কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার প্রতিপালন বিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়ালিদ নিহাদকে মেরে হাসপাতালে পাঠিয়েছেন সেখানকার ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা হুমকি দিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ে থাকতে হলে ছাত্রলীগ করতে হবে। বাড়াবাড়ি করলে আবরারের মতো মরতে হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এই হত্যার দায়ে ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। এরপর খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ছাত্রলীগের চার নেতা-কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। দুটি ঘটনাই শিক্ষাঙ্গন তো বটেই, এর বাইরেও চাঞ্চল্য সৃষ্টি করে। তা সত্ত্বেও ছাত্রলীগের নেতা-কর্মীদের চৈতন্যোদয় ঘটেছে বলে মনে হয় না।
কেবল এই তিন বিশ্ববিদ্যালয় নয়, প্রায় প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠনের তৎপরতা নেই বললেই চলে। এরপরও ছাত্রলীগ না করলে বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না বলে হুমকি দেওয়া তাদের রাজনৈতিক দেউলিয়াত্বই প্রকাশ পেয়েছে। পত্রিকার খবর অনুযায়ী, রোববার রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ওয়ালিদ নিহাদ তাঁর এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে ৩২৪ নম্বর কক্ষে ডেকে নিয়ে যান এবং ছাত্রলীগ করার জন্য চাপ দেন। তিনি রাজি না হলে তাঁকে চড়থাপ্পড় ও ঘুষি মারা হয়। এতে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। মারধর করার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর হাতে একটি রামদা দেন এবং তাঁকে বলতে বাধ্য করেন যে ‘২০২৩ সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে,...আওয়ামী লীগ দেশে থাকতে পারবে না ইত্যাদি বলানো হয়।’ পরে এটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।
ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেদের অপরাধ ঢাকতেই যে এই নাটক সাজিয়েছেন, তাতে সন্দেহ নেই। এর মাধ্যমে তাঁরা দুটি অপরাধ করেছেন। প্রথমত, একজন সতীর্থকে মারধর করা ও হত্যার হুমকি দেওয়া। দ্বিতীয়ত, তাঁদের ওপর যাতে কেউ দোষ চাপাতে না পারে, সে জন্য রামদা কাহিনি প্রচার করা। এই স্ট্যাটাসকে পুঁজি করে যে কেউ ভুক্তভোগীর বিরুদ্ধে মামলা করতে পারবেন।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী কাণ্ড এটাই প্রথম নয়। গত তিন বছরে অন্তত ৫০ জন শিক্ষার্থী তাঁদের হাতে নিগৃহীত হয়েছেন। গত ডিসেম্বরে দোলনচাঁপা হলে প্রাধ্যক্ষের সঙ্গেও তাঁরা দুর্ব্যবহার করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টরের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করলেও মামলা হয়নি। মারধরের শিকার নিহাদ হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন মামলা করল না?
ছাত্রলীগ নামধারী যাঁরা সহপাঠীকে মারধর করেছেন এবং হত্যার হুমকি দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে হবে কর্তৃপক্ষকে। অবিলম্বে তাঁদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হোক। আমরা জানি, অপরাধের বিচার হলে ও অপরাধীরা শাস্তি পেলে তঁাদের শঙ্কিত হওয়ার কথা। কিন্তু ছাত্রলীগের ছত্রচ্ছায়ায় থাকা সন্ত্রাসীরা এতটাই বেপরোয়া যে শাস্তিও তাঁদের দুষ্কর্ম থেকে বিরত রাখতে পারছে না। ছাত্রলীগ নেতৃত্ব কীভাবে এর দায় এড়াবে?