ছাত্রলীগের খুনের ধারাবাহিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আবারও নিহত হয়েছেন এক ছাত্র। তাপস সরকার নামের ওই ছাত্রলীগ কর্মীর মৃত্যু কেন ঠেকানো গেল না? কে নেবে এর দায়? এক মাসের কম আগে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একইভাবে ছাত্রলীগের আরেক কর্মী সহযোদ্ধাদের হাতে নিহত হন। হত্যার এই দীর্ঘ মিছিল ছাত্রলীগকে কোথায় নিয়ে যাচ্ছে, সেই হুঁশ কি সংগঠনটির নেতৃত্বের আছে?
চবির এই মৃত্যু যেন এক পূর্বঘোষিত হত্যাকাণ্ড। গত দেড় বছরে ১২ দফা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল ১৬ দিন। অবস্থা দেখে, বড় সংঘাত এড়াতে স্বয়ং প্রধানমন্ত্রী মীমাংসার উদ্যোগ নেন এবং ছাত্রলীগের চবি নেতৃত্বের প্রতি হুঁশিয়ারি জানান। চবিতে ছাত্রলীগের কমিটি পর্যন্ত বিলুপ্ত করা হয়। স্থানীয় নেতা-সাংসদেরা তাহলে কী মীমাংসা করলেন? বছরের পর বছর ধরে কেন্দ্র থেকে শাখা পর্যন্ত ছাত্রলীগ এ রকম উগ্রতা দেখিয়ে গেলেও শাস্তি হয়েছে কজনের? গতকাল সোমবারও তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘেরাও করে বুঝিয়ে দিয়েছে, তারা মানে না মানা।
প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি আমলে নিল না ছাত্রলীগটেন্ডারবাজি ও নেতৃত্বের কোন্দলে সহযোদ্ধাসহ যাকে-তাকে খুন করা এবং প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দলের সর্বাধিনায়কের হুঁশিয়ারি অমান্য করা স্পষ্ট বুঝিয়ে দেয়, ছাত্রলীগের কাছে অর্থ ও ক্ষমতাই বড়; রাজনৈতিক আদর্শ ও মানুষের জীবন সেখানে তুচ্ছ। যদি বিন্দুমাত্র সাংগঠনিক নিয়মকানুন তারা মানত এবং প্রধানমন্ত্রীর হুঁশিয়ারিকে গুরুত্ব দিত, তাহলে এভাবে জীবন যেত না, নষ্ট হতো না চবির শিক্ষার পরিবেশ।
প্রশ্ন হলো, নেতৃত্বের হাত যেখানে পৌঁছায় না, আইনের হাত সেখানে যাচ্ছে না কেন? বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এদের শাস্তি দিচ্ছে না? কেন পুলিশ তাদের আটক করে আদালতে পাঠাচ্ছে না! ছাত্রলীগের বড় অংশটাই দুর্বৃত্তপনা ও খুনোখুনি চালিয়ে যাবে, আর পুলিশ চেয়ে চেয়ে দেখবে—এ কেমন আইনের শাসন? হুঁশিয়ারি অগ্রাহ্য করে সহযোদ্ধাকে খুন করার কী বিহিত প্রধানমন্ত্রী করেন, সেটাই এখন দেখার অপেক্ষা।