গত মঙ্গলবার রাতে রাজশাহী নগরের যে চারটি বাড়ি থেকে পুলিশ ও র্যাবের সদস্যরা বিপুলসংখ্যক ধারালো অস্ত্র, বিস্ফোরক, জিহাদি বই, প্রচারপত্র ও গোপন নথিপত্র উদ্ধার করেছেন, পুলিশের ভাষ্য অনুযায়ী সেই বাড়িগুলো ইসলামী ছাত্রশিবিরের গোপন আস্তানা। সংগঠনটি বাড়িগুলো ভাড়া নিয়ে শিক্ষার্থীদের মেস হিসেবে পরিচালনা করে। সোমবার পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীরের ওপর যাঁরা নিষ্ঠুর আক্রমণ চালিয়েছিলেন, তাঁদের কয়েকজনকেও রাজশাহী শহরের সপুরা এলাকার একটি বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁরা সবাই রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে পুলিশ দাবি করেছে। সংগঠন পরিচালনা-সম্পর্কিত যেসব নথিপত্র পুলিশ ওই বাড়িতে পেয়েছে, সেগুলো থেকে ছাত্রশিবিরের নাশকতামূলক তৎপরতার পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। দেশের অধিকাংশ ছাত্রসংগঠনের মধ্যে বল প্রয়োগ, দাঙ্গা-হাঙ্গামার প্রবণতা লক্ষ করা যায়। তারা শুধু প্রতিপক্ষ ছাত্রসংগঠনের সঙ্গেই সংঘর্ষে লিপ্ত হয় না, একই ছাত্রসংগঠনের বিভিন্ন গ্রুপের মধ্যেও বেশ সংঘাত-সংঘর্ষ হয়, এমনকি খুনোখুনিও বাদ যায় না। জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন হিসেবে পরিচিত ইসলামী ছাত্রশিবিরও সহিংসতায় কম যায় না। তারা বড় দুটি দলের দুই ছাত্রসংগঠনের থেকে বেশি সংগঠিত বলে মনে হয় এবং তাদের মধ্যে অন্তঃকোন্দলের কথা শোনা যায় না। ছাত্রশিবিরের একটি বদনাম এ রকম যে, তারা প্রতিপক্ষের হাত-পায়ের রগ কেটে দেয়। অবশ্য কয়েক মাস ধরে তাদের তৎপরতায় বাড়তি হিংস্রতা লক্ষ করা যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর চোরাগোপ্তা হামলা চালানোয় তারা অন্য সবাইকে ছাড়িয়ে গেছে। ছাত্রশিবির নিজেকে শান্তিপ্রিয় ছাত্রসংগঠন হিসেবে দাবি করে, শান্তিপূর্ণ পথে ইসলামি রাষ্ট্র ও সমাজ গঠনের অঙ্গীকারের কথা বলে। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের সহিংস নাশকতামূলক কর্মকাণ্ড বেশ লক্ষণীয় হয়ে উঠেছে—যা কোনো আদর্শভিত্তিক সংগঠনের আচরণ হতে পারে না।সংঘবদ্ধ নাশকতাবাদী পন্থা যেকোনো সংগঠনের নিজের জন্যই শেষ পর্যন্ত বিপর্যয়কর হতে বাধ্য। ছাত্রশিবিরসহ যারা সহিংসতাকেই সাফল্যের পথ মনে করছে, তারা যত দ্রুত এটা উপলব্ধি করবে, ততই মঙ্গল।