ছাত্রলীগ আর কতদূর যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারের লড়াইয়ে নিজেদের মধ্যে খুনোখুনি করলেন সরকার-সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২০ জন। এর ঠিক আগের দিনই রংপুর মেডিকেল কলেজ বন্ধ করে দিতে হয়েছে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে। তিন দিন আগে কুমিল্লায় ছাত্রলীগের সভাপতি খুন হয়েছেন নিজের কর্মীদেরই হাতে। মৃত্যুর আগে তিনি বলে গেছেন, ‘নিজের লোকেরাই আমাকে শেষ করে দিয়েছে।’
হাজী দানেশে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেরাই নিজেদের ‘শেষ’ করে দেন, খুনোখুনির জন্য তাঁদের বিরোধী কোনো ছাত্রসংগঠনের সঙ্গে সংঘাতে জড়াতে হয় না। আওয়ামী লীগের গত ছয় বছরের শাসনকালে তাঁদের নিজেদের মধ্যে সংঘর্ষে কতজনের প্রাণ গেছে, অথচ ক্ষমতাসীন দল ও সরকার নির্বিকার থেকে গেছে। আগে ছাত্রসংগঠনগুলোর মধ্যে মারামারি হতো প্রতিপক্ষের সঙ্গে; কিন্তু আওয়ামী লীগের শাসন যখন নিরঙ্কুশ, তখন ছাত্রলীগ একাই নিজেদের মধ্যে রক্তপাত ঘটিয়ে চলেছে, সরকার চেয়ে চেয়ে দেখছে। ছাত্রলীগের বেলায় আইন কাজ করে না, আইনশৃঙ্খলা প্রয়োগকারী কর্তৃপক্ষ এ ক্ষেত্রে চক্ষু-কর্ণহীন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের মধ্যে রক্তপাতের ঘটনাগুলো ঘটতে পারছে বিচারহীনতার ফলে। এসবের ফলে সরকার কিংবা সরকারি দলের কোনো উপকার হয় না। বরং আইনের শাসন প্রতিষ্ঠার পথে এগুলো বিরাট বাধা হিসেবে কাজ করে। ছাত্রলীগের বিভিন্ন গ্রুপকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকেন ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতা, সাংসদ, কিংবা মন্ত্রী। ছাত্রলীগের আচরণের জন্য তাঁদের জবাবদিহির ব্যবস্থা থাকা উচিত। ঊর্ধ্বতন নেতাদের আশ্রয়-প্রশ্রয় ছাড়া ছাত্রলীগের এসব দৌরাত্ম্য সম্ভব নয়।
ছাত্রলীগের ক্ষমতার রাজনীতিতে জড়িয়ে যে সন্ত্রাসী হয়ে উঠছে বা যে পরাস্ত হয়ে প্রাণ হারাচ্ছে, উভয়ের প্রতিই দায়িত্ব রয়েছে সরকারের। মানুষ আর এসব দেখতে ও সহ্য করতে রাজি নয়। ছাত্রলীগের দৌরাত্ম্যের রাশ টানার সময় হয়েছে।