চোরাচালানিদের দৌরাত্ম্য চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালান থামছেই না। ভিন্ন ভিন্ন পথ ও কায়দায় চোরাচালানিরা সোনা আনা অব্যাহত রেখেছে। গত বুধবার বিমানবন্দরের কার্গো ভবনের তিন কার্টনে সন্ধান পাওয়া গেছে ৪৩ কেজি সোনার। তৈরি পোশাকশিল্পের জন্য আমদানি করা পণ্যের আড়ালে এই চোরাচালানের কাজটি করার চেষ্টা হয়েছিল। স্পষ্ট যে চোরাচালান চক্র গত ১২ নভেম্বর বিমানের একজন কেবিন ক্রু সোনার চালানসহ ধরা পড়ার পর ভিন্ন কৌশল নিয়েছে।

সোনার চালানসহ আটক হওয়া কেবিন ক্রু জিজ্ঞাসাবাদে যে তথ্য দিয়েছেন, তা তোলপাড় হওয়ার মতোই। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বিমানের পদস্থ তিন কর্মকর্তাসহ ৬৪ জন কর্মকর্তা ও কর্মচারী এই অপকর্মের সঙ্গে জড়িত। এরপর বিমানের তিন কর্মকর্তাকে আটক করে রিমান্ডে নেন গোয়েন্দা কর্মকর্তারা। এতে সোনা চোরাচালান কিছুটা হলেও চাপের মুখে পড়েছিল। কিন্তু বুধবারের ঘটনা প্রমাণ করে যে সোনা চোরাচালানিরা মোটেই হতোদ্যম হয়নি। তাদের দৌরাত্ম্য চলছেই।
যেহেতু তৈরি পোশাকশিল্পের বোতাম ও জিপারের কার্টনে সোনার চালান পাওয়া গেছে এবং সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান থেকে চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার একটি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছিল, তাই এর সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা খুব কঠিন নয়। এ ঘটনায় ইতিমধ্যেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করব, কমিটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে সক্ষম হবে।
গত ২০ মাসে বিমানবন্দর থেকে এক হাজার ১৮ কেজি সোনা উদ্ধারের ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশ সোনা চোরাচালানের লাভজনক রুট। আর যা ধরা পড়েছে এর বাইরে অনেক সোনা এখান দিয়ে পাচার সম্ভব হয়েছে বলেই চোরাচালানিরা ঝুঁকি নিয়েই যাচ্ছে। ফলে চোরাচালানিদের নতুন নতুন কৌশলের ব্যাপারে শুল্ক গোয়েন্দাদের সতর্ক দৃষ্টি রাখার বিকল্প নেই।