চুরির জন্য প্রকল্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে অর্থমন্ত্রীর প্রাক্–বাজেট মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তিনি আগামী অর্থবছরে জনগণের প্রত্যাশার পাশাপাশি চলতি বছরের বাজেটে যে অর্থ বরাদ্দ দিয়েছিলেন, তার হালহকিকত সম্পর্কেও ধারণা পেতে পারেন। গত রোববার অনুষ্ঠিত বৈঠকে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রুস্তম আলী ফরায়েজী যথার্থই বলেছেন, শেষ সময়ে প্রকল্পের কাজ শুরুই হয় চুরির জন্য। তাঁর মতে, সব সময় দেখা যায় বর্ষায় কাজ ধরা হয়। আর সেই কাজ কয়েক দিন পরই নষ্ট হয়ে যায়।
কেন অর্থবছরের শেষে বা বর্ষা মৌসুমেই কাজ শুরু করতে হবে? এর পেছনে যে বদমতলব আছে, তা বুঝতে কারও অসুবিধা হয় না। এসব প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। প্রতিটি অনিয়ম, অপচয় ও দুর্নীতির বিচার হতে হবে। এ ব্যাপারে সাংসদদেরও দায় আছে। প্রাক্-বাজেট আলোচনায় তাঁরা নিজ নিজ এলাকার উন্নয়নে প্রকল্প গ্রহণ করাতে যতটা আগ্রহী, প্রকল্প অনুমোদনের পর আর সে সম্পর্কে খোঁজ রাখেন না। অনেক সময় এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এর দায়িত্ব দেওয়া হয়, যাদের সেটি করার অভিজ্ঞতা বা সামর্থ্য, কোনোটাই নেই।
বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, যিনি আগের সরকারে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, যাচাই-বাছাই না করে হেলাফেলা প্রকল্প গ্রহণের বিরোধিতা করে বলেছেন, কোনো কোনো প্রকল্প ১৫-১৬ বছর ধরে চলতে থাকে কিংবা প্রকল্পে বরাদ্দ থাকা টাকা ফেরত যায়। বলার অপেক্ষা রাখে না যে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের যোগসাজশেই এমনটি ঘটে থাকে। তাই ভবিষ্যতে বাজেটে যাচাই-বাছাই ছাড়া কোনো প্রকল্পই যাতে গ্রহণ করা না হয়, সে বিষয়ে সজাগ থাকতে হবে। বাস্তবায়ন প্রক্রিয়ায়ও চাই কঠোর নজরদারি।
ফি বছর বাজেটের আকার বাড়ছে। কিন্তু এই বর্ধিত বাজেটের সুবিধা জনগণ তখনই পাবে, যখন সময়মতো ও সুষ্ঠুভাবে তা বাস্তবায়িত হবে।