ছাত্রীকে যৌন হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের চেয়ারম্যান সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে। ছাত্রীর অভিযোগ এবং বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিয়েছে।
এর আগে গত সোমবার ওই শিক্ষককে প্রথমে শ্রেণিকক্ষে এবং পরে বিভাগীয় চেয়ারম্যানের কক্ষে তালাবদ্ধ করে রাখেন বিভাগের শিক্ষার্থীরা। ভারপ্রাপ্ত প্রক্টরের আশ্বাসে শিক্ষার্থীরা চেয়ারম্যানকে ছেড়ে দিলেও তাঁকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে আন্দোলন জারি রাখার ঘোষণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁকে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি তদন্ত কমিটি গঠন এবং কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
কর্তৃপক্ষের প্রাথমিক পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতীতে এ ধরনের ঘটনা ঘটলেও খুব কম ক্ষেত্রেই অভিযুক্তরা শাস্তি পেয়েছেন। অনেক ক্ষেত্রেই আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমনে সাময়িক বহিষ্কার করার পরই প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়া হয়; তদন্ত কমিটির রিপোর্টও প্রকাশ করা
হয় না। এসবের পুনরাবৃত্তি হবে না বলেই আমাদের বিশ্বাস। তদন্তে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবেই বহিষ্কার এবং প্রচলিত আইনে শাস্তি নিশ্চিত করতে হবে। একমাত্র শাস্তিই পারে এ ধরনের অপরাধের মাত্রা কমাতে এবং অপরাধীকে সামাজিকভাবে নিন্দিত ও ধিক্কৃত করতে।
বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যেমন মেধাবী হবেন, তেমনি তাঁর নৈতিকতার মানও হতে হবে সর্বোচ্চ। সে ক্ষেত্রে এ ধরনের ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে রাখার কোনো সুযোগ নেই। শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশের পাশাপাশি নৈতিকতার মানও সমুন্নত রাখতে হবে।