চিঠিপত্র
রাজশাহী বিশ্ববিদ্যালয়গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় এক শিক্ষার্থী নিহত হওয়ার কারণে ক্যাম্পাস শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। আবাসিক হলগুলো এখনো অনেকাংশে ফাঁকা। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদিও পড়ালেখার পরিবেশ নিয়ে বরাবরই ইতিবাচক কথা বলছে, কিন্তু তাতেও শিক্ষার্থীদের আতঙ্ক দূর হচ্ছে না। বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও অভিভাবকেরা সন্তানদের বিশ্ববিদ্যালয়ে পাঠাতে সংকোচবোধ করছেন। কিছুদিন পরপর রাজনৈতিক বিরোধে বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার পরিবেশ ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাম্প্রতিক সময়ে শিক্ষাঙ্গনের অস্থিরতা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়েই নয়, দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠানেই ছড়িয়ে পড়েছে। তাই দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আশু পদক্ষেপ নেওয়ার জন্য দেশের কর্ণধারদের কাছে আবেদন জানাই। ইমতিয়াজ মুনিমশিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।অনিশ্চয়তাগত ১ জানুয়ারি স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১০ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করা হবে। ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেছে, তবুও মৌখিক পরীক্ষার ফল প্রকাশ হয়নি। এমনকি কখন প্রকাশ হবে তারও কোনো ঠিক নেই। অনেক শিক্ষিত বেকার বুকভরা আশা নিয়ে একটি চাকরির জন্য আবেদন করে। তাদের হতাশা, অপেক্ষার তিক্ত প্রহর গোনা কি কর্তৃপক্ষের হূদয়ে কখনোই দোলা দেয় না? সমস্যা থাকবেই; তাই কর্তৃপক্ষ যদি কথা দিয়ে কথা না রাখতে পারে, তবে সেটা তাদের ব্যর্থতা। শুধু স্বাস্থ্য সহকারী নয়, এ দেশের অনেক চাকরির ক্ষেত্রে একই চিত্র দেখা যায়। আর এ জন্যই আমরা জাতি হিসেবে অনেক পিছিয়ে আছি। অতএব কর্তৃপক্ষের কাছে আবেদন, স্বাস্থ্য সহকারী নিয়োগ করে ওইসব বেকারকে এবং উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসমস্যা দূর করে দেশকে এগিয়ে নিয়ে যান।আতিকসিলেট।শিক্ষায় অপরাধবিজ্ঞানমওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সের মতো স্নাতক কোর্স করার সুযোগ আছে। দেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ে এই সুযোগ নেই। এ বিভাগের শিক্ষার্থীদের অপরাধতত্ত্ব, পুলিশি ব্যবস্থা, মানবাধিকার, অপরাধ মনস্তত্ত্ব, আইন, কিশোর অপরাধসহ নানা বিষয়ে শিক্ষাদান করা হয়; যা তাদের দক্ষ অপরাধতাত্ত্বিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আর এসব বিষয়ে পাঠদান করার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, ও বিভাগটির শিক্ষকেরা নিয়োজিত। ফলে অপরাধতত্ত্ব এবং পুলিশিং সিস্টেমসহ আরও নানা বিষয়ে শিক্ষার্থীরা দক্ষ হয়ে উঠছে; বাংলাদেশের মতো দেশের জন্য এটি বিশেষভাবে দরকার। ঠিকমতো পৃষ্ঠপোষকতা পেলে এখানে যাঁরা শিক্ষালাভ করবেন তাঁরা বাংলাদেশের পুলিশ বিভাগসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থায় আরও দক্ষ জনশক্তি হিসেবে কাজ করতে পারবেন; এসব সংস্থার উন্নতি এবং আধুনিক, যুগোপযোগী ও দক্ষ করে তোলার ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে সক্ষম হবেন। আর এটা সম্ভব হলে, বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা বিভাগে আমূল পরিবর্তন আসবে বলে মনে হয়। আহমেদ শরীফশিক্ষার্থী, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।তিতাস নদী খননতিতাস নদী মরে যাচ্ছে। তিতাস নদীর পাশে কৃষকেরা চাষের জন্য পানি পাচ্ছেন না। জেলেরা পাচ্ছেন না মাছ। একসময়ের খরস্রোতা নদী আজ স্থবির হয়ে পড়েছে। একসময় নদীর বুকে ছিল অথৈ পানি, ঢেউ। পালতোলা নৌকা, মাঝির গান, জেলেরা মাছ ধরার দৃশ্য শোভা পেত। অথচ আজ নদী যৌবনহারা। তিতাসের প্রাণ ফিরিয়ে আনার জন্য দরকার নদীটির পুনর্খনন। আবদুর রহমানকুমিল্লা।