চিঠিপত্র
ছাত্রলীগবর্তমান সরকারের সফলতা ও জনগণের মাঝে বাংলাদেশ ছাত্রলীগ যেন একটি অস্বচ্ছ প্রাচীর। যে প্রাচীরের জন্য জনগণ সরকারের সফলতা দেখতে পাচ্ছে না। শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট কোনো কর্মসূচিহীন ছাত্রলীগ মূলত সরকারের ভাবমূর্তি নষ্ট করায় লিপ্ত। পত্রিকার পাতায় চোখ বুলালেই এদের সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। সরকারের কাছে আবেদন, অতিসত্বর ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। জনগণ যাতে বুঝতে পারে সরকার কোনো মাস্তানবাহিনীর পৃষ্ঠপোষক নয়। যেসব ছাত্রসংগঠন দেশের ছাত্রদের অধিকার আদায়ে সংগ্রাম না করে নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও নিজেদের স্বার্থ আদায়ে লিপ্ত, সেসব ছাত্রসংগঠন আমরা চাই না। আরিফ, ঢাকা।রেলওয়েবাংলাদেশ রেলওয়ে একটি সফল খাত হওয়ার সম্ভাবনা সব সময় ছিল। কিন্তু চরম অবহেলা, কঠোর নীতিমালা ও সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে দিন দিন এটি জনগণের আস্থা হারাচ্ছে। নিজস্ব ঐতিহ্য হারিয়ে এটি একটি সরকারি অলাভজনক খাত হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে তার কার্যক্রমকে একধাপ এগিয়ে নেওয়ার জন্য ১৯৮৬ সালে যুক্ত করে আন্তনগর ট্রেন সার্ভিস। বর্তমানে ৪৮টি আন্তনগর ট্রেন থাকলেও হাতে গোনা কয়েকটি বাদে অন্যগুলো যথাসময়ে যাত্রা করে না, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় না। যাত্রীরা নির্দিষ্ট সময়ে যাওয়া-আসা করতে পারেন না। অতিরিক্ত ভোগান্তি থেকে রক্ষা পাওয়ার জন্য সড়কপথের দিকে ধাবিত হন তাঁরা। অতিরিক্ত যাত্রীর কারণে সড়কপথে চাপ বেড়ে যায়, যা সড়ক দুর্ঘটনা বাড়ার অন্যতম একটি কারণ। আমার জানা মতে, প্রতিটি আন্তনগর ট্রেনে একের বেশি উচ্চপদস্থ টিকিট চেকার থাকেন, কিন্তু তার পরও প্রত্যেক যাত্রীর টিকিট চেক না হওয়ার কারণ ও বিনা টিকিটে যাত্রী থাকার কারণ আমার অজানা। এটা কি তাঁদের দায়িত্বে অবহেলা নয়? প্রতিটি বগিতে একজন অ্যাটেনডেন্ট থাকার পরেও চলন্ত অবস্থায় ট্রেনের দরজা খোলা, যাত্রীদের বরাদ্দকৃত সুযোগ-সুবিধা এবং তাদের চেহারা কেন দেখা যায় না, তাও অজানা। বর্তমানে ট্রেনের ভাড়া একধাপ বাড়লেও বাড়েনি অভ্যন্তরীণ বিভিন্ন সুযোগ-সুবিধা, নেই প্রতিটি বগিতে পানির সুব্যবস্থা, নিরাপত্তা প্রহরীর টহল, যাত্রীদের পরিচ্ছন্ন সিটের ব্যবস্থা। প্রায় প্রতিটি আন্তনগর ট্রেনের ভেতরে একটি খাবারের বগি থাকে, কিন্তু সেই বগিতে নেই পর্যাপ্ত খাবারের আইটেম। আর যেসব আইটেম আছে, সেগুলোর দাম বহুগুণ বেশি, যা যাত্রীদের নাগালের বাইরে। ফলে দীর্ঘ যাত্রাপথে যাত্রীদের হকারদের কাছ থেকে নোংরা খাবার কিনে খেতে হয়। উল্লিখিত সমস্যাগুলো সমাধানে ও প্রতিটি স্টেশনকে কম্পিউটারাইজ করে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রত্যয়কে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ে ও বর্তমান সরকারের কাছে অনুরোধ, সমস্যাগুলো অবিলম্বে নিরসন করে বাংলাদেশ রেলওয়ে ভ্রমণ নিরাপদ ও আনন্দময় করে তোলা হোক—এটাই আমাদের কাম্য। দামোদর সাহা, শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়।ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল গত ২৫ ডিসেম্বর। অযৌক্তিক কারণ দেখিয়ে ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল। এখনো বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে না। আর কিছুদিন পর নতুন আরও একটি আবর্তন বিশ্ববিদ্যালয়ে আসার সময় হয়ে যাবে। বাংলাদেশ ছাত্রলীগের কিছু সদস্যের কাছে সাধারণ শিক্ষার্থী সবাই তাহলে কি জিম্মি হয়েই থাকবে? এ পথেই কি আমরা স্বপ্ন দেখব ডিজিটাল বাংলাদেশের!তামান্না রহমানখুলশী, চট্টগ্রাম।