সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১০-২০ জন প্রাণ হারাচ্ছে। তা নিয়ে আন্দোলন-প্রতিবাদ করে নাগরিক সমাজের নেতারা এখন ক্লান্ত। সে অবস্থায় কোনো ছাগলের পা যদি মাইক্রোবাসের ধাক্কায় ফ্র্যাকচার হয়, সিভিল সোসাইটির নেতারা বড়জোর মানববন্ধন করতে রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে যেতে পারেন। ছাগলের ভাঙা পা নিয়ে বিবাদে মারামারি করে জনা দশ-পনেরো মানুষের মাথা ফাটানো বিশেষ বুদ্ধিমানের কাজ বলে মনে হয় না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের সামনের সড়কে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় একটি ছাগল আহত হয়। সঙ্গে সঙ্গে ছাগলের মালিক মাইক্রোবাসের চালককে মারধর শুরু করেন। এমন মোক্ষম ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের হলের ছাত্ররা বইয়ে মুখ গুঁজে বসে থাকতে পারেন না। তাঁরা এটাকে ছাগলিক ইস্যু নয়, মানবিক ব্যাপারও নয়, একটি অর্থনৈতিক বিষয়ে রূপ দিতে চান। তাঁরা ছুটে এসে পরামর্শ দেন, চালককে মারধর না করে তাঁর থেকে জরিমানা হিসেবে অর্থ আদায় করা হোক। ছাগলমালিক ও তাঁর ভাগনে কারও কোনো পরামর্শ শুনতে বাধ্য নন। তাঁরা ছাত্রদের সঙ্গে বাগিবতণ্ডা শুরু করেন। তাঁদের সঙ্গে যোগ দেন শান্তিপ্রিয় গ্রামবাসীর অনেকে। শুধু কথায় চিড়া ভেজে না। তাঁরা হাতের সদ্ব্যবহার শুরু করেন। পরামর্শদাতা ছাত্রদের পিটুনি দেন। তাঁদের সাহায্যার্থে আট-নয়জন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাঁদেরও মারধর করা হয়। (প্রথম আলো)। উত্তেজিত শিক্ষার্থীরা পরে জোট বেঁধে ছাগলমালিকের বাড়িতে গিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন। পাল্টাপাল্টি ধাওয়া তো হবেই। কমপক্ষে ১০ জন আহত হন। ঘটনাস্থলে পুলিশ গেলে কেউ যান রক্তাক্ত দেহে নিজের ঘরে ফিরে, কেউ যান হাসপাতালে। পরে অবশ্য বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে সমঝোতা বৈঠক হয়। শহর থেকে বেশ দূরে পাহাড়ি এলাকায় বিশ্ববিদ্যালয়। স্থানীয় গ্রামবাসীর জন্য তা গৌরবের বিষয়। এখন শিক্ষার্থীর সংখ্যা সাড়ে তিন হাজার। খাবারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে ছাত্রছাত্রীদের গ্রামের দোকানে যেতে হয়। সেখানে তাঁদের সঙ্গে করা হয় দুর্ব্যবহার। ছাত্রীদের সঙ্গে করা হয় অশ্লীল ও অসৌজন্যমূলক আচরণ। এর আগেও শিক্ষার্থীরা গ্রামবাসীর হাতে লাঞ্ছিত হয়েছেন। ছাগলের পা কেন্দ্র করে যে জটিলতা, তা নতুন কিছু নয়। চতুষ্পদ ছাগলটি তাকে কেন্দ্র করে দ্বিপদবিশিষ্ট মানুষের মাথা ফাটাফাটি কাণ্ড দেখে তার নিজের জখমের ব্যথা ভুলে যায়। একপর্যায়ে সে মুচকি হাসতে থাকে, মানুষের মতো তার বুদ্ধি পাকা নয়। ছাগলিক বোধ থেকে সে যা বোঝে তা হলো, যদি মারামারি করা প্রাণীগুলোর তার মতো চার পা থাকত, তাহলে তারা ডবল মারামারি করত। ছাগলের ভাগ্য ভালো সে টিভি চ্যানেল দেখে না। তাহলে দেখতে পেত দ্বিপদ প্রাণীর মারামারি ও আগুন লাগানোর কী অসামান্য প্রতিভা! আরেকটি জিনিস ছাগল জানে না, তা হলো, বাংলার মাটিতে ছাগলের একটি পায়ের মূল্য মানুষের একটি মাথার চেয়ে বেশি। ছাগলের পা অর্থাৎ রান যখন রোস্ট বানিয়ে কোনো ভোজনরসিকের প্লেটে পরিবেশন করা হয়, তার দাম দুই হাজার টাকার নিচে নয়। একটি মানুষের মাথার দাম দুই পয়সা। বিশ্বজিৎ নামের যুবকটির পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরের দাম এক পয়সাও নয়।এভাবে কোনো ছাগল যদি জুরিখ, বার্লিন, হাইডেলবার্গ, হার্ভার্ড, টোকিও, হ্যানয় বা কোরীয় কোনো বিশ্ববিদ্যালয় এলাকায় আহত হতো, সেখানে কী করা হতো। হলফ করে বলতে পারি, ছাগলটিকে কোলে তুলে ওই গাড়িতেই নিকটস্থ পশু হাসপাতালে নেওয়া হতো। তাকে ওষুধপথ্য দিয়ে সুস্থ না করা পর্যন্ত তার গলায় ছুরি চালানোর কথা কেউ ভাবতই না। মারামারি, অগ্নিসংযোগ, পাল্টাপাল্টি ধাওয়ার পরিবর্তে আমাদের এখানেই বা সেদিন কী হতে পারত? এক. ছাগলের মালিক মাইক্রোচালককে দুই কথা শুনিয়ে ক্ষমা করতে পারতেন। কারণ, ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি আসামিকেও এখানে ক্ষমা করা হয়। দুই. শিক্ষার্থী দুজনের পরামর্শমতো চালকের কাছ থেকে কিছু ক্ষতিপূরণ আদায় করতে পারতেন। তিন. ছাগলটিকে পশু হাসপাতালে নেওয়া যেত। চার. নির্দলীয় নিরপেক্ষ মানুষের উপস্থিতিতে ছাগলমালিক ও চালকের মধ্যে গাছতলায় একটি সমঝোতা বৈঠক হতে পারত। নির্দলীয় নিরপেক্ষ বললাম এ জন্য যে ছাগলমালিক যদি হতেন মহাজোটপন্থী এবং মাইক্রোচালক যদি হতেন ১৮ দলীয় সমর্থক অথবা বিপরীত—তাহলে সমঝোতা সম্ভব হতো না। সে ক্ষেত্রে নির্দলীয় নিরপেক্ষ মানুষের উপস্থিতির কোনো বিকল্প নেই।ছাগলটির মতোই যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি। আমাদের খেয়াল রাখা দরকার, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই হই বা শান্তিপ্রিয় গ্রামবাসীই হই, মনুষ্যত্ব ও মানবিক মূল্যবোধকে যেন ছাগলত্ব ও ছাগলিক পশুত্বের কাছে বিসর্জন না দিই।সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।