চোরাগোপ্তা গণতন্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের মাস ডিসেম্বর। আজ থেকে ৪০ বছর আগে এ মাসে পাকিস্তানি দখলদার বাহিনীকে পরাস্ত করে আমরা বিজয় অর্জন করেছিলাম। ৪০ বছর পর এ বিজয়ের মাস আমরা কীভাবে উদ্যাপন করছি?আমরা উদ্যাপন করছি রাস্তায় বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করে। উদ্যাপন করছি বাস পুড়িয়ে, গাড়ি জ্বালিয়ে। উদ্যাপন করছি গুপ্তহত্যা করে। কখনো দলীয় ক্যাড়ার ব্যবহার করে, কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে। এ এক আজব দেশ। গণতন্ত্রের নামে সবকিছুই জায়েজ করা হয়।আমরা স্বাধীনতার ৪০ বছর উদ্যাপন করছি একে অপরকে চোর, বাটপার, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী, জঙ্গিবাদ তোষণকারী আখ্যায়িত করে। আমরা উদ্যাপন করছি মুক্তিযোদ্ধার সন্তান হত্যা করে (রোববার মতিঝিলে ককটেল নিক্ষেপে নিহত আরিফুজ্জামানের বাবা একজন মুক্তিযোদ্ধা। পুলিশ তাঁকে শিবিরের কর্মী এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তাঁদের কর্মী দাবি করলেও পরিবারের পক্ষ থেকে বলা হয়, তিনি কোনো দল করতেন না)। উদ্যাপন করছি বিভিন্ন শহরে ককটেল-বোমা ফাটিয়ে, জনমনে আতঙ্ক সৃষ্টি করে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক সভায় বলেছেন, ‘বিরোধীদলীয় নেতার পুত্রের বিরুদ্ধে এফবিআইয়ের কর্মকর্তা এসে আদালতে সাক্ষ্য দেওয়ায় তাঁর মাথা হেঁট হয়ে গেছে।’ সেই সঙ্গে তিনি যদি বলতেন যে একজন নির্বাচিত মেয়রের জীবনের নিরাপত্তা দিতে না পারায় সরকার দুঃখিত এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে যেহেতু একজন মন্ত্রীর নাম এসেছে, তাঁর ভাই ও এপিএস আসামি হয়েছেন, সেহেতু আমি মন্ত্রীকে বাদ দিলাম। তাতে আইনের শাসনের প্রতি সরকারের সদিচ্ছা ও আন্তরিকতা প্রকাশ পেত। প্রধানমন্ত্রী সেই সাহসী সিদ্ধান্ত নিতে পারেননি। যখন তাঁরই সরকারের একজন মন্ত্রীর দুর্নীতির কারণে পদ্মা সেতুর কাজ আটকে যায়, তখন কি ১৬ কোটি মানুষের মাথাও হেঁট হয়ে যায় না? অবশ্যই যায়।বিজয়ের এ মাসে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাটেক্সপো মেলায় যোগ দিয়েছেন, তবে একসঙ্গে নয়—একজন উদ্বোধনী অনুষ্ঠানে, আরেকজন সমাপনীতে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশের অর্থনীতি খুব ভালো।’ সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেছেন, ‘অর্থনীতি ধ্বংসের পথে।’ দেশবাসী কার কথা বিশ্বাস করবে, নাকি দুজনকেই অবিশ্বাস করবে?আমরা স্বাধীনতার ৪০ বছর উদ্যাপন করছি শেয়ারবাজারে লাখো বিনিয়োগকারীর বিক্ষোভ ও দীর্ঘশ্বাসের মধ্য দিয়ে। আমরা উদ্যাপন করছি এমাগত মূল্যস্ফীতির বোঝা নিয়ে, যার দায় এসে বর্তায় শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপর। যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে বিএনপি ও জামায়াত শক্ত অবস্থান নিয়েছে। জামায়াতে ইসলামীর বিষয়টি না হয় বোঝা যায়, এ দলের শীর্ষস্থানীয় সব নেতা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত বা অভিযুক্ত। কিন্তু বিএনপির মতো দল কেন সরাসরি যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করছে, যে দলে বহু মুক্তিযোদ্ধা আছেন, যে দলের প্রতিষ্ঠাতা নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন। একসময় অলি আহমদ (এলডিপির নেতা), সাদেক হোসেন খোকাও যুদ্ধাপরাধের বিচারের পক্ষে ছিলেন। এখন চুপ। এটাই হলো অন্ধ দলীয় রাজনীতি। এ থেকে আমরা বেরিয়ে আসতে পারলাম না।গণফোরামের নেতা ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় সংসদে মুজিব কোট গায়ে দিয়ে চুপ করে থাকা বঙ্গবন্ধুর প্রতি অশ্রদ্ধা জানানোর শামিল। কিন্তু সংসদে চুপ করে থাকার সংস্কৃতি শুরু হয়েছিল ১৯৭২ সাল থেকেই; ১৯৭৪ সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনের বিরোধিতা কেউ করেননি। ১৯৭৫ সালে একদলীয় শাসনেরও বিরোধিতা করেননি। দলের সংসদীয় সভায় দু-একজন ক্ষীণ কণ্ঠে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু জাতীয় সংসদে কেউ টুঁ শব্দ করেননি। ঢাকা সিটি করপোরেশন বিভক্তি আইন চার মিনিটে পাস হয়েছে, একদলীয় বাকশালও ১৫ মিনিটে পাস হয়েছিল। অতএব, বোবা গণতন্ত্র আমরা পেয়েছি উত্তরাধিকার সূত্রেই। ১/১১-এর কুশীলবেরা মানুষকে বোবার সঙ্গে বধিরও করে দিয়েছেন। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বললে বিএনপির দালাল এবং বিএনপির বিরুদ্ধে কথা বললে নির্ঘাত আওয়ামী লীগের দালাল হয়ে যাবে।আজ রাজনীতিতে অবিশ্বাস ও অনাস্থা এমন পর্যায়ে এসেছে যে টিপাইমুখ নিয়ে জাতীয় পার্টির নেতা এরশাদ লংমার্চ করলে বিএনপির নেতা মাহবুবুর রহমান তাকে ভণ্ডামি বলেন। আবার খালেদা জিয়া আগবাড়িয়ে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলে সরকারের লোকেরা বাঁকা চোখের দেখেন। ভাবেন এটি ভারতের আস্থা অর্জনের কৌশল।আমরা স্বাধীনতার ৪০ বছর উদ্যাপন করছি তীব্র হিংসা, রেষারেষি, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে। সরকার বিরোধী দলের বিরুদ্ধে বিষোদ্গার করছে। বিরোধী দল সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। এভাবে আমরা আত্মহননের পথ বেছে নিয়েছি।১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, তার ৪০ বছর পূর্ণ হওয়া একই সঙ্গে আমাদের গৌরব ও আত্মজিজ্ঞাসার। এ ৪০ বছরে আমরা কী অর্জন করেছি, কী অর্জন করতে পারিনি, সেই প্রশ্ন নিজের বিবেককে করা একান্ত জরুরি। দেশের কৃষক-শ্রমিক-শ্রমজীবী সাধারণ মানুষ প্রতি মুহূর্তে তাঁদের অভিজ্ঞতা থেকে বারবার নিজেদের সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিলেও রাজনীতিকেরা পুরোনো ধ্যান-ধারণাই আঁকড়ে আছেন। তাঁরা দেশ ও জনগণের জন্য রাজনীতি করার কথা বললেও ব্যক্তি ও দলের বাইরে কিছু ভাবতে পারেন না। তাঁরা সর্বক্ষেত্রে অযোগ্যতা ও অদক্ষতার প্রমাণ রেখেছেন। দুর্নীতিতে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছেন বারবার। রাজনীতিকেরা জনগণকে পথ দেখাবেন কী, তাঁরা নিজেরাই পথের সন্ধান জানেন না। চিন্তা-চেতনায় এখনো তাঁরা ষাট, সত্তর ও আশির দশকে বন্দী আছেন।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, ‘একাত্তরে আমরা অসম্ভবকে সম্ভব করেছিলাম, আর গত ৪০ বছরে আমরা সব সম্ভবকে অসম্ভব করে তুলেছি। আমরা গণতন্ত্রকে অসম্ভব করেছি। সততাকে অসম্ভব করেছি। মানবতাকে অসম্ভব করেছি। অসম্ভব করেছি আইনের শাসনকে।’আমাদের স্বাধীনতার অন্যতম ভিত্তি ছিল গণতন্ত্র, সাম্য ও নিজের মতো বাঁচার অধিকার। স্বাধীনতার ৪০ বছর পরও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সেই অধিকার পায়নি। এ জন্য সাধারণ মানুষ মোটেই দায়ী নয়; দায়ী হলো আমাদের রাষ্ট্র ও রাজনীতির কলাকুশীলবেরা, সমাজের সুবিধাভোগী শ্রেণী। তাঁরা মুখে দিন বদলের কথা বলেন, কাজ করেন ঠিক উল্টো।গণতন্ত্র হলো সবার মতামতের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠের শাসন, যা আমাদের দেশে কখনোই ছিল না, নেই এবং ভবিষ্যতে থাকবে কি না সন্দেহ। কেননা, এখানে ক্ষমতাসীনেরা পাঁচ বছরের জন্য দেশটির মালিকানা স্বত্ব ইজারা নেয়, বিরোধী দল পরবর্তী পাঁচ বছর সেই মালিকানা পাওয়ার জন্য যা খুশি তা-ই করে। ক্ষমতায় থাকার জন্য একপক্ষ দমনপীড়ন চালায়, পুলিশ, র‌্যাব, প্রশাসনকে ব্যবহার করে। আরেক পক্ষ ক্ষমতায় যাওয়ার জন্য চোরাগোপ্তা হামলা চালায়, বাসে আগুন দিয়ে মানুষ মারে। এত দিন হরতাল, অবরোধ, রোডমার্চ ও সভা-সমাবেশ রাজনৈতিক দলের জনপ্রিয় কর্মসূচি ছিল। এখন সেই স্থান দখল করেছে চোরাগোপ্তা হামলা।গণতন্ত্রের পূর্বশর্ত পরমতসহিষ্ণুতা, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ। সেই আলোচনার উপযুক্ত স্থান জাতীয় সংসদকে বিরোধী দল বরাবর এড়িয়ে চলে, আর সরকারি দল ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থে ব্যবহার করে। এ এক অদ্ভুত ও অভিনব ব্যবস্থা, যার নজির পৃথিবীর আর কোথাও নেই।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাটোরের জনসভা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারের বিবরণ ছাপা হয়েছে একই দিনের পত্রিকায়। এতে একে অন্যের বিরুদ্ধে দেশ বিক্রি, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ তোষণের অভিযোগ এনেছেন। টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে খালেদা জিয়া বলেছেন, ‘কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে বাইরে বলা হলেও তলে তলে বাংলাদেশের যা-কিছু আছে, সব ভারতের হাতে তুলে দিচ্ছে তারা।’ তিনি আরও বলেছেন, ‘আমরাও যুদ্ধাপরাধের বিচার চাই। আমরা কারও পক্ষ নিইনি। বিচার হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ, আন্তর্জাতিক মান বজায় রেখে। বিচারকদের হতে হবে নিরপেক্ষ। কিন্তু গঠিত ট্রাইব্যুনালের বিচারক সম্পর্কে নানা অভিযোগ আছে এবং আওয়ামী লীগের মধ্যে যাঁরা যুদ্ধাপরাধী রয়েছে, তাদের কেন ধরা হয়নি? যুদ্ধাপরাধী কারা? যুদ্ধাপরাধী ১৯৫ জন যারা ছিল, তাদের তো ছেড়ে দিয়েছে। তাদের সঙ্গে বোঝাপড়া করেছে। যদি তারা আজ দেশে থাকত, বলতে পারত কারা যুদ্ধাপরাধী।’ কী অদ্ভুত যুক্তি খালেদা জিয়ার। আমরা পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার করতে পারিনি বলে দেশের ভেতরের যুদ্ধাপরাধীদের বিচার করতে পারব না! যুদ্ধাপরাধ কখনো তামাদি হয় না।গত কয়েক মাসে গুপ্তহত্যা ও মানুষ গুম হওয়ার ঘটনা বেড়েছে, সে খবর আমরা সবাই জানি। এ নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে প্রচুর লেখালেখি হয়েছে। রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। গণতন্ত্র ও মানবাধিকারের জন্য নাগরিক আন্দোলন গত সোমবার সংবাদ সম্মেলন করে গুপ্তহত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। জাতীয় মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মিজানুর রহমান প্রতীকী হলেও একটি গুপ্তহত্যার ঘটনা তদন্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা এসব উদ্যোগকে স্বাগত জানাই। দেশে সরকার আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, অথচ একেকটি লোক নাই হয়ে যাবে, তা মেনে নেওয়া যায় না। সভ্য দেশে এটি চলতে পারে না। গুপ্তহত্যার এ সর্বনাশা প্রবণতার সঙ্গে নতুন যে প্রবণতা যোগ হয়েছে, তার নাম চোরাগোপ্তা হামলা। বিএনপি রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেছিল। সেই সংবর্ধনায় যেসব মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাঁরা সবাই তাতে যোগ দিয়েছেন। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন চারদলীয় জোট সরকারের আমলে যিনি আইন প্রতিমন্ত্রী হিসেবে অনেক বদনাম কুড়িয়েছেন সেই শাহজাহান ওমর। বিএনপি বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধাদের আসতে বাধা দেওয়ার কথা বললেও কোথায় কোন কোন মুক্তিযোদ্ধা আসতে পারেননি, সে সম্পর্কে কিছু বলেনি। কোনো কারণ ছাড়া রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এসব নানা প্রশ্নের জন্ম দেয়।প্রথম আলোর খবরে বলা হয়, ‘রোববার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে বিএনপি। এ জন্য ঢাকার বাইরে থেকে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মীকে ঢাকায় জড়ো করার চেষ্টা ছিল। তবে বিএনপির পক্ষ থেকে এভাবে লোক সমাবেশ করার বিষয়টি প্রকাশ করা হয়নি।’ বিএনপি কোনো গোপন দল নয়। একটি গণতান্ত্রিক ও প্রকাশ্য দল। তাহলে তারা এ ধরনের গোপন কর্মসূচি কেন নেবে? বিএনপির অনেক নেতাই নাকি এ সম্পর্কে কিছুই জানতেন না। তাহলে বিএনপির ভেতরের কোনো গোষ্ঠীর গোপন কোনো এজেন্ডা ছিল? নাকি গোপন কোনো উদ্দেশ্য? গণতন্ত্রে গোপন কর্মসূচির সুযোগ নেই। চোরাগোপ্তা হামলা চালিয়ে বিএনপি কি গণতন্ত্রকে চোরাগোপ্তা পথে ঠেলে দিতে চাইছে? এ প্রশ্নের কী জবাব দেবেন বিজ্ঞ নেতা-নেত্রীরা।সোহরাব হাসান: কবি, সাংবাদিক। [email protected]