চেতনার মৃত্যু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই দাবি, একই চাওয়া; এর পরও তিনটি আলাদা সমাবেশ। এতেই শেষ হলো না বিষয়টি, অভিযোগ-পাল্টা অভিযোগের পর ধাওয়া-ধাওয়িও হলো। পুলিশও লাঠিপেটা করল গণজাগরণ মঞ্চের কর্মীদের। গণজাগরণ বা শাহবাগ আন্দোলন যা-ই বলা হোক না কেন, সেখানে শুক্রবার বিকেলে এমন দুঃখজনক ঘটনাও ঘটল।
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন উচ্চ আদালত। মানবতাবিরোধী অপরাধীদের বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে শাহবাগে যে গণজাগরণের সূচনা হয়েছিল, এর সংগঠন ও নেতৃত্ব এই রায়ে সন্তুষ্ট নয়। এখন তারা কয়েক ভাগে বিভক্ত। রায় প্রত্যাখ্যান ও সাঈদীর ফাঁসিই যখন সব পক্ষের অভিন্ন দাবি, তখন কেন আলাদা সমাবেশ করতে হয়, কেন পরস্পরকে আক্রমণ করে বক্তব্য দিতে হয়, আর কেনই বা পাল্টাপাল্টি ধাওয়ার মতো ঘটনা ঘটে, তা সত্যিই বড় প্রশ্ন।
শাহবাগের গণজাগরণ যখন শুরু হয়, তখন এটা প্রমাণিত হয়েছে যে রাজনৈতিক দল-মতের ঊর্ধ্বে এ দেশের জনগণ দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে কতটা সোচ্চার। এই গণজাগরণের মধ্য দিয়ে ন্যায়বিচারের আকাঙ্ক্ষা, স্বাধীনতার স্বপ্ন ও মুক্তিযুদ্ধের চেতনার এক নতুন জাগরণ হয়েছে। এই আন্দোলন দেশের নতুন প্রজন্মের রাজনীতি–সচেতনতার গৌরবের দিকটিরও জানান দিয়েছে।
বলার অপেক্ষা রাখে না যে এই গণজাগরণ মঞ্চের আন্দোলনের বর্তমান দশার মূলে রয়েছে ক্ষমতাসীনদের নানা রাজনৈতিক হিসাব-নিকাশ। একটি স্বতঃস্ফূর্ত আন্দোলনকে প্রয়োজনে ব্যবহার ও পরে সুযোগ বুঝে শক্তিপ্রয়োগে দমনের চেষ্টা স্বৈরতান্ত্রিক মানসিকতারই প্রকাশ। যে আকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে গণজাগরণ মঞ্চ সংগঠিত হয়েছিল, সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের আগেই তার টুঁটি চেপে ধরা গণতন্ত্র তো বটেই, সরকারের জন্যও বুমেরাং হতে পারে। আন্দোলনে সাময়িক ছেদ ঘটতে পারে, কিন্তু চেতনার মৃত্যু নেই।