ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকের ওপর ছাত্রলীগের হামলার নিন্দার ভাষা আমাদের জানা নেই। ব্রাহ্মণবাড়িয়ার পরে বগুড়ায় যা ঘটেছে তাতে জনমনে এই সন্দেহ দানা বাঁধতেই পারে যে, নুরুল হকের জীবন হুমকির মুখে। ধারাবাহিকভাবে ঘটনা দুটো ঘটায় এই প্রশ্ন যৌক্তিক যে, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকেই কি নুরুল হককে প্রতিরোধের সংকেত দেওয়া হয়েছে? অবস্থাদৃষ্টে বিষয়টিকে কোনোভাবেই দুটি শহরের ছাত্রলীগের কতিপয় বিপথগামীদের দ্বারা বিচ্ছিন্ন সহিংস ঘটনা হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।
বাংলাদেশের রাজনীতিতে মূল্যবোধের যতই অবক্ষয় ঘটুক, ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে যতই সমস্যা থাকুক, ডাকসু নামটি এখনো মর্যাদার সঙ্গে উচ্চারিত হয়। এর পেছনে রয়েছে বাংলাদেশের জাতীয় স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের সঙ্গে ডাকসু ও তার স্বনামধন্য নেতাদের যুক্ততা ও বিশেষ অবদান। ডাকসু, মধুর ক্যানটিন, টিএসসি—এই শব্দগুলো যতটা বিশেষ্য তার চেয়ে অনেক বেশি বিশেষণ হিসেবে সমাদৃত। এই প্রতীকগুলোর ওপর আঘাত হানার সঙ্গে মুক্তিযুদ্ধের ভাবধারাকেই অবনমিত করা হয়।
ছাত্রলীগের একক নিয়ন্ত্রণে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনে বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটেছে এবং নানা অভিযোগ উঠেছে। এসব ঘটনা ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। এমন একটি নির্বাচনে ভিপি হিসেবে একজন নুরুল হকের নাটকীয় বিজয় অনেকের কাছেই ইতিবাচক ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ডাকসুর নির্বাচিতদের সঙ্গে তাঁকেও সাদর অভ্যর্থনা জানিয়েছেন। শৈশবে মাকে হারানো নুরুল হক তখন প্রধানমন্ত্রীর স্নেহের পরশ পেয়েছেন। কিন্তু সেই নুরুল হক এখন দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। ক্ষমতাসীন দলের জন্য এটা বিরাট অগ্নিপরীক্ষা। এই ঘটনা ঘটেছে এমন একটি পরিস্থিতিতে যখন ছাত্রলীগের কমিটি গঠনের পর পদবঞ্চিতদের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে সংগঠনের তরফে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিয়ে এক ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যার চেষ্টার খবরও এসেছে। এ রকম একটি পরিবেশে নুরুল হকের ওপর দুটি শহরে পরপর দুটি পদ্ধতিগত হামলা আমাদের স্তম্ভিত করেছে। দল বেঁধে প্রকাশ্যে একজন নিরস্ত্র নুরুল হককে কিল-লাথি মারা উচিত হয়েছে বলে ছাত্রলীগের ভেতরের কেউ মনে করেন কি? এমন কেউ থেকে থাকলে তঁাকে চিহ্নিত করা ছাত্রলীগের স্বার্থেই জরুরি।
রমজানে ইফতার অনুষ্ঠান আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। দুঃখজনক যে, দুটি হামলার ঘটনায় কোটাবিরোধী আন্দোলনের ডাকা দুটি ইফতার অনুষ্ঠানই পণ্ড হয়েছে। বগুড়ায় নুরুল নির্দয় প্রহারের শিকার হয়েছেন। এটাই নুরুল হকের ওপর হামলার শেষ ঘটনা, এমন মনে করার কোনো কারণ নেই। ফলে তঁার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিশ্চিত করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এটা দুর্ভাগ্যজনক যে ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ার ঘটনার প্রাথমিক বিবরণ ইঙ্গিত দিচ্ছে যে পুলিশের ভূমিকা যথাযথ ও আইনানুগ ছিল না। তারা ছাত্রলীগের হামলাকারীদের নিবৃত্ত করেনি বরং আশকারা দিয়েছে।
আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেটা দেখার বিষয়। তবে একাধিক শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় কোটাবিরোধী স্থানীয় কমিটির আহ্বায়কসহ তিন–চারজনকে পেটানো, ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৫ মিনিটের দূরত্বে তালশহরে চট্টলা এক্সপ্রেসের (নুরুল হক যাত্রী ছিলেন) প্রায় দুই ঘণ্টা থেমে থাকা, বগুড়ায় উডবার্ন লাইব্রেরি কর্তৃপক্ষের অনুমোদিত ইফতার অনুষ্ঠানে নিরাপত্তা দিতে বিমুখ থাকা এবং ইফতার অনুষ্ঠানের অনুমতি না থাকা নিয়ে পুলিশের প্রশ্ন তোলার মতো বিষয়গুলো পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয় ও পক্ষপাতদুষ্ট অবস্থানের সাক্ষ্য বহন করে।
আমরা দুই শহরে নুরুল হকের সফরকে কেন্দ্র করে হিংসার আশ্রয় নেওয়া ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে সাংগঠনিক এবং যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।