ছিনতাই ও গৃহবধূ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূ আয়েশার মৃত্যু হয়েছিল মর্মান্তিকভাবে। রিকশা দিয়ে যাওয়ার সময় রাজধানীর সোবহানবাগে ছিনতাইকারীরা মাইক্রোবাস থেকে তাঁর ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে যান, এবং রাস্তায় ছেঁচড়ে তঁার মৃত্যু হয়। এ ঘটনার প্রায় ১৩ দিন পর দু–তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের এ উদ্যোগ ও তৎপরতাকে সাধুবাদ জানাই। তবে এ বিষয়ে পুলিশের আগেই তৎপর হওয়ার সুযোগ ছিল এবং সেটা করলে এ ধরনের ঘটনাগুলো এড়ানো যেত।
দুজন ছিনতাইকারীর সঙ্গে পুলিশ তৃতীয় যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, তিনি ছিনতাইকারীদের কাছে প্রতিদিন সকালে দুই ঘণ্টার জন্য মাইক্রোবাস ভাড়া দিতেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে। ঢাকা শহরে রিকশাযাত্রী নারীদের ব্যাগ টান দেওয়া নতুন কিছু নয়। এই বিষয়টি পুলিশের, অন্তত গোয়েন্দা শাখার অজানা থাকার কথা নয়। প্রতিদিন সকালে দুই ঘণ্টার জন্য মাইক্রোবাস ভাড়া নিয়ে দিনের পর দিন তারা এ ঘটনা ঘটাচ্ছে অথচ গৃহবধূ আয়েশার করুণ মৃত্যুর আগে তারা কেউই ধরা পড়েনি।
টেনেহিঁচড়েই মেরে ফেলল তাঁকে!প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীরা জানিয়েছে, সেদিন সকালে তারা মিরপুর থেকে বিমানবন্দর পর্যন্ত গিয়ে প্রথমে ছিনতাইয়ের কোনো শিকার খুঁজে পায়নি। পরে নিউমার্কেট থেকে গাবতলী যাওয়ার পথে তারা এ ঘটনা ঘটায়। এর অর্থ দাঁড়াচ্ছে সকালে দীর্ঘ সময় ধরে ছিনতাইকারীরা ঢাকার দীর্ঘ পথে শিকারের আশায় ঘোরাঘুরি করেছে। রাস্তায় এত টহল পুলিশ, চেকপোস্ট—এসব কী কাজে দিচ্ছে কে জানে!
আয়েশা হত্যার ঘটনায় জড়িত ছিনতাইকারীদের আটক করার মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো যে পুলিশ তৎপর ও উদ্যোগী হলে অপরাধীদের ধরা সম্ভব। তবে আমরা চাই পুলিশ বা গোয়েন্দা সংস্থা আগে থেকেই তৎপর ও সতর্ক থাকুক, এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নিক, যাতে আয়েশার মতো এমন পরিণতি আর কারও না হয়।