চিঠিপত্র
প্লট-বাণিজ্যচট্টগ্রাম সিটি করপোরেশন একটি বিদ্যালয়ের খেলার মাঠকে প্লট করে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে (প্রথম আলো, ৩ মার্চ)। আশপাশের সাতটি বিদ্যালয়ের প্রায় ছয় হাজার শিক্ষার্থীর খেলাধুলার একমাত্র মাঠ এটি। শহরের ভেতর ফাঁকা জায়গার অভাব। এখানে এলাকার সামাজিক অনুষ্ঠানও হয়। তাই নগর কর্তৃপক্ষের বরং উচিত এসব জায়গা যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করে শিশু-কিশোরদের জন্য খেলাধুলা ও বিনোদনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। কিন্তু তা না করে চট্টগ্রাম সিটি করপোরেশন উল্টো ভূমিকায় অবতীর্ণ হয়েছে। প্লট ব্যবসায় হয়তো অর্থ কামানো যাবে কিন্তু শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশের কথাও তো ভাবতে হবে। আমরা আগেও দেখেছি, চট্টগ্রাম সিটি করপোরেশন বারবার এ রকম বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে পরে ব্যাপক আন্দোলনের মুখে সে সিদ্ধান্ত থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে। একবার এক ঐতিহ্যবাহী বিদ্যালয় ভেঙে সেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের চেষ্টা করেছিলেন মেয়র। এ নিয়ে ব্যাপক আন্দোলনের সৃষ্টি হয়। একপর্যায়ে এই ঘটনায় দেশব্যাপী ক্ষোভের সৃষ্টি হয় এবং সরকারের শীর্ষ নেতৃত্ব মেয়রের ওপর অসন্তুষ্ট হন। পুরো পরিস্থিতি যখন একেবারে লেজেগোবরে অবস্থার মতো হয়, তখন মেয়রের টনক নড়ে এবং তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।জনমতের বিপক্ষে কোনো কাজ করলে অতি জনপ্রিয় নেতার জনপ্রিয়তাও শূন্যের কোঠায় নেমে যেতে পারে, তা মেয়র নিশ্চয় জানেন। তাই আমরা আশা করব, সে রকম কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে বিদ্যালয়ের খেলার মাঠকে প্লট করে বিক্রির সিদ্ধান্ত থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ সরে আসবে।কাজী জোবায়েদআদমদীঘি, বগুড়া।সঞ্চয়পত্রের সুদসম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে, সঞ্চয়পত্রের সুদের বর্তমান হার কমানোর জন্য অর্থমন্ত্রী একটি কমিটি গঠন করেছেন। যাঁরা বৃদ্ধ, রোগাক্রান্ত ও উপার্জনে অক্ষম, তাঁরা সঞ্চয়পত্রের আয়ের ওপর নির্ভর করে সংসার চালান। সারা জীবনের সঞ্চয় জমা রেখে সরকার যা দেয়, তা দ্বারাই কোনো রকমে জীবনযাত্রা নির্বাহ করেন। সঞ্চয়পত্রের ওপর নির্ভরশীল সিংহভাগ ব্যক্তিই নিম্নমধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত। এই সঞ্চয়পত্র থেকে পাওয়া অর্থেই তাঁদের চলতে হয়। এই সঞ্চয়পত্রের সুদ না কমালে সমাজের এই মানুষগুলো কোনো রকমে বাঁচতে পারেন। আশা করি বর্তমান গণতান্ত্রিক সরকার তাঁদের এই বৃদ্ধ বয়সে অর্থকষ্টে ফেলার মতো কোন পদক্ষেপ গ্রহণ করবে না। বেগম করিমুন্নেছাদৌলতপুর, কুষ্টিয়া।পেনশনারদের ভাতাদ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় সরকার ২০০৮ সালের জুলাই মাস থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, একই সুবিধা পেনশনারদেরও দেওয়া হয়। এরপর ২০০৯ সালের জুলাই মাস থেকে নতুন বেতনক্রম চালু হয় এবং পেনশনারদের কষ্ট লাঘবের জন্য তাদের পেনশনের সঙ্গে আরও ৫০ শতাংশ সংযোগ চালু করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু এবার বিগত বছরে দেওয়া ২০ শতাংশ মহার্ঘ ভাতা কেটে নেওয়া হচ্ছে। গরিব ও বেকার পেনশনারদের দেওয়া এ সুবিধা ফেরত নেওয়া নজিরবিহীন। এটি একটি গর্হিত ও অন্যায় কাজ হয়েছে বলে আমার মনে হয়। আশা করি, সরকার বিষয়টির প্রতি সুনজর দিয়ে পুনর্বিবেচনা করে দেখবে।আবদুল বারি, রাজশাহী।টেক্সটাইল ইনস্টিটিউটবাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ও বস্ত্র দপ্তর কর্তৃক পরিচালিত ‘ছয়টি টেক্সটাইল ইনস্টিটিউটকে আধুনিকীকরণ’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের প্রায় ১৫০ জন শিক্ষক-কর্মচারী গত ১৪ মাস বেতন না পেয়ে মানবেতর জীবন অতিবাহিত করছেন এবং টেক্সটাইল শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে।১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের চালু করা ছয়টি টেক্সটাইল ইনস্টিটিউটকে আধুনিকীকরণের উন্নয়ন প্রকল্পের আওতায় ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ১৫০ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। প্রকল্পটি ২০০০ সালে শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন মেয়াদে সময় বৃদ্ধি করে ২০০৭ সালের ৩০ জুন তা শেষ করা হয়।২০০৮ সালের ৩০ অক্টোবর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জারি করা এক পত্রে সমাপ্ত হওয়া এই প্রকল্পের আওতায় নিয়োজিত জনবলসহ শিক্ষা কার্যক্রম বহাল রাখার নির্দেশ দিলেও বেতন-ভাতা ও চাকরি রাজস্ব খাতে নেওয়ার কোনো ব্যবস্থা অদ্যাবধি করা হয়নি। ২০০১ সালে প্রকল্পটি শেষ করে, রাজস্ব খাতে নেওয়ার কথা থাকলেও প্রকল্পটি রাজস্ব খাতে না নিয়ে এবং বেতন-ভাতা নিয়মিত না দিয়ে প্রকল্পের ১৫০ জন শিক্ষক-কর্মচারীর জীবন আজ বিভীষিকাময় করে রাখা হয়েছে।অথচ আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত বস্ত্র খাতের জন্য দক্ষ জনবল তৈরিতে এই জনবলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই প্রকল্পের সবার বেতন-ভাতা নিয়মিত করা এবং চাকরি রাজস্ব খাতে নেওয়ার পথে সব প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি।নাম প্রকাশে অনিচ্ছুক, পাবনা।