ছাত্রলীগের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১১ ও ১২ মে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের জাতীয় সম্মেলন হয়ে গেলেও অদ্যাবধি কমিটি গঠিত না হওয়া অস্বাভাবিক। যেকোনো সংগঠনের সম্মেলন হওয়ার পরই কমিটি গঠন কিংবা নতুন নেতৃত্ব নির্বাচন হওয়া স্বাভাবিক রীতি। কেননা সম্মেলন হওয়ার সঙ্গে সঙ্গে পুরোনো কমিটি বিলুপ্ত হয়ে যায়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠনের এখতিয়ার কাউন্সিলরদের।

কিন্তু এবার ছাত্রলীগের সম্মেলনে কাউন্সিলররা নতুন নেতৃত্ব নির্বাচন না করে কমিটি গঠনের পুরো দায়িত্ব আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ওপর অর্পণ করেন। এর পেছনেও কারণ আছে। গত কয়েকটি সম্মেলনে অন্যান্য পদ না হলেও সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হতেন। পরবর্তী সময়ে তাঁরাই ঠিক করতেন বাকি পদগুলোতে কারা আসবেন। ফলে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে ঘিরে একটি সিন্ডিকেট গড়ে ওঠে।

এবার ছাত্রলীগের সম্মেলনের আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ছাত্রলীগের কমিটি নিয়ে সিন্ডিকেট চলবে না। তিনি নতুন ধারার কমিটি গঠনের কথাও বলেছিলেন। আশির দশকে ছাত্রলীগের মধ্যকার বিরোধ মেটাতে ওবায়দুল কাদেরের নেতৃত্বেই ও কে কমিশন গঠিত হয়েছিল। তাই ছাত্রলীগের বিষয়ে তাঁর বক্তব্যকে হালকা করে দেখা ঠিক হবে না। সংগঠনের নেতা-কর্মীদের প্রত্যাশা ছিল, সম্মেলনের পর দ্রুত ছাত্রলীগের কমিটি গঠিত হবে। কিন্তু বাস্তবে দেড় মাস অতিবাহিত হলেও কমিটি গঠনের কোনো লক্ষণ নেই। গণমাধ্যমের খবর অনুযায়ী, বিষয়টি এখন আওয়ামী লীগের সভানেত্রীর বিবেচনায় আছে, তিনিই ঠিক করবেন কারা নেতৃত্বে আসবেন।

ছাত্রলীগের সাবেক কমিটি ঐতিহ্যবাহী এই সংগঠনের ভাবমূর্তি ধরে রাখতে পেরেছে, সে কথা বলা যাবে না। এমনকি কমিটির অন্য সদস্যরাও বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছিলেন। ওই কমিটি নেতৃত্বে থাকাকালে ছাত্রলীগের বিভিন্ন স্তরের কমিটির নেতা-কর্মীদের মধ্যে সংঘাত–সংঘর্ষের ঘটনা ঘটেছে, ছাত্রলীগের অনেক নেতা-কর্মীকে জীবন দিতে হয়েছে। এ ছাড়া চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগও ছাত্রলীগের একশ্রেণির নেতা-কর্মীর নামে ছিল। কেন্দ্রীয় নেতৃত্ব তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিয়েছে বলে জানা নেই। তবে শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কৃত সদস্যদের সাগ্রহে পুনরায় সংগঠনে ফিরিয়ে নেওয়ার উদাহরণ আছে।

সর্বশেষ ময়মনসিংহের একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে চাঁদা চাইতে গেলে ছাত্রলীগের পাঁচজন কর্মীর গ্রেপ্তার হওয়ার খবর গণমাধ্যমে এসেছে। আওয়ামী লীগের নেতারা ছাত্রলীগকে আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলার কথা বলেন। কিন্তু ছাত্রলীগের নেতৃত্বে আদর্শবান ব্যক্তি খুঁজে বের করতে হয়তো অণুবীক্ষণ যন্ত্র লাগাতে হয়। সম্মেলন হওয়ার পর কমিটি গঠন না করে মাসের পর মাস ঝুলিয়ে রাখার উদাহরণ বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের একক এখতিয়ারে ছিল। এখন তাদের সঙ্গে ছাত্রলীগও যোগ হলো। কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠিত না হলে পুরো সংগঠনটিই স্থবির হয়ে পড়ার আশঙ্কা আছে।

আমরা আশা করব, ছাত্রলীগের নেতৃত্ব খুব শিগগির ঘোষিত হবে। এবং সেই নেতৃত্ব অতীতের গ্লানি কাটিয়ে উঠে ছাত্রদের নেতৃত্ব দিতে সক্ষম হবে। এ প্রসঙ্গে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। শিক্ষাঙ্গনে সুস্থ ও সুষ্ঠু রাজনীতির জন্য সেটি অপরিহার্য। তখন ছাত্র সংগঠনগুলোর মধ্যে কিছুটা হলেও জবাবদিহি আসবে বলে ধারণা করি।
ছাত্র সংগঠনগুলো যোগ্য, ধীমান ও আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে না পারলে জাতির ভবিষ্যৎ নেতৃত্ব যে মুখ থুবড়ে পড়বে, তাতে সন্দেহ নেই। এখনই ঘুরে দাঁড়ানোর সময়।