রাজনৈতিক দলবিধি অনুযায়ী বিএনপির সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কোনো সম্পর্ক থাকার কথা নয়। ছাত্রদল বিএনপির অঙ্গসংগঠন নয়, যেমন ছাত্রলীগ নয় আওয়ামী লীগের অঙ্গসংগঠন। এরা আদর্শগত মিত্র। সেই ছাত্রদলের কমিটি গঠিত না হওয়ার কারণে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে (ছাত্রদলের কার্যালয়ও একই ভবনে) ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ছাত্রদলের অস্থায়ী কমিটি গঠন করা হয়েছিল দুই বছর আগে এবং তখন বলা হয়েছিল, ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হবে। কিন্তু এই দীর্ঘ সময়েও পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় কর্মীরা ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেন। তাঁরা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি নামিয়ে ফেলেন, পোস্টার ছিঁড়ে তাতে আগুন দেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে তাঁদের শান্ত করেন। ছাত্রদলের কমিটি গঠনের দাবি নিয়ে বিএনপির কার্যালয়ে যা ঘটেছে, তা যেমন অনাকাঙ্ক্ষিত, তেমনি আমাদের রাজনৈতিক সংস্কৃতির অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ। এটা প্রতিবাদের ভাষা নয়, মাস্তানির ভাষা। যেকোনো সংগঠনের কমিটি গঠিত হওয়া উচিত গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী কেবল মূল কমিটি নয়, সহযোগী প্রতিষ্ঠানগুলোর কমিটি নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারপারসনকে। আমাদের দেশে গঠনতন্ত্রে যা-ই থাক না কেন, সব দল ও সংগঠনই চলে ব্যক্তির ইচ্ছা অনুযায়ী। যত দিন এই ধারা বজায় থাকবে, তত দিন সুস্থ ছাত্ররাজনীতি আশা করা যায় না। কেবল কেন্দ্রীয় কমিটি নয়, সব স্তরেই নির্বাচনের মাধ্যমে কমিটি হওয়া প্রয়োজন। এতে কর্মীদের প্রতি নেতৃত্বের দায়বদ্ধতা থাকে। ব্যক্তির নির্দেশে কমিটি হলে তার দায়বদ্ধতাও থাকে তাঁর প্রতি। কর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে তাঁরা খুব কমই গুরুত্ব দিয়ে থাকেন। আমরা চাই, ছাত্রদলসহ সব ছাত্রসংগঠন নির্বাচনের মাধ্যমেই নেতৃত্ব বাছাই করবে। আর সম্মেলনের দুই বছর পরও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারা নেতৃত্বেরই ব্যর্থতা। ইতিমধ্যে যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে, তাদের কমিটিতে রাখার যুক্তি নেই। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অবিলম্বে ছাত্রদলের কমিটি গঠন করা হবে আশা করি।