চিনি ও ভোজ্যতেল কেনাবেচায় মুদ্রিত পাকা রসিদের ব্যবহার বাধ্যতামূলক করে বাণিজ্য মন্ত্রণালয় যে নির্দেশনা জারি করেছে, তাকে একটি স্থায়ী ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ দুটি পণ্য কেনাবেচার সূত্রে হস্তান্তরের প্রতিটি পর্যায়ে চালান নম্বর, পণ্যের পরিমাণ, পাইকারি ও খুচরা সর্বোচ্চ মূল্যের উল্লেখ থাকতে হবে মুদ্রিত রসিদে। সাদা কাগজে সিল মেরে যেমন ইচ্ছে তেমনি মূল্যে চিনি ও ভোজ্যতেল কেনাবেচা করার সুযোগ আর থাকছে না।আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের এমন নির্দেশের প্রয়োজন পড়ত না, যদি চিনি ও ভোজ্যতেল বিপণনের ক্ষেত্রে ন্যূনতম শৃঙ্খলা ও সততাপূর্ণ ব্যবসা-বাণিজ্য চলত। শুধু এ দুটি পণ্যেই নয়, ব্যবসায়ীদের একটি অংশ অতিমুনাফার লোভে সময়-সুযোগমতো আরও অনেক পণ্যের বিপণনে সংঘবদ্ধ কারসাজির আশ্রয় নিয়ে থাকে। ফলে ভোক্তাসাধারণ অযৌক্তিক ও অন্যায্য হারে বেশি দামে পণ্য কিনতে বাধ্য হয়, সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ বৃদ্ধি পায়। অথচ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নামে সরকারের একটি আলাদা কর্তৃপক্ষ রয়েছে, যাদের দায়িত্ব এসব দেখভাল করা। সোমবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন বলছে, পণ্যের মোড়কে পণ্যের পরিমাণ, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য সুস্পষ্টভাবে উল্লেখ করার বিধান থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে এ বিধান মেনে চলা হয় না।চিনি ও ভোজ্যতেলের বাজারে শৃঙ্খলা ও স্থিতিশীলতা আনার লক্ষ্যে এ দুটি পণ্যের বিপণনে ডেলিভারি অর্ডার (ডিও) প্রথা বাতিল করে ২৩ মার্চ পরিবেশক পদ্ধতি চালু করার আদেশ জারি হলেও ব্যবসায়ীদের অনুরোধে তা চালু করা হয় ১ জুলাই থেকে। যদিও অনেক প্রতিষ্ঠানে এখনো পরিবেশক নিয়োগই সম্পন্ন হয়নি এবং বাস্তবে এখন পর্যন্ত ডিও প্রথাই রয়ে গেছে।আমরা মনে করি, সময়ে সময়ে ভালো ভালো লক্ষ্যে সুন্দর সুন্দর নির্দেশ জারি করলেই কোনো সুফল ফলবে না, যদি সেই নির্দেশের বাস্তবায়ন নিশ্চিত করা না যায়। শুধু চিনি আর ভোজ্যতেল কেন, সব পণ্যের ক্ষেত্রেই পাকা রসিদের ব্যবহার বাধ্যতামূলক করে সবাই যেন তা মেনে চলে, তা নিশ্চিত করতে তৎপর হওয়া প্রয়োজন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অনেক পরিদর্শক দল রয়েছে। তা ছাড়া অত্যাবশ্যক পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ, ২০১১-এর আওতায় বাজার তদারকি দল গঠন করা হয়েছে। বলা হচ্ছে, এসব তদারকি দল বাজার পরিদর্শনের সময় পণ্য কেনাবেচার পাকা রসিদ যাচাই করবে। শুধু ঘোষণা দিলে বা নিয়ম করলেই কাজ হবে না, সত্যিকার অর্থে সব বিদ্যমান ব্যবস্থা কার্যকর করতে হবে।