ছাত্র সংসদ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্রলীগ ও ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আগ্রহ দেখায় না। ক্ষমতাসীন দলের অনুসারী ছাত্রসংগঠন নির্বাচন ছাড়াই একক আধিপত্য ভোগ করে এবং নির্বাচন হলে হেরে যেতে পারে—এমন আশঙ্কায় ভোগে। বিরোধী দলের অনুসারী ছাত্রসংগঠনের অবস্থা এত দুর্বল যে তারা ছাত্র সংসদ নির্বাচনের দাবি কেন, কোনো দাবিই জোরেশোরে তুলতে পারে না। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি বামপন্থী ছাত্রসংগঠন ডাকসু নির্বাচনের বিষয়ে উন্মুক্ত আলোচনার আয়োজন করলে ছাত্রদল সেখানে অংশ নিতে গিয়েছিল, কিন্তু ছাত্রলীগ নিজে তো অংশ নেয়নি; বরং ছাত্রদলকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ শোনা গেছে। আসলে ছাত্র সংসদ নির্বাচন শুধু ছাত্রলীগ আর ছাত্রদলের বিষয় নয়, অন্যান্য ছাত্রসংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিষয়। ছাত্রলীগ এবং ছাত্রদলের নেতারা প্রথম আলোকে বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের আয়োজন করলে তাঁরা তাতে অংশ নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ যেমনটি বলেন, ছাত্র সংসদ নির্বাচন না হলে ভবিষ্যতে নেতৃত্বের সংকট দেখা দেবে। দুটি রিট আবেদনের মধ্যে একটির রুলে উচ্চ আদালতও ‘নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ কেন দেওয়া হবে না’ মর্মে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রুল দিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রুলের কোনো জবাব দেয়নি।

আসলে ডাকসুসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন। ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে—এই অজুহাতেই বছরের পর বছর নির্বাচন না করা যুক্তিসংগত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ছাত্ররাজনীতির গৌরবময় ইতিহাস আছে। নির্বাচিত ছাত্র সংসদ থাকলে বরং শিক্ষাঙ্গনের পরিবেশ সুষ্ঠু থাকে, তাদের দায়িত্বশীলতা ও জবাবদিহি থাকে। ডাকসুসহ সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হোক।