ব্যাংক ও আর্থিক খাতে অনিয়ম-দুর্নীতি চলে আসছে অনেক আগে থেকেই। এ নিয়ে গণমাধ্যমে সপ্রমাণ প্রতিবেদন প্রকাশিত হলেও সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান যেমন তা আমলে নেয়নি, তেমনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও অনীহাই দেখা গেছে। ফলে পরিস্থিতি এখন এতটাই নাজুক যে খোদ অর্থমন্ত্রী জাতীয় সংসদে সম্পূরক বাজেট আলোচনায় স্বীকার করেছেন, ব্যাংক ও আর্থিক খাতে কিছু কিছু ক্ষেত্রে পুকুরচুরি নয়, সাগরচুরির ঘটনা ঘটছে।
প্রথমেই প্রশ্ন আসে, এই সাগরচুরির ঘটনা কীভাবে ঘটল, কারা ঘটাল? অর্থ মন্ত্রণালয় বা সরকার সাগরচোরদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে? কয়েক বছর আগে প্রথম আলোয় আড়াই হাজার কোটি টাকার হল-মার্ক কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর সর্বত্র চাঞ্চল্য সৃষ্টি হলেও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এমনকি সে সময়ে অর্থমন্ত্রী এত বড় জালিয়াতিকে কিছুই না বলে উড়িয়ে দিয়েছিলেন। ফলে পরবর্তীকালে বেসিক ব্যাংক কেলেঙ্কারির মতো অঘটন ঘটেছে। সরকারের ভুল নীতিতে চার রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে মূলধন সংকটের পাশাপাশি খেলাপি ঋণের পরিমাণ রেকর্ড ছাড়িয়েছে। সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পুরো ব্যাংকিং ব্যবস্থাকেই ধাক্কা দিয়েছে।
এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে প্রথমত, ব্যাংক ও আর্থিক খাতের অনিয়ম-দুর্নীতির কারণগুলো খুঁজে বের করতে হবে। এ ব্যাপারে চলতি বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নিজেই একটি ব্যাংক কমিশন গঠনের কথা বললেও এখনো তা হয়নি। অবিলম্বে এই কমিশন গঠন করতে হবে। দ্বিতীয়ত, ব্যাংক ও আর্থিক খাতের দ্বৈতশাসন রহিত করে কেন্দ্রীয় ব্যাংকের ওপরই তদারকির ভার দিতে হবে। তৃতীয়ত, ব্যাংক ও আর্থিক খাতের সাগরচুরির সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। রাঘববোয়ালদের ছেড়ে দিয়ে চুনোপুঁটিদের নিয়ে টানাটানি করলে সেটি যেমন বিচারিক প্রহসনে পরিণত হবে, তেমনি এই খাতের সাগরচুরিও বন্ধ হবে না।
বিলম্বে হলেও সরকারের চৈতন্যোদয় হোক।