চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী নেত্রীর নিরাপত্তাবিরোধীদলীয় নেত্রীর নিরাপত্তা আরও জোরদার করতে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এটি একটি ইতিবাচক ঘটনা। তবে বিরোধীদলীয় নেত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ নিয়োগের ব্যবস্থা করলে ভালো হয়। বিরোধী দল বিএনপির দাবিও তা-ই। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিরোধীদলীয় নেত্রীর এসএসএফ নিরাপত্তাব্যবস্থা আইন বিএনপি সরকারই বাতিল করেছে শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রী থাকার সময়। তাই আইন না থাকায় খালেদা জিয়াকে সে সুবিধা এখন দেওয়া যাচ্ছে না।কিন্তু সরকারের এ ধরনের মনোভাব মেনে নেওয়া কঠিন। জনগণ দিনবদলের প্রতিশ্রুতি পেয়ে আওয়ামী লীগকে ব্যাপকভাবে সমর্থন দিয়ে ক্ষমতাসীন করেছে। এখন যদি তারা নির্বাচিত হয়ে পরিবর্তনের প্রতিশ্রুতি ভুলে গিয়ে সবকিছুতে আগের মতো নেতিবাচক মনোভাব দেখান, তাহলে জনগণ সরকারের ওপর তাঁদের আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলবে।এখন সরকার যদি মনে করে, যেহেতু বিএনপি সরকার ‘অধমের’ মতো কাজ করেছে, তবে আমরা কেন ‘উত্তমের’ মতো কাজ করব—তাহলে জনগণ প্রচণ্ডভাবে আশাহত হবে। জাতির দুর্ভাগ্য যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিই এ রকম: যখন যে দল ক্ষমতায় থাকে তাঁরা ভাবে, সারা জীবনই ক্ষমতায় থাকবে; কখনোই বিরোধী দলে যাবে না। সে বিবেচনাতেই হয়তো তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার বিরোধীদলীয় নেত্রীর এসএসএফ নিরাপত্তাব্যবস্থা আইন বাতিল করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হয়তো ভাবছেন, তিনি আজীবন প্রধানমন্ত্রী থাকবেন; তাই বিরোধী দলের প্রধান নেত্রীর জন্য এসএসএফ নিরাপত্তাব্যবস্থা পুনর্বহাল করার প্রয়োজন নেই।আমরা কবে এমন একটি বাংলাদেশ পাব, যেখানে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে ক্ষমতার চেয়ারে বসে, একদিন এই চেয়ার ছেড়ে দিতে হবে—এ কথা ভুলে যাবেন না।কাজী জোবায়েদ আদমদীঘি, বগুড়া।আত্মস্বীকৃত দুর্নীতিবাজদুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকারের প্রতি দেশের মানুষের প্রত্যাশা, একটি দুর্নীতিমুক্ত সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। কিন্তু দুঃখের বিষয়, এ সরকারের অধীন প্রশাসনে অর্থাত্ সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও পরিদপ্তরে আত্মস্বীকৃত দুর্নীতিবাজেরা বহাল তবিয়তে দাপটের সঙ্গে চাকরি করে যাচ্ছেন এবং পদোন্নতিসহ কোনো কোনো সংস্থার সর্বোচ্চ পদে বসার স্বপ্ন দেখছেন। সরকারি চাকরিবিধি অনুযায়ী দুর্নীতিবাজ কর্মকর্তার শাস্তি হচ্ছে চাকরি থেকে বরখাস্ত অথবা অপসারণ। অথচ আজ আত্মস্বীকৃত দুর্নীতিবাজেরা সরকারি চাকরিতে পুরস্কৃত হচ্ছেন। এটি সরকার কর্তৃক ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পূরণের ক্ষেত্রে শুভ লক্ষণ নয়। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক সরকারি কর্মকর্তা, রামপুরা, ঢাকা।ভুয়া চিকিৎসকসরকারের ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স অনুযায়ী গঠিত একটি বিধিবদ্ধ সংস্থা হলো বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক বোর্ড। বোর্ড কর্তৃক রেজিস্টার্ড ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের জন্য ২৪টি অবশ্যপালনীয় আচরণবিধি ও নীতিমালা রয়েছে। সেই নীতিমালার ১০ নম্বরটির শেষাংশে উল্লেখ রয়েছে, কখনো কোনো চিকিৎসক কোনো রোগীর বা রোগের চিকিৎসার ব্যাপারে কোনোরূপ গ্যারান্টি বা আরোগ্যের নিশ্চয়তা দিতে পারবেন না।বর্তমানে বাংলাদেশের শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে, পাড়ায়-মহল্লায় অসংখ্য চমকপ্রদ সাইনবোর্ড ও পোস্টার দেখতে পাওয়া যায়। এখানে জটিল সব রোগ থেকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে স্থায়ীভাবে আরোগ্য লাভ করবে বলে ১০০ ভাগ গ্যারান্টি দেওয়া হচ্ছে। এসবের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এ ধরনের চিকিৎসকদের ভুল চিকিৎসায় জনগণের অপূরণীয় ক্ষতি হচ্ছে।অজ্ঞতার কারণে অশোধিত ভেষজ দিয়ে ওষুধ তৈরি করে রোগীদের ওপর প্রয়োগ করায় তীব্র বিষক্রিয়ার সৃষ্টি হয়। এমনকি রোগীর মৃত্যুও হয়ে থাকে। গ্রাম-গঞ্জে এ রকম ঘটনা অহরহ ঘটছে। সম্প্রতি টাঙ্গাইল জেলায় ঘাটাইল উপজেলায় এক হাতুড়ে কবিরাজের তৈরি হালুয়া খেয়ে পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে। সে খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। হালুয়া তৈরি করা হয় একাধিক উপাদানের যৌগিক সংমিশ্রণে। উপাদানগুলোর মধ্যে অজ্ঞ চিকিৎসক হয়তো বা কোনো বিষাক্ত ভেষজ শাস্ত্রীয় পদ্ধতিতে শোধন না করেই সংমিশ্রণ করেছিলেন এবং রোগীর বয়স ও ওজন অনুসারে ওষুধ সেবনের মাত্রাও হয়তো বেশি হয়েছিল। শোধন ব্যতীত ওষুধ প্রয়োগ এবং সেবনের মাত্রা সঠিকভাবে নির্ধারণ করতে না পারাই রোগীদের মৃত্যুর প্রধান কারণ।জনগণকে এ ধরনের প্রতারক চিকিৎসকদের ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যে প্রত্যেক জেলায় ওষুধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) নিয়োজিত রয়েছেন। কিন্তু অজ্ঞাত কারণে ড্রাগ সুপাররা ওই সব ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না। সরকারের ওষুধ প্রশাসন পরিদপ্তরের পরিচালকের কাছে আমার সরল জিজ্ঞাসা—গ্রাম-গঞ্জে, হাট-বাজারে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ভুয়া চিকিৎসকদের ফাঁদ থেকে জনসাধারণকে রক্ষায় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কি?মো. মতিয়ার রহমানকালিহাতী, টাঙ্গাইল।