ছিটমহলে জনগণনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মধ্যে থাকা ভারতীয় ছিটমহলগুলো বাংলাদেশের এবং ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ছিটমহলগুলো ভারতীয় ভূখণ্ডে একীভূত হওয়ার আগে সেসব এলাকায় এখন জনগণনা শুরু হয়েছে। এর মধ্য দিয়ে এসব ভূখণ্ডের জনগণ কে কোন দেশের বাসিন্দা হতে চান, তা বেছে নেওয়ার সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে এ ছিটমহলগুলোর বাসিন্দারা যেভাবে বসবাস করে আসছিলেন, তাতে এ প্রক্রিয়াটি শেষ করতে নানা সমস্যা দেখা দিতে পারে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা ছিটমহলগুলোর বাসিন্দারা জীবিকার কারণে দুই দেশের নানা স্থানে ছড়িয়ে আছেন। জনগণনার সময় তাঁদের অনেকেই হাজির থাকতে পারবেন না। ফলে জনগণনার সঙ্গে সংশ্লিষ্টদের এসব আমলে
নিতে হবে। আর যাঁরা এক ভূখণ্ড ছেড়ে অন্য ভূখণ্ডে যাবেন, তাঁদের জমিজমা বা সম্পত্তি তাঁরা কীভাবে বিক্রি বা হস্তান্তর করবেন, তা নিয়ে বাসিন্দাদের মধ্যে সংশয় রয়েছে বলে জানিয়েছেন জনগণনার সময় একটি ছিটমহল ঘুরে আসা আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি।
১৬২ ছিটমহলে আজ শুরু হচ্ছে জনগণনাছিটমহলগুলোতে জমি বা সহায়-সম্পত্তি রয়েছে অথবা ভোগদখল করছেন এমন অনেকেরই যথাযথ কাগজপত্র নেই। এসব জায়গা বা সম্পত্তি কীভাবে বিক্রি বা হস্তান্তর করা যাবে, তা নিয়ে ছিটমহলবাসীর মধ্যে রয়েছে নানা দ্বিধাদ্বন্দ্ব। প্রশাসনের উচিত এ বিষয়গুলো পরিষ্কার করা। এ ধরনের পরিস্থিতিতে নানা স্বার্থান্বেষী গোষ্ঠীর সক্রিয় হয়ে ওঠার সুযোগ তৈরি হয়। তাই ছিটমহলবাসীর অধিকার রক্ষায় প্রশাসনের বাড়তি মনোযোগ জরুরি।
জনগণনার জন্য ছিটমহলগুলোতে যেসব স্থান নির্ধারণ করা হয়েছে, তা নিয়েও সেখানকার অনেক বাসিন্দার তরফে আপত্তি উঠেছে। গোষ্ঠীস্বার্থ বিবেচনায় নিয়েই এসব হয়েছে বলে ছিটমহলবাসীদের অনেকে অভিযোগ করেছেন। বাসিন্দারা যদি নির্ধারিত স্থানে গিয়ে জনগণনায় অংশ না নেন, তবে প্রক্রিয়াটি আরও জটিল হবে।
আমার আশা করব স্থানীয় প্রশাসন বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, যাতে ছিটমহলগুলোর বাসিন্দাদের সব ধরনের সংশয় ও আশঙ্কা দূর হয় এবং কেউ যাতে বঞ্চনা, অনিয়ম বা হয়রানির শিকার না হন।