আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে বলে দখল বা টেন্ডারের ভাগ-বাঁটোয়ারা নিয়ে মারামারি-খুনোখুনি এসব ছাত্রলীগের একচ্ছত্র ‘অধিকার’। বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ছাত্রদল যে সে সুযোগ পাবে না, তা জানা কথা। কিন্তু তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে চলে না, চর্চা-অনুশীলনের ব্যাপার তো আছে! চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কর্মীরা তাই নিজেদের সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করে, দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ভেঙে এবং সর্বোপরি কার্যালয়ে আগুন দিয়ে, ‘জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ স্লোগানের যথার্থ প্রমাণ করেছেন সম্প্রতি। চট্টগ্রামে ১৮-দলীয় জোটের ডাকা হরতালে জাতীয়তাবাদী ছাত্রদলের বিশেষ কিছু করার থাকে না। গাড়ি ভাঙচুর, ইজিবাইক চালকের গায়ে আগুন দেওয়া, বোমা মেরে স্কুলছাত্রীর চোখ নষ্ট করে দেওয়া বা চিকিৎসাবিজ্ঞানের ছাত্রকে পঙ্গুত্বের দিকে ঠেলে দেওয়া প্রভৃতি কাজ ‘সুচারুভাবে’ সম্পন্ন করে যাচ্ছেন জামায়াত-শিবিরের কর্মীরা। জাতীয়তাবাদী দল ও তার অঙ্গসংগঠনসমূহের দায়িত্ব হচ্ছে কাজির দেউড়ি এলাকায় দলীয় কার্যালয়ের সামনের রাস্তাটিতে জড়ো হওয়া, কখনোসখনো সেখানে নেতা-নেত্রীরা হাজির হলে তাঁদের পক্ষে স্লোগান দেওয়া, নতুবা কার্যালয়ের সামনে প্রায় জনবিরল রাস্তায় দাঁড়িয়ে মাইক্রোফোনে মুখ রেখে সরকার পতনের হুমকি বা হুংকার দেওয়া। কখনোসখনো মিছিল নিয়ে নিউমার্কেট এলাকা পর্যন্ত ঘুরে আসেন এই নেতা-কর্মীরা। পুলিশও আজকাল খুব একটা বাধা না দিয়ে যানবাহন সরিয়ে মিছিলের পথ সুগম করে দেয় বলে সংবাদপত্র বা ইলেকট্রনিক মাধ্যমের জন্য উত্তেজনাকর সংবাদ বা ছবি জোটে না। সংবাদকর্মীরা তাই অনেক দিন ধরে ছাত্রদলকে বাদ দিয়ে ছাত্রলীগ-যুবলীগ, জামায়াত-শিবির এবং সদ্য জাগ্রত হেফাজতে ইসলামকেই অনুসরণ করছেন বেশি। এত দিন পর খবরে এল ছাত্রদল। প্রথমে একটি কমিটি ঘোষণা, অতঃপর সেই কমিটিকে ঘিরে প্রায় সপ্তাহব্যাপী সহিংস উত্তেজনার কারণে সংবাদমাধ্যমে উঠে আসতে পারল ছাত্রদল। ছাত্রদলের সর্বশেষ নগর কমিটি গঠিত হয়েছিল ২০০৩ সালে। প্রায় সাত বছর একই কমিটি বহাল থাকার পর ২০১০ সালের জুলাই মাসে স্থানীয় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের আয়োজন করা হয়। এতে যোগ দেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। সিদ্ধান্ত হয় ভোটাভুটির মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী সেদিন আগের কমিটির ৮১ জন সদস্য, ১১টি থানা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু কী এক অজ্ঞাত কারণে এই ভোটের ফলাফল ঘোষণা না করেই ফিরে যান কেন্দ্রীয় নেতারা। এরপর তিন-তিনটি বছর পার হয়ে গেলেও প্রকাশ করা হয়নি সেই ‘রহস্যময়’ ফলাফল। দীর্ঘদিন পর গত ২১ জুলাই কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবীবুর রশিদ স্বাক্ষরিত চট্টগ্রাম মহানগর ছাত্রদলের একটি কমিটি ঘোষণা করা হয়। ১৫১ সদস্যের কমিটি গঠনের বিধান থাকলেও (আগে ছিল ৮১ সদস্য) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মাত্র ১১ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পরপরই ক্ষোভে ফেটে পড়েন পদবঞ্চিতরা। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ শুরুতে মিছিল সমাবেশ ও মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে সীমাবদ্ধ থাকলেও পরে সহিংস হয়ে ওঠে। ক্ষোভের আগুনে যেমন পুড়েছে দলীয় কার্যালয়, তেমনি পুড়েছে নগর বিএনপির সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকাও। ছাত্রদলের বিক্ষুব্ধ অংশ কেন্দ্র ঘোষিত নতুন কমিটিকে আখ্যা দিয়েছে ‘বাবা কমিটি’ বলে। এই অভিযোগ অমূলক নয়। ঘোষিত ১১ সদস্যের কমিটিতে নিয়মিত ছাত্র আছেন মোটে একজন। অন্য সবার বয়স ৩৫-এর ওপর এবং তাঁরা বিবাহিত ও সন্তানের জনক।বাবা হয়েছেন কি না—এ প্রশ্নের জবাবে নতুন কমিটির সভাপতি গাজী সিরাজউল্লাহ বলেছেন, ‘বিয়ে করেছি। আমার সন্তানের বয়স ১৩ মাস।’ (প্রথম আলো, ২২ জুলাই) বিবাহিত ও সন্তানের জনক ১০ জনকে ছাত্রদলের কমিটিতে রাখা ঠিক হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে সিরাজউল্লাহ বলেছেন, ‘বড় দায়িত্ব পাওয়ার আশায় আমাদের আট-দশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এর ফাঁকে অনেকেই চুরি করে বিয়ে করেছেন। আমিও করেছি।’ সিরাজের এই বক্তব্যের মধ্যে একটি গভীর সত্য লুকিয়ে আছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পর পর সম্মেলন হওয়ার কথা। এই নিয়মে চললে ছাত্ররাজনীতিতে সক্রিয় ছাত্ররাই নেতৃত্বের পদ লাভ করতেন। কিন্তু নিয়মের ব্যত্যয় যখন ঘটে তখন সবখানেই ঘটে, তখন ছাত্রজীবন শেষ করেও ছাত্রনেতা থাকার খায়েশ যায় না, এমনকি বিবাহের মতো একটি বৈধ সামাজিক উৎসবকেও ‘গোপন’ রাখতে হয়!প্রশ্ন উঠতে পারে, ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষুব্ধরা দলীয় কার্যালয়ে ভাঙচুর বা অগ্নিসংযোগ ঘটানোর পাশাপাশি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের কুশপুত্তলিকা দাহ করল কেন?—এর উত্তরের মধ্যেই লুকিয়ে আছে অনেক না-বলা কথা। চট্টগ্রামে জাতীয়তাবাদী দল জন্মলগ্ন থেকে কোন্দলে জর্জরিত। ব্যারিস্টার সুলতান আহমদ ও জামাল উদ্দিন আহমদের বিরোধ মেটাতে চট্টগ্রামে এসে ১৯৮১ সালে বিপথগামী সেনাদের হাতে নিহত হয়েছিলেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এর পরও কোন্দল কিন্তু থামেনি। কখনো অলি আহমদ ও আবদুল্লাহ আল নোমান, কখনো বা নোমান-মীর নাছির, কখনো বা নোমান-আমীর খসরুর বিরোধ বহু সংঘাত-সংঘর্ষ, দুঃখজনক ঘটনার জন্ম দিয়েছে। আবার ঘটনা-পরম্পরায় শত্রুর শত্রু আমার মিত্র এই নিয়মে মেরুকরণও হয়েছে। বর্তমানে এই বিরোধের ধারাবাহিকতায় মুখোমুখি অবস্থান করছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শাহাদাত হোসেন। নগর ছাত্রদলের নতুন কমিটি শাহাদাত হোসেনের আশীর্বাদপুষ্ট বলে মনে করেন পদবঞ্চিতরা। তাঁদের দাবি, আমীর খসরু বিদেশে অবস্থানকালে কৌশলে এ রকম একটি কমিটি ঘোষণার সুযোগ নেওয়া হয়েছে। অন্যদিকে, বিক্ষুব্ধ ছাত্রদলের কর্মীদের ভাঙচুর ও অগ্নিসংযোগের পরও আবদুল্লাহ আল নোমান, মীর নাছির বা মোরশেদ খান প্রমুখ নেতার বিস্ময়কর নীরবতা প্রমাণ করে, ছাত্রদলের বিক্ষুব্ধ অংশটির প্রতি তাঁদের মৌন সমর্থন আছে। অবশ্য নগর সভাপতি হিসেবে আমীর খসরু দায়সারাভাবে ভাঙচুর-অগ্নিসংযোগের বিরোধিতা করে বলেছেন, ‘প্রতিবাদের ভাষা এ রকম হতে পারে না।’ শোনা যাচ্ছে, বিরোধ মীমাংসার উদ্যোগ অবশেষে নেওয়া হয়েছে। ১১ সদস্যের বর্তমান কমিটি বহাল রেখে বাকি ১৫১ পদের মধ্যে অধিকাংশ পদ বিদ্রোহীদের দিয়ে একটি সমঝোতা হতে পারে। তাতে আপাতত বিরোধ মিটবে হয়তো, কিছু আগুন ছাইচাপা থেকেই যাবে।আগেই বলেছি, ছাত্ররাজনীতি ও নেতৃত্ব ছাত্রদের হাতে না থাকার প্রধান কারণ নির্দিষ্ট সময়ান্তে সম্মেলন ও কমিটি গঠিত না হওয়া।বছরের পর বছর পদ ও পদবি ব্যবহার করে অছাত্র ও পরিণত বয়স্করা যখন রাজনৈতিক শক্তিকে আয়-উপার্জনের পথ হিসেবে বেছে নেন, তখন অপেক্ষাকৃত তরুণেরাও অর্থের বিনিময়ে তাঁদের সহযোগী হয়ে ওঠেন। আদর্শ বলে কিছুই থাকে না তখন, কর্মী রূপান্তরিত হয় ক্যাডারে। আওয়ামী লীগের ‘দিনবদলের সরকারের’ সবচেয়ে বড় ক্ষতি করেছে কোন সংগঠনটি? এ প্রশ্নের উত্তরে আজ অনায়াসে বলে দেওয়া যায় ছাত্রলীগের নাম। তেমনি বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া যে আজকাল ‘নতুন ধারা’র সরকারের কথা বলতে শুরু করেছেন, বড় ধরনের পরিবর্তন না এলে এই ছাত্রদলই সেই ‘ধারা’টি গতিহীন করার জন্য যথেষ্ট বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিশ্বজিৎ চৌধুরী: কবি, লেখক ও সাংবাদিক।[email protected]