ছাড় দিতে হবে দুই পক্ষকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অধিকাংশ মানুষ যখন দুই বড় দলের মধ্যে একটা সমঝোতা প্রত্যাশা করছিলেন, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে সেই আশায় পানি ঢেলে দিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘নির্বাচন অনুষ্ঠানে সংবিধান থেকে একচুলও নড়ব না’। এর উত্তর দিতে গিয়ে বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া বলেছেন, ‘জনগণের এমন আন্দোলন হবে, আন্দোলনের বাতাসে চুল উড়ে দিশেহারা হয়ে যাবেন। চুল তো থাকবেই না, নিজেদের অস্তিত্ব নিয়েও টানাটানি পড়বে।’ দুই দলের দুই প্রধান নেত্রী যখন এ রকম কথা বলেন, তখন সাধারণ মানুষ আর ভরসা করবে কার ওপর? ভরসা শুধু একটাই, তা হলো: রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আর এসব রাজনীতিক চোখের পলক ফেলার আগেই নিজের অবস্থান পরিবর্তন করতে অভ্যস্ত। তাই দুই নেত্রীর এই হুংকারকে এতটা গুরুত্বসহকারে নেওয়া ঠিক হবে না। কারণ, সব বড় দলের অংশগ্রহণে নির্বাচন না হলে কী হতে পারে, তা আমাদের চেয়ে দুই নেত্রী ভালো জানেন। কথায় বলে, ‘পাগলও নিজের ভালো বোঝে’। কাজেই এতটা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।অনেকের আশঙ্কা, সরকার ও বিরোধী দলের মধ্যে যদি নির্বাচনী সরকারপদ্ধতি প্রশ্নে কোনো সমঝোতা না হয় এবং দাবি আদায়ের লক্ষ্যে বিএনপিসহ সব বিরোধী দল দেশব্যাপী জঙ্গি আন্দোলন গড়ে তোলে, মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ে, সরকারি ও বেসরকারি সম্পত্তি প্রতিদিন ধ্বংস হতে থাকে, স্কুল-কলেজ, ছোটবড় ব্যবসা দিনের পর দিন বন্ধ থাকে, দেশব্যাপী লাগাতার হরতাল চলতে থাকে (এগুলোই তো এ দেশের রাজনৈতিক আন্দোলনের সিলেবাস) তাহলে দেশের অবস্থা কী হবে? সরকার কি পুলিশ, বিজিবি, ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডার দিয়ে এই আন্দোলন দমাতে পারবে? অনেকের আশঙ্কা, এ রকম পরিস্থিতিতে অসাংবিধানিক কোনো শক্তি জোর করে ক্ষমতা দখল করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বারবার বলেছেন এই আশঙ্কার কথা। তিনি এমনও বলেছেন, ‘এমন কোনো শক্তি ক্ষমতা দখল করলে ১০ বছরেও তারা নির্বাচন দেবে না।’ এমন হওয়া বিচিত্র কিছু নয়। এ রকম অসাংবিধানিক শক্তি ক্ষমতা দখল করলে কে দায়ী হবে? আমাদের ধারণা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারই দায়ী হবে। কারণ, এ রকম পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই নির্বাচনী সরকার প্রশ্নে সরকারের বিরোধী দলের সঙ্গে কিছু ছাড় দিয়ে হলেও সমঝোতা করার সুযোগ ছিল। ক্ষমতাসীনদের একগুঁয়েমির কারণে তা সম্ভব না হলে অসাংবিধানিক সরকার আসতে পারে। অনেকে এ জন্য বিএনপিকেও দায়ী করতে পারে। বিএনপিও আংশিকভাবে এ জন্য দায়ী হবে। তাদেরও ‘তত্ত্বাবধায়ক’ প্রশ্নে শতভাগ অনড় না থেকে আন্দোলনের পাশাপাশি কিছু ‘ছাড়’ দেওয়ার প্রস্তাবও দেওয়া উচিত। যাতে শেখ হাসিনার সরকার তাদের মুখ রক্ষা করে বিরোধী দলের সঙ্গে একটা সমঝোতায় আসতে পারে। রাজনীতিতে সব সময় শতভাগ আদায় করার চিন্তা ঠিক নয়। কাজেই ‘তত্ত্বাবধায়ক সরকার’ প্রশ্নে আওয়ামী লীগ ও বিএনপিকে ছাড় দেওয়ার একটা প্রস্তাব এখনই চিন্তা করতে হবে। প্রথম বিকল্প, দ্বিতীয় বিকল্প, এভাবেও পরিকল্পনা করা যায়। দুই বড় দলকেই মনে রাখতে হবে, তাদের জেদের জন্য দেশের অনেক ক্ষতি হচ্ছে। এই জেদের বশে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন কিন্তু বন থেকে বাঘ বেরিয়ে আসতে পারে। দুই দলের ভুলে যাওয়ার কথা নয়, ২০০৭ সালে প্রধান উপদেষ্টা বিতর্ক ও লগি-বৈঠা আন্দোলনের ফল হিসেবে ১/১১ হয়েছিল। তখন দেশের বিরাট সংখ্যক মানুষ তাদের স্বাগত জানিয়েছিল। এবারও যদি পরিস্থিতি সীমা অতিক্রম করে যায়, জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে আবার ১/১১ হওয়া বিচিত্র কিছু নয়। দুই বড় দলের পঞ্চাশ হাজার (২৫+২৫) প্রত্যক্ষ বেনিফিশিয়ারি ছাড়া দেশের বেশির ভাগ মানুষ শান্তি ও নিরাপত্তার স্বার্থে এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানায়। গত ১/১১-এর অভিজ্ঞতা সেটাই প্রমাণ করে। (পরে অবশ্য ১/১১-এর সরকার নানা কারণে বিতর্কিত হয়েছিল।) বড় দুই দল নির্বাচনী সরকার ইস্যুতে কী ধরনের ছাড় দিতে পারে, তা নিয়ে বহু চিন্তাশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন সময় নানা প্রস্তাব দিয়েছেন। দুই দল তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি। তবু আমরা এখানে একটি ফর্মুলা তুলে ধরতে চাই। এগুলো নতুন কিছু নয়। ফর্মুলা নিয়ে গবেষণা বা আলোচনা করারও সময় দ্রুত চলে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে (সংসদে প্রতিনিধিত্বমূলক) গ্রহণযোগ্য একজন বরেণ্য ব্যক্তি একটি উপনির্বাচনে জয়ী হয়ে সরকারপ্রধান হবেন। (নির্দলীয় কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী) আগামী সংসদ নির্বাচন করবেন না বিভিন্ন দলের এমন ১৫ জন সাংসদ নিয়ে মন্ত্রিসভা গঠিত হবে। (নির্বাচিত ব্যক্তিদের মন্ত্রিসভা) জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও নির্বাচন কমিশনবিষয়ক তিনজন নির্দলীয় উপদেষ্টা গ্রহণ করা হবে। তাঁরা এই মন্ত্রণালয়/প্রতিষ্ঠান পরিচালনায় প্রধানমন্ত্রীকে পরামর্শ ও সহায়তা দেবেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের পরিবর্তন করা হবে (এতে সংবিধান কোনো বাধা হবে না)। নির্বাচন কমিশন আরপিওর প্রার্থিতা বাতিলসংক্রান্ত ধারা বহাল রাখতে হবে। নির্বাচনের ঠিক এক মাস আগে প্রতি জেলার ডিসি ও এসপিকে শুধু এক মাসের জন্য বদলি করা হবে ভিন্ন ভিন্ন জেলায়। অন্তত পাঁচটি মন্ত্রণালয়ের সচিব পদে পরিবর্তন করা হবে। আমাদের ধারণা, আওয়ামী লীগ ও বিএনপি যদি এটুকু ছাড় দেয়, তাহলে বিরোধী দলের দাবির অনেকটা পূরণ হয়। আবার সরকারের ইচ্ছা অনুযায়ী সংবিধানও বহাল থাকে। প্রস্তাবিত এই সরকার হবে নির্বাচিত ব্যক্তিদের সরকার ও সংবিধানসম্মত সরকার। ব্যক্তির অদলবদল তো সংবিধানের বিষয় নয়। এটা প্রশাসনিক সিদ্ধান্ত। তা ছাড়া সরকার যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী হয়, তাহলে কোন ব্যক্তি কোন পদে আছেন, সেটা কোনোভাবেই নির্বাচনী ইস্যু হতে পারে না। নির্বাচনের প্রধান ইস্যু ভোটার। ভোটার যেন স্বাধীনভাবে তাঁর ভোটটি দিতে পারেন। সুষ্ঠুভাবে যেন ভোট গণনা ও ফল প্রকাশ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার শুধু এটাই দেখবে। আমরা যে প্রস্তাব দিয়েছি তাতে সুষ্ঠুভাবে নিরপেক্ষ পরিবেশে নির্বাচনে বিঘ্ন হতে পারে এমন কোনো ফাঁক আছে কি? থাকলে পাঠক সেটা চিহ্নিত করুন। খুব দ্রুত। কোনো প্রস্তাব বা ফর্মুলা নিয়ে আলোচনা করারও সময় খুব কম।বিএনপির নেতাদের মধ্যে এমন একটা ধারণা হয়েছে যে নির্বাচন হলেই তাঁরা জয়লাভ করবেন। এর পেছনে কিছু বাস্তব কারণ অবশ্যই রয়েছে। তবে আগে তো নির্বাচন হতে হবে, তারপর জয়লাভের প্রশ্ন। শুধু নির্বাচন হলেই হবে না, এমন নির্বাচন হতে হবে যেখানে বিএনপি অংশগ্রহণ করতে পারে। কয়েক বছর ধরে তারা যে ‘তত্ত্বাবধায়ক’ নিয়ে আন্দোলন করছে, তার কিছুটা অন্তত পূরণ না হলে বিএনপির পক্ষে নির্বাচনে যাওয়া হয়তো সম্ভব হবে না। কাজেই সবার অংশগ্রহণে নির্বাচন চাইলে সরকারি দল ও বিরোধী দলকে কিছু ছাড় দেওয়ার চিন্তা করতে হবে। এ ব্যাপারে বিএনপিকেও উদারতা দেখাতে হবে। নির্বাচনের বদলে যদি অবাঞ্ছিত কোনো শক্তি ক্ষমতা দখল করে, তাহলে বিএনপির জয়লাভের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এ ক্ষেত্রে আওয়ামী লীগ বা শেখ হাসিনার লোকসান হবে কম। কারণ, নির্বাচনে তাদের জয়ের সম্ভাবনা কম। অনুকূল পরিস্থিতি সত্ত্বেও বিএনপি ক্ষমতায় আসতে পারেনি—এটা তাদের সান্ত্বনা হবে। কাজেই তত্ত্বাবধায়ক ইস্যুতে আন্দোলনের পাশাপাশি কিছুটা ছাড় দিয়ে সরকারের সঙ্গে সমঝোতার ব্যাপারে বিএনপি আগ্রহী হলে দলটিই লাভবান হবে।আওয়ামী লীগ তথা বর্তমান সরকারকেও ছাড় দিতে হবে প্রধানত তাদের স্বার্থে। এ রকম সমঝোতার ভিত্তিতে নির্বাচন হলে আওয়ামী লীগ আবার জিততেও পারে। সরকারের দাবি, ‘তারা দেশে এত উন্নয়ন করেছে যে জনগণ তাদের আবার জয়ী করবে।’ এই সুযোগটাও নেওয়া দরকার। নির্বাচনী সরকার তো বিএনপি প্রভাবিত সরকার হচ্ছে না। তাহলে এই ফর্মুলা মানতে সমস্যা কোথায়? যদি সরকার জেদ করে একতরফা নির্বাচন করে, তাহলে সেই সরকার যে বেশি দিন টিকতে পারবে না, তা অনুমান করা কঠিন নয়। আর এই দ্বন্দ্বের সুযোগে যদি তৃতীয় পক্ষ ঢুকে পড়ে, তাহলে অভিযোগ বা মামলা—সব উঠবে সরকারের বিরুদ্ধে। তারাই ক্ষমতায় আছে। কাজেই সমঝোতা করে সুষ্ঠু নির্বাচন করতে পারলেই আওয়ামী লীগের জন্য ভালো হবে। সবাইকে মনে রাখতে বলি, সরকার, ক্ষমতাসীন জোট ও বিএনপিসহ অন্যান্য বিরোধী দল যদি নির্বাচনী সরকার নিয়ে সমঝোতায় আসতে ব্যর্থ হয়, তাহলে রাজনীতিবিদদের কপালে অনেক দুর্ভোগ আছে। ১/১১-এর অভিজ্ঞতা ও বাজারের নানা গুজব বিবেচনায় এনে দুই পক্ষ সর্বোচ্চ ছাড় দিয়ে একটা সমঝোতায় আসবে—দেশপ্রেমিক ও গণতন্ত্রমনা প্রত্যেক নাগরিকের আজ এটাই প্রত্যাশা।মুহাম্মদ জাহাঙ্গীর: উন্নয়ন ও মিডিয়াকর্মী।