সরকারি কর্তৃপক্ষ তৎপর হলে অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের লোভের রাশ যে টানা সম্ভব, তার একটা দৃষ্টান্ত দেখা গেল চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে। ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালানোর এক দিন পরেই চিনির পাইকারি মূল্য কেজিপ্রতি আট টাকা কমে গেছে। তার ফলে খুচরা বাজারেও দাম কমেছে কেজিপ্রতি তিন টাকা।
চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি প্রতিষ্ঠানের বড় কারসাজি ধরা পড়েছে। মীর আহমেদ সওদাগর ট্রেডার্স নামের ওই ব্যবসাপ্রতিষ্ঠান প্রতি কেজি চিনি ৪৬ টাকা দরে কিনে বিক্রি করছিল ৫৮ টাকা দরে। এক কেজিতে ১২ টাকা মুনাফা করা যে অন্যায্য কাজ, তা বলাই বাহুল্য। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের অভিযানের আগ পর্যন্ত তারা সেটাই করে আসছিল। এ রকম আরও কত পণ্য অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারণে অযৌক্তিক অঙ্কের উচ্চমূল্যে কিনতে ক্রেতাসাধারণ বাধ্য হচ্ছে, তা খতিয়ে দেখার বিষয়।
প্রতিষ্ঠানটিকে ২০ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি চট্টগ্রাম জেলা প্রশাসন চিনির পাইকারি মূল্য কেজিপ্রতি ৫০ টাকা নির্ধারণ করে দেওয়ার পর খাতুনগঞ্জের ব্যবসায়ীরা সেটা কার্যকর করেছেন। তবে এই নির্দেশনা তাঁরা কত দিন মেনে চলবেন সেটাই প্রশ্ন। অবশ্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেছেন, যাঁরা কারসাজি করে পণ্যমূল্য বাড়াবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তাঁদের পরিণতি হবে মীর গ্রুপের মতো।
রজমান মাসে দৃষ্টান্তসহ এ রকম হুঁশিয়ারির প্রয়োজন ছিল। খোদ বাণিজ্যমন্ত্রীর কাছ থেকে সেটা আসায় অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কাছে একটা কড়া বার্তা পৌঁছাবে বলে আশা করা যায়। তবে শুধু হুঁশিয়ারি উচ্চারণ দেশের সর্বত্র একইভাবে ফলপ্রসূ না-ও হতে পারে। কারসাজি করে পণ্যের মূল্য বাড়ানোর ঝোঁক যাঁদের মধ্যে তীব্র, তাঁরা সব সময়ই সুযোগ খোঁজেন। প্রশাসনের তরফে সামান্য শৈথিল্য টের পেলেই তাঁরা কারসাজি শুরু করেন। তাই প্রয়োজন বাজারের ওপর নিয়মিত নজরদারি অব্যাহত রাখা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানও ঘন ঘন চালানো দরকার।