পাটানিগাঁও আর ধামসীকে কোনোভাবেই প্রত্যন্ত গ্রাম বলা যাবে না। শরীয়তপুরের পালং ইউনিয়নের এই গ্রাম দুটো থেকে সদর উপজেলা পরিষদের দূরত্ব মোটে সাত কিলোমিটার। পৌরসভা কার্যালয়ের দূরত্ব আরও কম, সাড়ে ছয় কিলোমিটার। কাছে বলেই এই দুই গ্রামে থেকেই সদরের স্কুল–কলেজে পড়াশোনা করে অনেক ছাত্রছাত্রী। গ্রাম দুটি থেকে নিয়মিত জেলা সদরে গিয়ে চাকরিবাকরি করেন অনেক বাসিন্দা, চালান ব্যবসাপাতি।
গ্রাম দুটির পাশ দিয়ে চলে গেছে বুড়িরহাট-পালং সড়ক। পাকা এই সড়ক দিয়েই জেলা সদর থেকে ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা সদরে যাওয়া যায়। পাটানিগাঁও-ধামসীর লোকজনও এই সড়ক দিয়েই সদরে যাতায়াত করেন। এই সড়কেরই বৃক্ষিতলা থেকে ওই দুই গ্রাম পর্যন্ত একটা সংযোগ রাস্তা চলে গেছে। এই রাস্তাটা নিয়েই যত মুশকিল। ২০ বছর আগে সড়কটিতে ইট বিছানো হয়েছিল। পাঁচ বছরের মধ্যে সেটা নষ্ট হয়ে যায়। পরের ১৫ বছরে অবস্থাটা কী দাঁড়িয়েছে, সহজেই অনুমেয়। দেড় কিলোমিটারের এই সড়কের হাল এখন এমনই করুণ যে গাড়ি, রিকশা, ভ্যান কোনোটাই এখানে চলে না। এই জায়গাটুকুতে চলাচলের জন্য গ্রামবাসীর একমাত্র ভরসা তাই পা।
সড়কটি সংস্কার করার জন্য সাংসদ, জেলা প্রশাসক ও প্রকৌশলী—কার কাছে না ধরনা দিয়েছেন পাটানিগাঁও ও ধামসীর লোকজন। অনেক ছোটাছুটিই তাঁরা করেছেন, পেয়েছেন অনেক মৌখিক আশ্বাস, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। হতাশ হয়ে এখন হাত গুটিয়ে নিয়েছেন তাঁরা।
তবে ছোটরা এত সহজে হাল ছাড়ে না। ছোটবেলা থেকে তারাও দেখে আসছে সড়কটা ভাঙা। তাদের কাছে তো এটাই স্বাভাবিক লাগার কথা। কিন্তু সুখের কথা, তেমনটা তাদের লাগেনি। প্রতিকারের দাবিতে তাই মাঠে নেমেছে তারা। তবে রাস্তাঘাট বন্ধ করে, গাড়ি ভাঙচুর করে দাবি আদায়ের যে গতানুগতিক পন্থা আছে, সে পথে হাঁটেনি তারা। বেছে নিয়েছে অভিনব এক পন্থা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনের পাশাপাশি তারা দেয়ালে দেয়ালে লিখে দিয়েছে তাদের কষ্টের কথা।
পাটানিগাঁও ও ধামসীতে যদি আপনারা এখন যান, তাহলে দেখবেন সেখানকার ঘরবাড়ির দেয়ালে দেয়ালে লেখা ‘আমরা শিশু, আমাদের প্রতি অবহেলা কেন?’ ‘আমার বাবা ট্যাক্স দেয়, আমরা কেন সড়ক দিয়ে হেঁটে স্কুলে যেতে পারব না?’ ‘পাকা রাস্তা চাই, নিরাপদে স্কুলে যেতে চাই’ স্লোগান। যখনই কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনের লোক এখন এই রাস্তা দিয়ে যাবেন, অভিযোগের তির হয়ে তাঁর গায়ে এসে লাগবে এসব স্লোগান। তবে চামড়া মোটা হলে অবশ্য কোনো কিছুতেই কিছু আসে যায় না।