এটা খুবই অবাক বিষয় যে পাকিস্তান আমল থেকে সামরিক শাসনামলে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর ছাত্র সংসদের নির্বাচন হলেও গণতান্ত্রিক শাসনামলে তা রহস্যজনক কারণে বন্ধ আছে। ১৯৯০ সালে সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের আমলে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর পালাক্রমে বিএনপি ও আওয়ামী লীগ দেশ শাসন করলেও কোনো সরকারই ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেয়নি। এটি দুর্ভাগ্যজনক।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোর নির্বাচন না হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাহসের অভাবকে দায়ী করেছেন। কিন্তু এই সাহসের অভাবের পেছনে কী আছে সেটি খোলসা করেননি। তিনি স্বীকার করেছেন যে অতীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন খুব জনপ্রিয় ছিল। কেবল ‘জনপ্রিয় ছিল’ বললে সবটা বলা হয় না। স্বাধীনতার আগে ও পরের সব গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ছিল তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা। বর্তমান সরকারের আমলে ছাত্র সংসদের নির্বাচন না হওয়া আরও দুঃখজনক এ কারণে যে মন্ত্রিসভার উল্লেখযোগ্যসংখ্যক সদস্য আছেন, যাঁরা ছাত্র সংসদের নির্বাচিত নেতাই ছিলেন না, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্বও দিয়েছেন।
শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সামরিক শাসনামলে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংসদ নির্বাচন করার সাহস দেখাতে পারে, গণতান্ত্রিক আমলে পারবে না কেন? আসলে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার পেছনে রাজনৈতিক হিসাব-নিকাশই প্রাধান্য পেয়েছে। ক্ষমতাসীনেরা তাঁদের অনুসারী ছাত্রসংগঠনটির প্রতি ভরসা রাখতে পারছে না বলেই ছাত্র সংসদগুলোর নির্বাচন আটকে আছে।
ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দখলদারিই কেবল বাড়েনি, শিক্ষার পরিবেশও বিঘ্নিত হয়েছে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে সরকার-সমর্থক ছাত্রসংগঠনটির বাইরের নেতা-কর্মীদের ক্যাম্পাসে থাকাই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থার উত্তরণ তথা শিক্ষাঙ্গনে সুস্থ ছাত্ররাজনীতি চর্চার জন্য ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। শিক্ষামন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার যে আশ্বাস দিয়েছেন, তা নিছক কথার কথা হবে না বলেই আমাদের বিশ্বাস। যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা নেওয়া হোক।