পুরান ঢাকার এক দরজি দোকানের কর্মী বিশ্বজিৎ দাসের হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট বাংলাদেশের ছাত্ররাজনীতি সম্পর্কে কিছু মন্তব্য করেছেন, যা বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। ছাত্ররাজনীতির সার্বিক অবক্ষয় অত্যন্ত হতাশাব্যঞ্জক; এ নিয়ে সমাজে গভীর অসন্তোষ আছে। কিন্তু জাতীয় রাজনীতি থেকে ছাত্ররাজনীতি কোনোভাবেই বিচ্ছিন্ন নয়, আদালতের মন্তব্যে এই প্রসঙ্গেরও উল্লেখ আছে।
আদালতের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ছাত্ররাজনীতির নামে কিছু তরুণ সংঘবদ্ধ অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছেন, তাঁদের কারণে পুরো ছাত্ররাজনীতি কলঙ্কিত হচ্ছে। এই মন্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশের অবকাশ নেই। বরং বাস্তব অবস্থা এমন যে ছাত্ররাজনীতির নামে সংঘবদ্ধ অপরাধপ্রবণতা ‘কিছু তরুণ’-এর মধ্যে সীমাবদ্ধ নেই, ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছাত্ররাজনীতির প্রধান বৈশিষ্ট্যই যেন এখন অপরাধমুখী: চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা ধরনের জবরদস্তিমূলক পন্থায় অর্থ উপার্জনসহ খুনোখুনি পর্যন্ত। নিরীহ বিশ্বজিৎ দাসের রোমহর্ষ হত্যাকাণ্ড এ কালের ছাত্ররাজনীতির নৃশংস রূপের একটা দৃষ্টান্তমাত্র।
সব সরকারের আমলে ছাত্রাবাসগুলোর প্রশাসন থেকে শুরু করে পুরো ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশে ক্ষমতাসীন রাজনৈতিক দলের অনুসারী ছাত্রসংগঠনের নেতাদের জবরদস্তিমূলক উপস্থিতি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিদ্যাপীঠের বৈশিষ্ট্য ভীষণভাবে ক্ষুণ্ন করেছে। সাধারণ শিক্ষার্থীরা তাদের কাছে অনেকটাই জিম্মি। সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণে জোর খাটানোর কথাও আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে।
আমাদের ছাত্ররাজনীতির গৌরবময় ঐতিহ্য ছিল। সেখান থেকে এতটা অবক্ষয় কী করে ঘটল, তা একটা বড় প্রশ্ন। এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের জাতীয় রাজনীতির দিকে অবশ্যই তাকাতে হবে। হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়েছে, তথাকথিত কিছু রাজনীতিবিদ নিজেদের স্বার্থে অপরাধপ্রবণ ছাত্রনেতাদের পৃষ্ঠপোষকতা করেন। আসলে এটুকু বললে সব বলা হয় না। রাজনৈতিক দলগুলো এবং তাদের নেতারা ছাত্রসংগঠনগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে আসছেন বলেই ছাত্ররাজনীতি তার স্বকীয় বৈশিষ্ট্য হারিয়ে রাজনৈতিক দলগুলোর লেজুড়ে পরিণত হয়েছে। অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনও ছাত্রসংগঠনগুলোকে ব্যবহার করে দলীয় বা উপদলীয় স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে।
জাতীয় রাজনীতির মতো ছাত্ররাজনীতিরও প্রধান আকর্ষণ এখন অর্থ, ক্ষমতা, প্রভাব ইত্যাদি। তাই তা অপরাধপ্রবণ, সহিংস ও আত্মঘাতী। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সরকারপন্থী ছাত্রলীগের নিজেদের মধ্যে হানাহানিতে প্রাণ হারিয়েছেন ৬১ জন!
ছাত্ররাজনীতিকে এই সর্বনাশা দশা থেকে মুক্ত করার উপায় কী? এই জিজ্ঞাসা প্রথমেই জাগতে হবে রাজনীতিবিদদের মনে। তাঁদের শুভবোধের প্রয়োজন সবকিছুর আগে। ছাত্র সংসদগুলোর নির্বাচন হওয়া প্রয়োজন। আর ছাত্রসমাজের সচেতন ও শুভবোধসম্পন্ন অংশটিরও এগিয়ে আসা দরকার।