চিঠিপত্র
হাঁটার পথরাজধানী ঢাকার ১৬৩ কিলোমিটার ফুটপাতের মধ্যে প্রায় ১৫০ কিলোমিটারই বিভিন্নভাবে দখল হয়ে গেছে। কয়েকটি ভিআইপি সড়ক, নামীদামি হোটেল ছাড়া সব ফুটপাতই চা-সিগারেট আর কাপড়ের দোকানের দখলে। ফুটপাত দিয়ে হাঁটার জো নেই মানুষের। এ থেকে নিস্তার মিলবে কবে, সেই জবাব কে দেবে?মো. দেলোয়ার হোসেন, শিক্ষার্থীঢাকা কলেজ।বৃক্ষরোপণযদি আমরা সবাই যার যার সীমানা অনুযায়ী জায়গায় গন্ধরাজ, গোলাপ, পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, বকুল, বেলির মতো কিছু ফুলগাছ ও তাল, কমলা, আম, কাঁঠাল, পেয়ারা, আপেল, লিচুর মতো কিছু ফলের গাছ রোপণ করি, তাহলে আগামী দিনের জন্য অনেক সুন্দর। ফুল ও ফলের গাছ পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি করবে। এই গাছ আমাদের ফুল, ফল, ছায়া, মায়া, কাঠ ও খাদ্য দেবে। আর পৃথিবীর রূপ বদলের সঙ্গে সঙ্গে মানুষের মনও বদলে দেবে। মানুষের মনে থাকবে সুখ, শান্তি আর অফুরান ভালোবাসা। দিপুনবাবগঞ্জ, ঢাকা। স্থাননাম ও রাজনীতিস্থানের নাম ও এর বানান পরিবর্তন একটি ঐতিহাসিক ও রাজনৈতিক বাতিক। মোগলদেরও এই বাতিক ছিল। ‘এলাহাবাদ’, ‘ফতেহপুর’, ‘ঔরঙ্গাবাদ’, ‘জাহাঙ্গীরনগর’ ইত্যাদি তার প্রমাণ। স্থাননাম পরিবর্তনে উত্সাহী লোকের অভাব কখনোই ছিল না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঢাকার জিন্নাহ এভিনিউ বঙ্গবন্ধু এভিনিউতে রূপান্তরিত হলো। অথচ নতুন রাস্তা বানিয়ে সে রাস্তার নাম ‘বঙ্গবন্ধু এভিনিউ’ দিয়ে বঙ্গবন্ধুকে সম্মান জানান যেত। পুরো পাকিস্তান আমলজুড়ে তেজগাঁও বিমানবন্দর নাম বহাল ছিল। কুর্মিটোলায় বিমানবন্দর তৈরি শেষ হতে না হতেই জিয়াউর রহমানের নাম মুছে দিল কুর্মিটোলাকে। এখন আবার জিয়াউর রহমানের নাম মুছে হজরত শাহজালালের নামে রাখা হয়েছে বিমানবন্দরের নাম। এটা ঠিক যে, নাম পরিবর্তনের যে জোয়ার চলছে, তা শুরু করেছে বিএনপি। কিন্তু আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই নাম পরিবর্তনে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করছে। বিএনপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, ক্ষমতায় এসে তাঁরা এ নামগুলো আবার পাল্টে রাখবে। যদি তাই হয়, তবে তাতে কি হজরত শাহজালালের সম্মান বৃদ্ধি পাবে? কেন রাজনৈতিক স্বার্থে ইতিহাসের নায়কদের নাম ব্যবহার করে তাদের অযথা বিতর্কে জড়ানো হচ্ছে? একবার সরকারি দল এক নাম রাখবে, আবার বিরোধী দল এসে তা বদলে দেবে—এই বালখিল্য ও জনগণের অর্থের অপচয় বন্ধ করা প্রয়োজন। এরশাদ ঢাকার ইংরেজি বানান বদলে দিয়েছিলেন। এটিও ছিল জনগণের অর্থের অপচয়, কারণ ইংরেজি ধ্বনিতত্ত্ব অনুসারে ‘ঢ’-এর উষ্ম উচ্চারণ সম্ভব নয় বলে ইংরেজিভাষীরা Dhaka বানানের উচ্চারণ করবে ‘ড্যাকা’ বা ‘ডাকা’। সুতরাং বানান পরিবর্তনের মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়েছে।পৃথিবীর অনেক দেশেই একটি টোপোনিমিক্যাল কমিশন রয়েছে, যার অন্যতম প্রধান কাজ হচ্ছে পুরাতাত্ত্বিক নিদর্শন বা ইমারতের মতো কোনো বিশেষ অঞ্চলের স্থাননাম সংরক্ষণ করা। কোনো সরকার বা প্রতিষ্ঠান যদি কোনো স্থানের নাম বা নামের বানান পরিবর্তন করতে চায়, তবে এই টোপোনিমিক্যাল কমিশনের অনুমতি নিতে হয়। ‘টোপোনিমি’ কথাটার উত্পত্তি দুটি গ্রিক শব্দ ‘টোপোস’ (স্থান) আর ‘ওনোমা’ (নাম) থেকে। এটি একটি বিজ্ঞান, যার কাজ হচ্ছে স্থাননামের ইতিহাস ও ব্যুত্পত্তি অনুসন্ধান করা। মহাস্থানগড়ের ইট খুলে এনে যেমন আপনি নিজের ড্রইংরুমে লাগাতে পারেন না, তেমনি কোনো স্থাননাম বা এর বানানও আপনি আপনার খেয়ালখুশি মতো বদলাতে পারেন না, তা সে আপনি যেই হোন না কেন! বাংলাদেশেও এ রকম একটি কমিশন গঠন করা যেতে পারে এবং কমিশনের অনুমতি পাওয়া সাপেক্ষেই শুধু স্থাননাম ও এর বানান পরিবর্তন করা যেতে পারে। শিশির ভট্টাচার্য্যঢাকা বিশ্ববিদ্যালয়।[email protected]বিশ্ববিদ্যালয় খুলে দিনতিন মাস হলো চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়টি বন্ধ রয়েছে। অথচ খুলে দেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ নেই। বাংলাদেশ ছাত্রলীগ উপাচার্যের পদত্যাগ দাবি করে আন্দোলন শুরু করলে বিশ্ববিদ্যালয়টি বন্ধ করে দেওয়া হয়। এত দিনেও বিশ্ববিদ্যালয়টি না খুলে দেওয়ার কারণে শিক্ষার্থীদের জীবনে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন আজ হুমকির মুখে। অথচ কারও এ ব্যাপারে কোনো দৃষ্টি নেই। একটি বিশ্ববিদ্যালয় দিনের পর দিন বন্ধ রেখে কীভাবে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে উঠবে, তা আমরা বুঝতে পারি না। তাই শিক্ষাসংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বিশ্ববিদ্যালয়টি খুলে দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষা করা হোক। সাদিক আল মাহাদীচট্টগ্রাম।ব্যাংকের শাখাচাঁদপুরের শাহরাস্তি উপজেলার হোসেনপুর বাজার এলাকার জনগণ আর্থিক লেনদেন ও ব্যবসা পরিচালনা করে ঝুঁকি নিয়ে। হোসেনপুর বাজার চাঁদপুর জেলার মধ্যে সর্ববৃহত্ স্বর্ণ শিল্প এলাকা হিসেবে পরিচিত। হোসেনপুর বাজারের জুয়েলারি দোকান ও পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান এবং কয়েকটি স্থানীয় এনজিওর অর্থ লেনদেনে প্রতিনিয়ত নানা সমস্যায় পড়তে হচ্ছে। এ এলাকার বিপুলসংখ্যক মানুষ প্রবাসী। তাঁদের বিদেশ থেকে টাকা পাঠাতে হলে উপজেলা সদর ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই হোসেনপুর বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখা খোলা প্রয়োজন। এটা করা হলে প্রায় এক লাখ মানুষ উপকৃত হবে এবং প্রতিষ্ঠানটিও লাভবান হবে। মো. আবদুস সালামশাহরাস্তি, চাঁদপুর।