ছাত্রলীগের পাল্টা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ ডিসেম্বর গাজীপুরে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের জনসভার কর্মসূচিটি পূর্বনির্ধারিত ও ঘোষিত। এ জনসভায় দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য রাখার কথা রয়েছে। সেই জনসভার স্থানে একই দিন পাল্টা বিক্ষোভ কর্মসূচি ডেকেছে সরকারি দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ। এ ধরনের পাল্টা কর্মসূচি মানেই উত্তেজনা ও সংঘাত-সহিংসতার আশঙ্কা। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য হতে পারে না।
ছাত্রলীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডেকে এই পাল্টা কর্মসূচি ঘোষণার ব্যাখ্যা দেওয়া হয়েছে। গাজীপুর জেলা ছাত্রলীগের নেতারা বলেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে সম্প্রতি তারেক রহমান যে কটূক্তি করেছেন, সে জন্য ২৭ ডিসেম্বরের মধ্যে তাঁকে ক্ষমা চাইতে হবে, তা না হলে খালেদা জিয়ার জনসভা প্রতিহত করা হবে। তাঁরা তারেক রহমানের বিরুদ্ধে মামলা করার ঘোষণাও দিয়েছেন। আমরা মনে করি, তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে যে কটূক্তি করেছেন, তার জবাব ছাত্রলীগকে রাজনৈতিকভাবেই দিতে হবে। ঘোষণা অনুযায়ী তাঁরা আইনের আশ্রয় নিতে পারেন এবং নিয়েছেনও। কিন্তু গাজীপুরে খালেদা জিয়ার জনসভাকে ‘প্রতিহত’ করার ঘোষণা কোনোভাবেই গণতান্ত্রিক-রাজনৈতিক প্রক্রিয়া হতে পারে না।
গাজীপুরে খালেদার জনসভাস্থলে পাল্টা কর্মসূচি ছাত্রলীগেরতারেক রহমানের বক্তব্যের কারণে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। রাজনৈতিকভাবেও নানা মহল থেকে তাঁর বক্তব্য প্রত্যাখ্যান ও সমালোচনা হয়েছে। এই পরিস্থিতিতে খালেদা জিয়ার জনসভা প্রতিহত করার ঘোষণা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করতে পারে। বিএনপি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, সভা–সমাবেশে বাধা এলে তারা কঠোর কর্মসূচি নেবে।
আমরা আশা করব, সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনগুলোকে এমন কর্মসূচি নিতে উৎসাহী করবে না, যাতে শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকে। দলটির উচিত হবে, ছাত্রলীগকে এ ধরনের কর্মসূচি থেকে সরে আসতে বাধ্য করা। তা না হলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে অহেতুক অশান্ত করার দায় তাদেরই নিতে হবে।