের দরিদ্র কৃষকেরাও এ অবস্থার জন্য কাঙ্ক্ষিত ফসল ফলাতে পারছে না। অনতিবিলম্বে বিদ্যুত্ সংযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মুরারী মোহন দত্ত দৌলতপুর, খুলনা।